বিশ্বখ্যাত রক ব্যান্ড রাশের নতুন ড্রামার হিসেবে যোগ দেওয়ার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জার্মান সংগীতশিল্পী আনিকা নিলেস। কিংবদন্তি ড্রামার নিল পিয়ার্টের মৃত্যুর পর ব্যান্ডটির সংগীতযাত্রায় নতুন অধ্যায় শুরু হয়েছে তাঁকে ঘিরে। জটিল ড্রাম বাজানোর দক্ষতা, অসাধারণ শারীরিক সক্ষমতা এবং মঞ্চে প্রাণবন্ত উপস্থিতি দিয়ে ইতিমধ্যে রাশের ভক্তদের মন জয় করেছেন তিনি।
গত জুনে শুরু হওয়া রাশের ‘ফিফটি সামথিং ট্যুর’-এ যোগ দেন ৪৩ বছর বয়সী আনিকা। শুরুতে উত্তর আমেরিকার ২৩টি কনসার্টের পরিকল্পনা থাকলেও দর্শকদের ব্যাপক আগ্রহে সফরের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ৯২টি কনসার্টে। আগামী এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে চলবে এই সফর।
নিল পিয়ার্টের জায়গায় নতুন দায়িত্ব
২০২০ সালে নিল পিয়ার্টের মৃত্যুর পর রাশের আবার মঞ্চে ফেরার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু গিটারিস্ট অ্যালেক্স লাইফসন এবং গায়ক, বেজবাদক ও কিবোর্ডশিল্পী গেডি লির সঙ্গে নতুন করে যাত্রা শুরু করেছেন আনিকা।
প্রথম কনসার্টের অভিজ্ঞতা ছিল তাঁর জন্য বিশেষ চ্যালেঞ্জের। মঞ্চে ওঠার আগে থেকেই দর্শকদের দিকে না তাকানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনকি ড্রাম বাজানোর জায়গার পাশে প্রয়াত নিল পিয়ার্টের ব্যবহৃত এক জোড়া ড্রামস্টিক রাখা হয়েছিল, যা এখনো প্রতিটি কনসার্টে রাখা হয়।
প্রথম গান ‘জানাডু’ বাজানোর সময় পুরো মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন আনিকা। মঞ্চে ওঠার আগে ৪৫ মিনিট শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও ধ্যানও করেছিলেন তিনি।
আনিকা বলেন, প্রথম দুটি গান ভালোভাবে শেষ হওয়ার পর তাঁর আত্মবিশ্বাস বাড়তে থাকে। পুরো ব্যান্ডের সদস্যরাও ধীরে ধীরে স্বচ্ছন্দ হয়ে ওঠেন।
তিন ঘণ্টার কনসার্টের জন্য কঠোর প্রস্তুতি
রাশের কনসার্টে প্রায় তিন ঘণ্টা ধরে ড্রাম বাজাতে হয় আনিকাকে। মাঝখানে ২০ মিনিটের বিরতি থাকলেও পুরো পরিবেশনায় প্রয়োজন হয় অসাধারণ শারীরিক শক্তি ও সহনশীলতা।
প্রথম ১০ থেকে ১৫টি কনসার্টে বিরতির সময়ও তিনি পরবর্তী অংশের গান অনুশীলন করতেন। একই সঙ্গে পেশির উষ্ণতা ধরে রাখতে মঞ্চের পেছনে ড্রাম বাজাতেন।
শারীরিক সক্ষমতা ধরে রাখতে নিয়মিত ব্যায়াম করেন আনিকা। ৪৫ পাউন্ড ওজনের ডাম্বেল দিয়ে কাঁধের শক্তি বাড়ান, পাশাপাশি শরীরের মধ্যভাগের পেশি ও বাহুর পেশি শক্তিশালী করতে বিভিন্ন ব্যায়াম করেন। সাধারণত এক দিন পরপর তাঁর শরীরচর্চা চলে। তবে দৌড়ানো বা কার্ডিও ব্যায়ামে তাঁর আগ্রহ নেই।
প্রতিটি কনসার্ট শেষে একজন ফিজিওথেরাপিস্ট তাঁর বাহুর পেশিতে কাজ করেন। কারণ দীর্ঘ সময় ড্রাম বাজানোর কারণে কখনো কখনো তাঁর হাতের পেশিতে ক্লান্তি ও টান তৈরি হয়।
