জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী একই পরিবারের শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাসের এক শিশুও রয়েছে।
জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন—স্বামী, স্ত্রী ও আট মাসের এক শিশুকন্যা। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০) ও তাঁদের আট মাসের মেয়ে রিফা। অন্য নিহত ব্যক্তি মেলান্দহ উপজেলার বরকতউল্লাহর ছেলে লিখন (৪৫)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, শিমুলতলী থেকে জামালপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
আহত ব্যক্তিদের প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে লিখনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পালানোর চেষ্টা করার সময় তাঁরা চালককেও ধরে ফেলেন।












