লাতিন আমেরিকা সফরে এখন আর্জেন্টিনায় আছেন পোপ চতুর্দশ লিও। ১২ দিনের এই সফর শুরু হয়েছে ৬ নভেম্বর, শেষ হবে ১৭ নভেম্বর। তিন দেশের মোট ১০টি শহরে যাওয়ার কথা তাঁর।
ভ্যাটিকান জানিয়েছে, সফরে তিনি সরকারি কর্মকর্তা, ভিন্ন ধর্মের নেতা, বন্দি ও শ্রমিকদের সঙ্গে দেখা করবেন। ১০টি প্রকাশ্য প্রার্থনাসভা বা ম্যাস হবে। তরুণদের নিয়ে তিনটি রাতের প্রার্থনা অনুষ্ঠানও থাকছে।
উরুগুয়ের পর আর্জেন্টিনা
সফরের প্রথম ধাপ ছিল উরুগুয়ে। ৬ থেকে ৮ নভেম্বর তিনি মন্টেভিডিও, পাইসান্দু ও ফ্লোরিদা শহরে ছিলেন। ১৯৮৮ সালে পোপ দ্বিতীয় জন পলের সফরের পর এটাই উরুগুয়েতে কোনো পোপের প্রথম সফর।
৮ নভেম্বর তিনি আর্জেন্টিনায় পৌঁছান। দেশটিতে ১১ নভেম্বর পর্যন্ত থাকবেন। বুয়েনস আইরেস, কর্দোবা ও লুজান শহরে তাঁর কর্মসূচি আছে। ১৯৮৭ সালের পর আর্জেন্টিনায় এটাই কোনো পোপের প্রথম সফর। দেশটি প্রয়াত পোপ ফ্রান্সিসের জন্মভূমি। কিন্তু ১২ বছরের পোপ-জীবনে তিনি একবারও সেখানে ফেরেননি।
মঙ্গলবার সন্ধ্যায় বুয়েনস আইরেসে তরুণদের নিয়ে রাতের প্রার্থনা অনুষ্ঠান রাখা হয়েছে। ১১ নভেম্বর সকালে লুজানের বাসিলিকায় আর্জেন্টিনার শেষ ম্যাস পরিচালনা করবেন তিনি। এরপর বিকেল ২টায় বুয়েনস আইরেস ছাড়বেন।
পেরুতে সবচেয়ে দীর্ঘ ধাপ
সফরের শেষ ও সবচেয়ে দীর্ঘ ধাপ পেরুতে। ১১ থেকে ১৭ নভেম্বর তিনি লিমা, চিক্লায়ো, কুস্কো ও পুকাল্পা শহরে যাবেন। ১১ নভেম্বর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় তাঁর লিমায় পৌঁছানোর কথা।
পেরুর সঙ্গে পোপ লিওর সম্পর্ক ব্যক্তিগত। ১৯৮০-এর দশকে তিনি মিশনারি হিসেবে সেখানে যান। পরে সেখানেই বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি পেরুর নাগরিকত্বও নেন। ১৬ নভেম্বর সফরের শেষ দিনে তিনি সকালে নানদের পরিচালিত একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করবেন। এরপর লাস পালমাস বিমানঘাঁটিতে সফরের শেষ ম্যাস অনুষ্ঠিত হবে।










