অস্ট্রেলিয়ায় এক সহকর্মীর রান্না করা তরকারিতে শামুক মারার বিষ মেশানোর অভিযোগে ৪৩ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েক মাসের তদন্ত শেষে পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ তাঁর বিরুদ্ধে অন্য ব্যক্তির জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ এনেছে। আগামী ৫ নভেম্বর তাঁকে আদালতে হাজির করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ৫৮ বছর বয়সী এক নারী তাঁর সহকর্মীদের জন্য তরকারি রান্না করেন। সকালে কর্মবিরতির সময় সহকর্মীরা মিলে সেই খাবার খান। দুপুরে অবশিষ্ট তরকারি খেতে গিয়ে ওই নারী খাবারের মধ্যে উজ্জ্বল সবুজ রঙের দানাদার পদার্থ দেখতে পান। খাবারটি মুখে দেওয়ার পর তাঁর জিহ্বাও অবশ হয়ে আসতে থাকে।
বিষাক্ত পদার্থ শনাক্ত হওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ওই নারী তরকারিটি গোয়েন্দাদের হাতে তুলে দেন। পরীক্ষায় খাবারের মধ্যে শামুক মারার বিষাক্ত দানা পাওয়া যায়। এতে মেটালডিহাইড নামের একটি বিষাক্ত রাসায়নিক উপাদান ছিল।
রাসায়নিক সংরক্ষণের ঘরে যাওয়ার অভিযোগ
পুলিশের অভিযোগ, অভিযুক্ত নারী খাবারে বিষ মেশানোর ঘটনার আগে রাসায়নিক পদার্থ সংরক্ষণের একটি ঘরে গিয়েছিলেন। পরে তিনি সেই কর্মীদের বিশ্রামকক্ষে ফিরে আসেন, যেখানে তরকারিটি রাখা ছিল।
অভিযুক্ত নারী ভুক্তভোগীর সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তসংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযুক্তের নামও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার কোল ব্লাঞ্চ সাংবাদিকদের বলেন, মেটালডিহাইড মারাত্মক শারীরিক ক্ষতি করতে পারে, এমনকি প্রাণহানির কারণও হতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নেটওয়ার্কের বরাতে তিনি বলেন, তরকারির স্বাদ নেওয়ার পর ওই নারী খাবারে অস্বাভাবিক কিছু বুঝতে পেরেছিলেন—এটি তাঁদের জন্য বড় স্বস্তির বিষয়।
ঘটনাটি নিয়ে কয়েক মাস তদন্তের পর অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ৫ নভেম্বর আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।












