রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন। বিস্ফোরণের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানার সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সেখানে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় অবস্থিত।
আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিসিটিভিতে বিস্ফোরণের দৃশ্য
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত রমজানের শরীরে আগুন ধরে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।












