রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছাকাছি এলাকায় শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আটক তিন যুবককে প্রথমে আটক করে পুলিশে দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নেতা। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেছেন তিনি।
আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাঁদের মধ্যে সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ওয়েস্টিন হোটেলের সামনে স্লোগান
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনেন।
বিষয়টি শুনে তিনি গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল দেখতে পান। পরে যুবকদের পরিচয় জানতে চাইলে তাঁদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।
আবদুর রহিমের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
মদ্যপ অবস্থায় স্লোগান দেওয়ার দাবি
আটক তিন যুবক জিজ্ঞাসাবাদের সময় দাবি করেন, তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। সে কারণে না বুঝেই শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তাঁরা দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান আবদুর রহিম।
ঘটনার পর সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। কয়েকজন আটক যুবকদের ঘিরে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাঁদের থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনেছেন। পরে তাঁদের কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখেন। এ সময় অন্য একজনকে দৌড়ে তাঁদের ধরার চেষ্টা করতেও দেখেছেন তিনি।
নিয়মিত মামলা দেওয়ার কথা পুলিশের
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর দিবাগত রাত ৩টার দিকে তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। তবে কোন অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।
আটক তিন যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।












