লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন অনিয়মিতভাবে অবস্থান করা ১৭৪ বাংলাদেশি। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ত্রিপোলি থেকে বুরাক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।
লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। এ কাজে সমন্বয় করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়ায়
ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়ায় গিয়েছিলেন বলে জানা গেছে। তাঁদের উদ্দেশ্য ছিল সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পৌঁছানো। তবে লিবিয়ায় অবস্থানকালে তাঁদের অনেকেই বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আইওএমের প্রতিনিধিরা।
কর্তৃপক্ষের পক্ষ থেকে ফেরত আসা বাংলাদেশিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অনিয়মিত পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করতে তাঁদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফেরত আসাদের সহায়তা আইওএমের
দেশে ফিরে আসা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াত খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে আইওএম। প্রয়োজন অনুযায়ী সাময়িক আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ মিশন এবং আইওএম। আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই এই সমন্বিত উদ্যোগের লক্ষ্য।












