পাকিস্তানের চলচ্চিত্র অভিনেত্রী মীরার ছোট বোন শায়েস্তা আব্বাস ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে লন্ডনে মারা গেছেন। বোনের অসুস্থতার শেষ সময়ে তাঁর পাশে থাকার জন্য একাধিকবার যুক্তরাজ্যের ভিসা চেয়েও পাননি মীরা। মানবিক বিবেচনায় বারবার আবেদন করেও ব্রিটিশ কর্তৃপক্ষের অনুমতি না মেলায় বোনকে শেষবারের মতো দেখার সুযোগও হয়নি তাঁর।
নিউইয়র্ক থেকে জিও নিউজকে মীরা জানান, কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর লন্ডনের একটি হাসপাতালে শায়েস্তার মৃত্যু হয়েছে। বোনের মৃত্যুতে তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন। অসুস্থতার অবনতি হলে মানবিক কারণে ভিসা দেওয়ার জন্য বারবার আবেদন করলেও ব্রিটিশ হাইকমিশন তা মঞ্জুর করেনি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
দুই মাস হাসপাতালে ছিলেন শায়েস্তা
মীরা ও শায়েস্তার আরেক বোন ইউরোপপ্রবাসী আকসা আব্বাস জানান, গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শায়েস্তা। এর আগে প্রায় এক বছর ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবার অসুস্থ হয়ে পড়তেন তিনি।
অসুস্থতার সময় শায়েস্তার পাশে ছিলেন আকসা, তাঁদের মা শাফকাত জাহরা বুখারি এবং পাকিস্তান থেকে লন্ডনে যাওয়া তাঁদের ভাই। তবে বারবার চেষ্টা করেও যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি না পাওয়ায় মীরা পরিবারের সঙ্গে যোগ দিতে পারেননি।
শায়েস্তা ছিলেন একক মা। মৃত্যুর সময় তিনি রেখে গেছেন তাঁর ছোট্ট এক কন্যাসন্তান। বোনের মৃত্যুর পর শিশুটিকে দত্তক নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মীরা।
পরিবারের দায়িত্ব নিয়েছিলেন মীরা
২০২৫ সালের ফেব্রুয়ারিতে লন্ডনে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শায়েস্তা পরিবারের জন্য মীরার ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেছিলেন।
শায়েস্তা জানান, তাঁদের বাবা মারা যাওয়ার সময় তাঁর বয়স ছিল মাত্র ছয় বছর। পরিবারের বড় সন্তান হিসেবে তখন থেকেই মীরাকে সংসারের দায়িত্ব নিতে হয়। মায়ের দেখাশোনা, ভাইবোনদের পড়াশোনার খরচ বহন এবং তাঁদের যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেন তিনি।
শায়েস্তার ভাষ্য অনুযায়ী, লন্ডনে পরিবারের বাড়ি কেনার খরচও বহন করেছিলেন মীরা। আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণেও ছোট বোনকে আর্থিক সহায়তা দিয়েছিলেন তিনি।
প্রথমে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা শুরু করলেও পরে যুক্তরাজ্যে আইন বিষয়ে পড়াশোনা করেন শায়েস্তা। একসময় পেশাগতভাবে প্রতিষ্ঠিত আইনজীবী হয়ে ওঠেন। পরিবারের আর্থিক ও মানসিক শক্তির প্রধান উৎস ছিলেন মীরা। এ কারণে তাঁরা মীরাকে অনেকটা অভিভাবকের মতো মনে করতেন।
তবে পেশা নিয়ে দুই বোনের মধ্যে মতপার্থক্য ছিল। মীরা চাইতেন, শায়েস্তা পাকিস্তানে ফিরে অভিনয়জগতে যুক্ত হন। কিন্তু শায়েস্তার আগ্রহ ছিল লন্ডনে থেকে আইন পেশায় নিজের অবস্থান তৈরি করা। যদিও পাকিস্তানি টেলিভিশন নাটক ‘সিপ’-এ অভিনয় করেছিলেন তিনি।
ভিসা জটিলতায় আটকে যায় যুক্তরাজ্য যাত্রা
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অভিবাসনসংক্রান্ত একটি ঘটনার পর মীরার ওপর যুক্তরাজ্যে প্রবেশে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তাঁর পরিবারের দাবি, ইংরেজিতে জিজ্ঞাসাবাদের সময় ভুল বোঝাবুঝি থেকেই ওই জটিলতার সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও নতুন করে ভিসার আবেদন প্রত্যাখ্যাত হয়। একটি ভ্রমণ সংস্থার ভুল তথ্য জমা দেওয়ার কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ আবেদনে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ তোলে।
২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়টের কাছে প্রকাশ্যে আবেদন জানান মীরা। বোনের ক্যানসারের চিকিৎসা চলছে জানিয়ে তিনি ভিসার আবেদনটি যথাযথভাবে বিবেচনার অনুরোধ করেন।
শেষ মুহূর্তেও পূরণ হয়নি বোনের পাশে থাকার আকাঙ্ক্ষা
২০২৬ সালের সেপ্টেম্বরে শায়েস্তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে আবারও ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে মানবিক বিবেচনায় ভিসার আবেদন করেন মীরা। নিউইয়র্ক থেকে তিনি জানান, তাঁর বোন ক্যানসারের শেষ পর্যায়ে রয়েছেন। পরিবারের সঙ্গে লন্ডনে থাকতে এবং অসুস্থ বোনের পাশে দাঁড়াতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বোনকে নিয়ে আবেগঘন বার্তা প্রকাশ করেন মীরা। শায়েস্তার আইনজীবী হওয়ার সংগ্রাম, তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং পারিবারিক স্মৃতির কথা তুলে ধরেন তিনি। একটি বার্তায় বোনের কাছ থেকে আবার ‘বাজি’ (বড় বোন) ডাক শোনার আকাঙ্ক্ষার কথাও জানান।
কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শায়েস্তার মৃত্যুর আগে যুক্তরাজ্যে পৌঁছাতে পারেননি মীরা। লন্ডনেই তাঁকে সমাহিত করা হবে।












