ভারতের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যান্ড ফার্মার দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বিক্রি বাড়ায় গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে ৫৮ দশমিক ৩ শতাংশ।
শুক্রবার প্রকাশিত আর্থিক হিসাবে দেখা গেছে, সেপ্টেম্বর শেষে তিন মাসে গ্ল্যান্ড ফার্মার সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ২৯১ কোটি রুপি। গত বছরের একই সময়ে মুনাফা ছিল ১৮৪ কোটি রুপি। বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ২৭৫ কোটি রুপি।
হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানটির মোট আয়ের অর্ধেকের বেশি আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। দ্বিতীয় প্রান্তিকে দেশটিতে তাদের বিক্রি বেড়েছে ৪২ শতাংশ। একই সময়ে ইউরোপের বাজারে বিক্রি বেড়েছে ৩০ শতাংশ।
আয়ও ছাড়িয়েছে পূর্বাভাস
মুনাফার পাশাপাশি গ্ল্যান্ড ফার্মার মোট আয়ও বেড়েছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় আয় ২৩ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৪ কোটি রুপি। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১ হাজার ৭৫৯ কোটি রুপি।
২০২৫ সালের শেষ দিকে ফ্রান্স ও বেলজিয়ামে প্রতিষ্ঠানটির সেনেক্সি ইউনিটগুলোতে উৎপাদন পরিস্থিতির উন্নতি হয়। ওই কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় আগের বছরের বেশির ভাগ সময় প্রতিষ্ঠানটির আর্থিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছিল। উৎপাদন স্বাভাবিক হওয়ার পর থেকে গ্ল্যান্ড ফার্মার আর্থিক ফল ধারাবাহিকভাবে উন্নত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার চাপ
তবে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় ওষুধ প্রস্তুতকারকদের জন্য প্রতিযোগিতা এখনো বড় চ্যালেঞ্জ। গ্ল্যান্ড ফার্মাসহ দেশটির বেশ কয়েকটি জেনেরিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেখানে তীব্র প্রতিযোগিতার কারণে ওষুধের দাম নির্ধারণে সীমিত ক্ষমতার মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের বাজার থেকে বড় অংশের আয় আসে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিপলা ও ডক্টর রেড্ডিসও রয়েছে। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এই দুই প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে বিক্রির প্রবৃদ্ধি তুলনামূলকভাবে দুর্বল ছিল।












