তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার (১৮ অক্টোবর) রাতে উড়োজাহাজটিতে ৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্যসহ মোট ৫৭ জন ছিলেন। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করলেও পরে সেটিতে তল্লাশি শুরু হয়।
অস্ট্রিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট ওএস৮২ তেল আবিব থেকে ভিয়েনার উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজটির বিরুদ্ধে হুমকি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।

এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। তল্লাশি শেষ হলে যাত্রীদের বিকল্প ফ্লাইটে ভিয়েনায় পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, রোমানিয়ার সীমান্তের কাছে উড়োজাহাজটি থাকা অবস্থায় ক্রুরা বোমা হামলার হুমকির সংকেত পাওয়ার কথা জানান। এরপর উড়োজাহাজটি সোফিয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদন অনুযায়ী, অবতরণের আগপর্যন্ত একটি সামরিক যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়।
তবে হুমকির উৎস, এর বিশ্বাসযোগ্যতা কিংবা উড়োজাহাজে কোনো বিস্ফোরক পাওয়া গেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।












