বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব বৃষ্টির সঙ্গে সাময়িকভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মৌসুমি বায়ু তুলনামূলকভাবে কম সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি বায়ুর প্রভাবও দুর্বল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য এলাকা থেকেও মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে বর্ষার শেষভাগে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে কয়েক দিন বৃষ্টির প্রবণতা থাকলেও সামগ্রিকভাবে মৌসুমি বায়ুর প্রভাব কমে আসছে।












