ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী পরাজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মূল্যবৃদ্ধি, সরকারি দুর্নীতি, কর্তৃত্ববাদী প্রবণতা এবং ইরানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ নিয়ে জনঅসন্তোষ ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই জয় পেয়েছে। এমনকি সিনেটের কয়েকটি আসনেও তারা বিজয়ী হয়েছে, যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে দলটির জয় ছিল বিরল ঘটনা।
তবে এই ফলাফলকে শুধু ট্রাম্পের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখলে বড় একটি সুযোগ হাতছাড়া হবে। যুক্তরাষ্ট্রের বর্তমান সংকটের শিকড় কোনো একজন প্রেসিডেন্টের আচরণে সীমাবদ্ধ নয়। এর ভিত্তি রয়েছে দেশটির দীর্ঘদিনের সামরিক আধিপত্য, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বর্ণবাদী দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্টের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার মধ্যেও। ট্রাম্পের বিদায়ের পরও এসব কাঠামো অক্ষত থাকলে একই ধরনের সংকট অন্য কোনো নেতৃত্বের অধীনে ফিরে আসতে পারে।
নির্বাচনের পর রিপাবলিকান শিবিরে ইরান যুদ্ধের দায় এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্বাচনে পরাজয়ের জন্য যুদ্ধকে দায়ী করছেন। ট্রাম্পও নির্বাচনের দিন ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করার পরিকল্পনার কথা বলেছেন। তবে তিনি স্বীকার করেছেন, বিরোধীদের সমালোচনার সুযোগ কমাতেই এমন ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথকে দায়ী করার প্রবণতাও তৈরি হয়েছে। ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর জর্জ ডব্লিউ বুশের প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডকে সরিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে এর মিল রয়েছে।
কিন্তু একজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া কিংবা যুদ্ধ নিয়ে অবস্থান বদলানোর ঘোষণা দিয়ে মূল সমস্যার সমাধান হবে না। ট্রাম্প ক্ষমতায় না থাকলেও মার্কিন প্রেসিডেন্টের হাতে যুদ্ধ শুরু করার বিপজ্জনক ক্ষমতা থেকে যাবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিও বহাল থাকবে। অভিবাসন ও সীমান্তরক্ষী বাহিনীর মতো সংস্থাগুলোর ক্ষমতার অপব্যবহার নিয়েও প্রশ্ন থেকে যাবে। তাই ভোটারদের সামনে এখন বড় প্রশ্ন—তাঁরা কি শুধু ট্রাম্পের রাজনৈতিক ধারাকে প্রত্যাখ্যান করবেন, নাকি প্রেসিডেন্টের হাতে থাকা অতিরিক্ত ক্ষমতা কমানোর দাবিও তুলবেন?
যুদ্ধের মূল্য দিচ্ছে সাধারণ মানুষ

প্রায় ছয় দশক আগে মার্টিন লুথার কিং জুনিয়র ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার গভীর সমস্যাগুলো সামনে এনেছিলেন। তাঁর বক্তব্য ছিল, শুধু যুদ্ধ বন্ধ করলেই চলবে না; যুদ্ধকে সম্ভব করে তোলা বর্ণবাদ, অতিরিক্ত ভোগবাদ এবং সামরিক আধিপত্যের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
কিং তখন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের দারিদ্র্যবিরোধী কর্মসূচিতে সম্ভাবনা দেখেছিলেন। কিন্তু ভিয়েতনাম যুদ্ধ ক্রমেই বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের জন্য নেওয়া কর্মসূচিগুলো পিছিয়ে পড়ে। যুদ্ধের পেছনে বিপুল অর্থ, রাজনৈতিক মনোযোগ ও রাষ্ট্রীয় সক্ষমতা ব্যয় হওয়ায় সামাজিক উন্নয়নের উদ্যোগগুলো প্রয়োজনীয় সমর্থন হারায়। কিং উপলব্ধি করেছিলেন, ভিয়েতনামের যুদ্ধ শুধু বিদেশের মানুষের জন্য বিপর্যয় নয়; যুক্তরাষ্ট্রের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের পথেও তা বাধা।
বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছিলেন জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি, খাদ্য, সার, ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বন্ধকী ঋণসহ অন্যান্য ঋণের সুদের হারও বেশি।
জ্বালানির দাম ও সুদের হারের অনিশ্চয়তা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা কঠিন করে তুলছে। নতুন শাখা খোলা, যন্ত্রপাতি কেনা কিংবা অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনায়। অর্থাৎ যুদ্ধের ব্যয় শুধু সরকারি বাজেটের হিসাবেই সীমাবদ্ধ থাকছে না; সাধারণ মানুষের আয়, ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করছে।
এর মধ্যেই সামরিক খাতে আরও অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল প্রায় ৯৫৪ বিলিয়ন ডলার। ২০২৭ সালের জন্য প্রস্তাব করা হয়েছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট। একই সময়ে অভ্যন্তরীণ বিভিন্ন কর্মসূচিতে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রশ্ন হলো, প্রায় এক ট্রিলিয়ন ডলারের সামরিক ব্যয় দিয়েও যে যুদ্ধ মানুষের জীবনযাত্রাকে আরও ব্যয়বহুল করেছে, সেখানে আরও ৫০০ বিলিয়ন ডলার যোগ করলে সাধারণ মানুষের পরিস্থিতি কীভাবে উন্নত হবে? সামরিক শক্তি বাড়ানোর যুক্তি দিতে গিয়ে নাগরিকদের দৈনন্দিন সংকটকে উপেক্ষা করা হলে রাষ্ট্রের অগ্রাধিকার নিয়েই প্রশ্ন উঠবে।
অন্য দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কার?
যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের ইতিহাস ট্রাম্পের রাজনৈতিক উত্থানের অনেক আগের। ১৯৫৩ সালে ইরানের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় দেশটির ভূমিকা ছিল। পরে ভিয়েতনাম যুদ্ধ, ইরাক ও আফগানিস্তানে সামরিক অভিযান এবং গাজায় ধ্বংসযজ্ঞে ব্যবহৃত অস্ত্র সরবরাহের মতো ঘটনাও মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হয়েছে।
লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকারকে দুর্বল করা, স্বৈরশাসকদের সমর্থন দেওয়া এবং অন্য দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও দীর্ঘদিনের। এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের প্রশাসনই কোনো না কোনোভাবে যুক্ত ছিল।
এই নীতির পেছনে একটি মৌলিক ধারণা কাজ করেছে: যুক্তরাষ্ট্র যেন অন্য দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের বিশেষ অধিকার রাখে। অন্য কোনো দেশ সামরিক আগ্রাসন চালালে বা অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে ওয়াশিংটন তার সমালোচনা করে। কিন্তু একই ধরনের কাজ যুক্তরাষ্ট্র করলে সেটিকে অনেক সময় গণতন্ত্র প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা কিংবা স্বাধীনতার পক্ষে পদক্ষেপ হিসেবে উপস্থাপন করা হয়।
এখানেই মার্কিন পররাষ্ট্রনীতির বড় বৈপরীত্য। কোনো দেশের জনগণ যদি বাইরের হস্তক্ষেপ না চায়, তবু তাদের স্বার্থ রক্ষার যুক্তিতে সেই হস্তক্ষেপ চালানো হয়। অথচ গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অন্য দেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অধিকার সীমিত করা নিজেই গণতান্ত্রিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
বর্ণবাদী দৃষ্টিভঙ্গির প্রভাব দেশের ভেতরেও
মার্কিন সামরিক আধিপত্যের সঙ্গে বর্ণবাদী মানসিকতার সম্পর্কও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের মুসলিমপ্রধান দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা দরিদ্র দেশগুলো নিয়ে অবমাননাকর মন্তব্য এই প্রবণতাকে প্রকাশ্যে এনেছে। তবে অন্য জনগোষ্ঠীর জীবন ও অধিকারকে কম গুরুত্ব দেওয়ার ধারণা মার্কিন নীতিতে নতুন নয়।

এই দৃষ্টিভঙ্গি শুধু বিদেশের মানুষের প্রতি আচরণেই সীমাবদ্ধ থাকে না। দেশের ভেতরেও এর প্রভাব দেখা যায়। অভিবাসী অধ্যুষিত এলাকায় অভিবাসন ও সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অভিযান, বিক্ষোভকারীদের শত্রু হিসেবে বিবেচনা করা এবং মার্কিন শহরগুলোতে সেনা মোতায়েনের মতো ঘটনা রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
কোনো জনগোষ্ঠী, জাতিসত্তা বা রাজনৈতিক মতাদর্শকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রবণতা দীর্ঘদিনের। ট্রাম্প প্রশাসনের বিশেষত্ব হলো, এই কঠোরতাকে আড়াল করার বদলে প্রকাশ্যে রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা।
প্রেসিডেন্টের হাতে এত ক্ষমতা থাকা কি নিরাপদ?
