জাপানের জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকের আয়োজনে জাপান প্রাইজ ২০২৬-এর প্রপোজাল পিচ বিভাগের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি প্রামাণ্যচিত্র প্রকল্প। প্রকল্প দুটি হলো ‘খুদি বাড়ি’ এবং ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’। এই পর্বে মোট ছয়টি প্রকল্প উঠেছে। বাংলাদেশের দুটি ছাড়া বাকি চারটি ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়ার।
‘খুদি বাড়ি’র নির্মাতা স্বাধীন চলচ্চিত্রকার মো. হাসানুল হক জ্যাকি। প্রামাণ্যচিত্রের বিষয় চর ও নদীতীরের মানুষের জীবন, যেখানে বন্যা ও নদীভাঙনে বারবার ঘর হারান পরিবারগুলো। কেন্দ্রে আছেন ঝর্ণা নামে এক চরবাসী। তাঁর জন্য স্থপতি মেরিনা তাবাসসুম ছোট ও কম খরচের এমন একটি ঘরের নকশা করেছেন, যা সহজে বানানো যায় এবং দুর্যোগের পর অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব আর স্থায়ী বসতির লড়াই এখানে মূল প্রসঙ্গ। জ্যাকি এর আগে ‘দ্য স্টোরি অব দ্য ডিউ’ নামের প্রামাণ্যচিত্রের জন্য স্বীকৃতি পেয়েছেন।
‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’ বানাচ্ছেন মাহফুজা আক্তার। এটি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ নারীর ব্যান্ড ‘এফ মাইনর’কে নিয়ে। তাঁদের ব্যক্তিজীবন, গান, ব্যান্ড হিসেবে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা এবং স্বাধীন জীবন ও ক্যারিয়ার গড়তে তরুণ নারীদের চ্যালেঞ্জ উঠে এসেছে প্রকল্পে। মাহফুজা রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টারের ফেলোশিপ পেয়েছেন। জার্মানির প্রিক্স জিউনেস ফাউন্ডেশনের একটি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন। কালার্স অব এশিয়া (২০১৭), ওয়ান এশিয়া (২০১৮) ও পিএমএ গ্লোবাল গ্র্যান্ট (২০১৯)-এর মতো স্বীকৃতিও আছে তাঁর।
জাপান প্রাইজ ফেস্টিভ্যাল হবে টোকিওতে, ১৬ থেকে ১৯ নভেম্বর। প্রপোজাল পিচের বিজয়ী ঘোষণা করা হবে উৎসবের শেষ দিনের পুরস্কার অনুষ্ঠানে। এবার ৫৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ৪১৩টি কনটেন্ট ও প্রস্তাবনা জমা পড়েছিল। এনএইচকে ১৯৬৫ সাল থেকে শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণে উৎসাহ দিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে আসছে। প্রপোজাল পিচ বিভাগের লক্ষ্য সীমিত বাজেট ও প্রযুক্তিগত সুবিধার দেশগুলোর নির্মাতাদের নতুন প্রকল্প এগিয়ে নিতে সহায়তা করা।
বাংলাদেশের নির্মাতাদের জন্য এটি নিজেদের গল্প আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার বড় সুযোগ। চরের মানুষের টিকে থাকার লড়াই আর নারীদের গানের মাধ্যমে নিজের পরিচয় গড়ার চেষ্টা, দুটি গল্পই এখন আন্তর্জাতিক বিচারকদের সামনে যাচ্ছে। ফল ঘোষণার অপেক্ষায় থাকবেন দেশের নির্মাতা ও দর্শকরা।