লাস ভেগাসের স্পিয়ারে পাঁচটি কনসার্ট
রাশের চলমান সফরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বিখ্যাত স্পিয়ার ভেন্যুতে পাঁচটি বিশেষ কনসার্টের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।
আগামী ২১, ২৩, ২৬, ২৮ ও ৩০ মে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘এলিভেট ফ্রম দ্য নর্ম’ নামে আয়োজিত এই পরিবেশনায় ভক্তদের পছন্দের গান ও ব্যান্ডটির জনপ্রিয় সংগীত পরিবেশন করা হবে।
আনিকার কাছে এই আয়োজন বিশেষ আকর্ষণীয়। এর আগে তিনি মাত্র একবার লাস ভেগাসে গিয়েছিলেন। তবে স্পিয়ারে মেটালিকা, ইউটু ও নো ডাউটের পরিবেশনার ভিডিও দেখে নতুন অভিজ্ঞতার জন্য আগ্রহী হয়ে উঠেছেন।
ব্যান্ডের সংগীত পরিকল্পনায় গেডি লির ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি। আনিকার মতে, গেডি পুরো আয়োজনের পরিকল্পনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
‘আনিকাস অ্যান্টিকস’ মাতাচ্ছে দর্শকদের
রাশের কনসার্টে শুধু জটিল ড্রাম বাজানো নয়, আনিকার মজার কাণ্ডকারখানাও দর্শকদের বাড়তি আনন্দ দিচ্ছে। ‘ওয়ার্কিং ম্যান’ গানটির শেষ অংশে তাঁর বিচিত্র অঙ্গভঙ্গি ও তাৎক্ষণিক কৌতুকপূর্ণ কর্মকাণ্ড ভক্তদের কাছে ‘আনিকাস অ্যান্টিকস’ নামে পরিচিতি পেয়েছে।
কখনো ডেট্রয়েটে মঞ্চে দাঁড়িয়ে চিপস খেয়েছেন, কখনো মন্ট্রিয়লে ব্যাগেট রুটিকে ড্রামস্টিক হিসেবে ব্যবহার করেছেন। ওয়াশিংটনে গিটার হাতে নিয়ে অ্যালেক্স লাইফসনকে মজা করে বিরক্তও করেছেন।
২০২৫ সালে টরন্টোয় সফরের মহড়ার সময় গেডি লি ও অ্যালেক্স লাইফসন তাঁকে মঞ্চে কিছুটা মজা করার পরামর্শ দিয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন নিজের মতো করে কনসার্টে আনন্দের পরিবেশ তৈরি করছেন আনিকা।
বিশ্বখ্যাত ড্রামার, পাশাপাশি শিক্ষক
আন্তর্জাতিক সংগীতজগতে পরিচিতি পাওয়ার আগেও আনিকার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। মাত্র ১২ বছর বয়স থেকে ড্রাম শেখানো শুরু করেন তিনি। নিজের সংগীত রচনা ও বিভিন্ন শিল্পীর সঙ্গে সফরের পাশাপাশি জার্মানির পপাকাডেমি বাডেন-ভুর্টেমবার্গে ড্রাম বিভাগের দায়িত্বও পালন করেছেন।
বিশ্ব সফরে থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন তিনি। অনলাইনে তাঁদের সঙ্গে কথা বলেন এবং পাঠ্যক্রম তৈরির কাজও চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে ক্লাস নেওয়ার জন্য বিকল্প শিক্ষকের ব্যবস্থাও করেন।
প্রতিদিন হোটেলকক্ষে ড্রাম অনুশীলন করে পরবর্তী কনসার্টের প্রস্তুতি নেন আনিকা। শুরুতে দর্শকদের দিকে তাকাতে না চাইলেও এখন মঞ্চ থেকে তাঁদের দিকে তাকান। তবে তাঁর ভাষায়, দর্শকদের মধ্যে যারা বাতাসে ড্রাম বাজানোর ভঙ্গি করেন, তাঁদের উপেক্ষা করতেই হয়।












