যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরিয়ান (২৭) নামে এক জুতা বিক্রেতা। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে জনপদ মোড় এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।
আরিয়ান পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় থাকতেন। রাজধানীর ফুটপাতে জুতা বিক্রি করে সংসার চালাতেন।
স্বজন সোহাগ মিয়া জানান, প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে দুর্ঘটনার শিকার হন আরিয়ান। গাড়িটি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
সোহাগ মিয়া আরও জানান, পথচারীরা আরিয়ানের মোবাইল ফোন ব্যবহার করে তাঁকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। প্রথমে আরিয়ানকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত আরিয়ানের পরিবারে নেমে এসেছে শোক। প্রায় এক বছর আগে মিম নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁর স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুতে অনাগত সন্তানকে নিয়ে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত আরিয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।












