পাকিস্তানের তারবেলা বাঁধের পঞ্চম সম্প্রসারণ জলবিদ্যুৎ প্রকল্পের (টি-৫) নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ও একটি সুড়ঙ্গে পানি প্রবেশ করেছে। খননকাজের সময় পাথরের দুর্বল একটি অংশ ধসে পড়ার পর সোমবার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পরপরই প্রকল্পে কর্মরত সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা)।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রকল্পের সংযোগ সুড়ঙ্গের দ্বিতীয় ধাপের খননকাজ চলার সময় পাথরের একটি অংশ ভেঙে পড়ে। এরপর পানি প্রবেশের গর্ত বা ইনটেক পিট থেকে সুড়ঙ্গ হয়ে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পানি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সব শ্রমিককে সরিয়ে নেওয়া হয়।
পানি নিষ্কাশন শুরু, পরিস্থিতি পর্যবেক্ষণে কর্মকর্তারা
ওয়াপদার একজন মুখপাত্র জানিয়েছেন, ইনটেক পিট থেকে জমে থাকা পানি সম্পূর্ণ নিষ্কাশন করা হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকেও পানি সরানোর কাজ শুরু হয়েছে। প্রকল্পের ভাটির দিকের কর্মস্থলগুলোতে নতুন করে পানি প্রবেশ বন্ধ হয়েছে।
তিনি আরও জানান, ওয়াপদার জ্যেষ্ঠ কর্মকর্তা, পরামর্শক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করছেন। প্রকল্পের সামনে কোনো ধরনের চ্যালেঞ্জ তৈরি হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রকল্পের পাঁচ নম্বর সুড়ঙ্গ ধসে পড়ার খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে ওয়াপদা। সংস্থাটির দাবি, প্রকল্পের মূল সুড়ঙ্গ, নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র, টেইল রেস কালভার্ট এবং সুইচইয়ার্ডের কোনো ক্ষতি হয়নি।
বাঁধের সুরক্ষা বাঁধের অংশ ভেঙে পড়ার দাবি
অন্যদিকে, হারিপুরের উপকমিশনার জানিয়েছেন, টি-৫ প্রকল্পের পানি প্রবেশপথে একটি গার্ডার পড়ে সুরক্ষা বাঁধের একাংশ ভেঙে যায়।
তিনি জানান, প্রকল্পে কর্মরত পাকিস্তানি ও বিদেশি সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সুড়ঙ্গে পানিতে ডুবে যাওয়া একজন স্থানীয় শ্রমিককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।
তবে দুর্ঘটনার পর হারিপুরে অবস্থিত তারবেলা টি-৫ প্রকল্পের নির্মাণকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সিন্ধু নদে পানিপ্রবাহ নিয়ে সতর্কতা
এদিকে, তারবেলা বাঁধের ভাটির দিকে সিন্ধু নদে পানি ছাড়ার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওয়াপদা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনরাত ২৪ ঘণ্টা নদীতে পানিপ্রবাহ ১ লাখ ৫০ হাজার কিউসেকের বেশি থাকবে। এ পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।












