ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য বিরোধের জেরে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।
গ্রেপ্তার নারীর নাম মোসা. রত্না (৩৫)। নিহত স্বামী মো. হারুনের বয়স ৩২ বছর। সোমবার (৯ নভেম্বর) উত্তরা পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ এসব তথ্য জানান।
তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর আশুলিয়া থানার মরিচকাটা এলাকায় জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘরের তালা খুলে হারুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা বেগম বাদী হয়ে হারুনের স্ত্রী রত্নাকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।
ঘুমের মধ্যে শিল দিয়ে আঘাত
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিয়ে নিয়ে হারুন ও রত্নার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত ৩১ অক্টোবর রাতে দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়।
অভিযোগ অনুযায়ী, ১ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে হারুন ঘুমিয়ে থাকাকালে রত্না শিল দিয়ে তাঁর মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। হত্যার পর ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।
যেভাবে গ্রেপ্তার হন রত্না
পিবিআই জানায়, গত ৬ নভেম্বর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নিহত হারুনের ব্যবহৃত সিমসহ একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
পরে ৭ নভেম্বর পিবিআই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তারের পর রত্না আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পিবিআই।










