হবিগঞ্জে বাউল গান ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে এসব আয়োজনের ওপর নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব নির্দেশনা দেন হুইপ।
সভায় জি কে গউছ বলেন, হবিগঞ্জের মানুষ গ্রাম্য গান-বাজনা পছন্দ করেন না। সম্ভব হলে পুরো জেলায়, অন্যথায় অন্তত তাঁর নির্বাচনী এলাকায় বাউল গান ও গান-বাজনার আয়োজন বন্ধ রাখতে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে যাতে অশ্লীলতা ছড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে। এ ধরনের আয়োজনের অনুমতি দেওয়ার আগে সেখানকার পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়ারও নির্দেশ দেন তিনি।
চোরাই মালামাল কেনাবেচায় নজরদারির নির্দেশ
শহরে চুরি ও চোরাই মালামাল কেনাবেচা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হুইপ। তিনি বলেন, চুরি করা মালামাল কোনো না কোনো জায়গায় বিক্রি হয়। বিশেষ করে ভাঙারি দোকানগুলোতে এসব মালামাল কেনাবেচা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এ কাজে জড়িত দোকান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করার আহ্বানও জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের হোটেল ও রেস্তোরাঁয় আড্ডা দেওয়ার বিষয়টি নিয়েও সভায় আলোচনা হয়।
শহর রক্ষা বাঁধ ও হাসপাতালের ওষুধ বিতরণ
শহরের অবকাঠামো ও নিরাপত্তার বিষয়েও কয়েকটি নির্দেশনা দেন হুইপ। শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে এর আশপাশে কোনো বালুমহাল ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের জনবল, সরঞ্জাম ও অন্যান্য সক্ষমতার ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
হাসপাতালে সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। স্টোরকিপার ও সংশ্লিষ্ট কমিটির সদস্যদের উপস্থিতিতে নিয়ম মেনে ওষুধ বিতরণের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, পুলিশ সুপার তারেক মাহমুদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।