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার আরেকটি মৌলিক সমস্যা হলো প্রেসিডেন্টের হাতে বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত থাকা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রয়েছে। এ জন্য অন্য কোনো কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়। একজন ব্যক্তির হাতে এমন বিধ্বংসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক প্রয়োজন।
লেখক ও গবেষক এলেইন স্ক্যারি এই ব্যবস্থাকে ‘পারমাণবিক রাজতন্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচিত একজন ব্যক্তির হাতে এমন ক্ষমতা রয়েছে, যা ব্যবহারের ক্ষেত্রে কার্যকর সম্মিলিত অনুমোদনের বাধ্যবাধকতা নেই। প্রেসিডেন্ট পরিবর্তন হলেও এই কাঠামো বদলায় না।
পারমাণবিক অস্ত্রের বিষয়টি এই ক্ষমতার সবচেয়ে স্পষ্ট উদাহরণ। তবে সরকারের অর্থায়ন ও প্রশাসনিক ক্ষমতাও রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হতে পারে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা, লাখো মানুষের স্বাস্থ্যসেবা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেই অর্থায়ন বন্ধের হুমকি দিয়ে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক দাবি মানতে বাধ্য করা কিংবা মতপ্রকাশের কারণে অলাভজনক প্রতিষ্ঠানকে চাপে রাখার ঘটনা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা দুর্বল করে।
এর প্রভাব ধীরে ধীরে সমাজের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বক্তব্য দেওয়ার আগে সতর্ক হন। ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষমতাসীনদের অনুগ্রহ পাওয়ার চেষ্টা করে। কংগ্রেস সদস্যরা নিজ দলের প্রেসিডেন্টের বিরোধিতা এড়িয়ে যান। সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোও নীরব থাকার পথ বেছে নেয়। ক্ষমতা শুধু যারা ব্যবহার করেন, তাদেরই দুর্নীতিগ্রস্ত করে না; যারা সেই ক্ষমতার ওপর নির্ভরশীল, তাদের স্বাধীনতাও সীমিত করে।
যুদ্ধ রাষ্ট্রকে শক্তিশালী করে, নাগরিককে অনিরাপদ
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতাদের একজন জেমস ম্যাডিসন সতর্ক করেছিলেন, অবিরাম যুদ্ধের মধ্যে কোনো দেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারে না। যুদ্ধ নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ায় এবং দুর্নীতির সুযোগ তৈরি করে। অর্থাৎ সামরিক সংঘাত রাষ্ট্রকে আরও শক্তিশালী করলেও সাধারণ নাগরিকের নিরাপত্তা ও স্বাধীনতা কমিয়ে দিতে পারে।
মার্টিন লুথার কিং জুনিয়রও ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করতে গিয়ে বলেছিলেন, যে দেশ বছরের পর বছর সামাজিক উন্নয়নের কর্মসূচির চেয়ে সামরিক প্রতিরক্ষায় বেশি অর্থ ব্যয় করে, সে দেশ নৈতিক অবক্ষয়ের দিকে এগিয়ে যায়।

প্রায় ছয় দশক পরও যুক্তরাষ্ট্র একই ধরনের সিদ্ধান্তের মুখোমুখি। একদিকে সামরিক ব্যয় বাড়ছে, অন্যদিকে নাগরিকদের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের নামে রাষ্ট্রের ক্ষমতা বিস্তৃত হচ্ছে, অথচ সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।
সাম্প্রতিক নির্বাচন নতুন কংগ্রেসকে এই পরিস্থিতি বদলানোর সুযোগ দিয়েছে। ইরান যুদ্ধের যৌক্তিকতা ও সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা, যুদ্ধ ও সামরিক ব্যয়ের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা, প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতায় সীমা আরোপ এবং রাজনৈতিক কারণে সরকারি অর্থায়ন বন্ধের বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়া—এসব উদ্যোগ নেওয়া সম্ভব।
তবে শুধু আইন প্রণয়নই যথেষ্ট হবে না। যুদ্ধ, দুর্নীতি, নাগরিক স্বাধীনতা এবং জীবনযাত্রার ব্যয়কে বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে। কারণ এসব সংকটের মধ্যে যোগসূত্র রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং সেই ক্ষমতার ওপর কার নিয়ন্ত্রণ রয়েছে—এই প্রশ্নে।
ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করাই যথেষ্ট হতো না, যদি যুক্তরাষ্ট্র পরে একই ধরনের সামরিক হস্তক্ষেপ অন্য কোথাও চালিয়ে যেত। একইভাবে ট্রাম্পের পরাজয়ও যথেষ্ট নয়, যদি তাঁর হাতে থাকা ক্ষমতার কাঠামো পরবর্তী প্রেসিডেন্টের জন্য অক্ষত রাখা হয়।
যুক্তরাষ্ট্রের সামনে তাই শুধু নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রশ্ন নেই। প্রয়োজন এমন এক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে যুদ্ধের সিদ্ধান্ত একক ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করবে না, সামরিক ব্যয়ের জবাবদিহি থাকবে এবং রাষ্ট্রীয় অর্থায়ন রাজনৈতিক আনুগত্য আদায়ের হাতিয়ার হতে পারবে না। পরবর্তী ট্রাম্প ক্ষমতায় আসার অপেক্ষা না করেই এই বিপদের মোকাবিলা করা জরুরি।












