দেশের ভেতরে কিংবা সীমান্তের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে সংসদে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদে বিরোধী দলের নেতারা সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানালে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভেতরে, দেশের বাইরে কিংবা যৌথভাবে কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাই প্রতিশ্রুতিবদ্ধ।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরে সরকারের কাছে স্পষ্ট বক্তব্য দাবি করেন। তাঁদের অভিযোগ, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা বাড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে পতিত ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সীমান্তের বাইরে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সহায়তায় দেশের ভেতরে তাদের সহযোগীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রপ্তানিমুখী শিল্প খাতে অস্থিরতা তৈরির জন্য দেশি-বিদেশি অর্থায়নে একটি পরিকল্পনা করা হয়েছিল। সরকার সেই চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। বাহিনীর কয়েকজন সদস্য আহত হলেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। উসকানি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুল করানোর চেষ্টা হয়েছিল, যাতে সেই ঘটনাকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা তৈরি করা যায়। তবে সরকার সতর্ক থাকায় সে সুযোগ তৈরি হয়নি।
শিল্প খাতে স্থিতিশীলতার আশ্বাস
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার মালিক, শ্রমিক নেতা ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে।
তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদী শক্তির সহযোগী, এমনকি কয়েকজন কারখানার মালিকও শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সংসদে তিনি কারখানার মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। শিল্প খাতে অস্থিরতা তৈরির যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবিলা করবে সরকার।
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মঙ্গলবারের হরতাল কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মসূচির ঘোষণা মাঝেমধ্যে দেখা গেলেও রাজপথে তার দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত বাস ও গাড়িতে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় বিস্তারিত বক্তব্য দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের উদ্বেগ
এর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতির অভিযোগ তোলেন।
তিনি আর্মি গলফ ক্লাব, স্পেশাল ব্রাঞ্চের কার্যালয়ের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টানা তিন দিন ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন। সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক উপত্যকাকে কেন্দ্র করে উত্তেজনা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও তুলে ধরেন তিনি।
শফিকুর রহমান বলেন, এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে এবং কাদের গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্ট নয়। জনগণ উদ্বিগ্ন ও আতঙ্কিত উল্লেখ করে তিনি পরিস্থিতির দায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর দেন।
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিরোধী দল নীরব থাকবে না বলেও সতর্ক করেন তিনি। তবে সরকার সহযোগিতা চাইলে বিরোধী দল তা আন্তরিকভাবে বিবেচনা করবে বলে জানান। একই সঙ্গে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হওয়া ফ্যাসিবাদ যেন দেশে আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বাসে আগুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা এবং বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করেন।
নাহিদ ইসলামের অভিযোগ, গত সাত মাস ধরে বিরোধী দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিষয়টি তুলে ধরলেও কার্যকর অগ্রগতি দেখা যায়নি। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সক্রিয়তা থাকলেও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগের একজন সংসদ সদস্য কীভাবে দেশে ফিরে কর্মসূচি পালন করে আবার চলে যেতে পারলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ।











