লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান। সে উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুস সাকিব সাজিব জানান, সকালে বুড়িমারীগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে হাবিবুর ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।












