পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাতের আঁধারে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়েছে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা ও চোখের চিকিৎসা করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে (১০-১১ নভেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার পিআইএমএসের প্রশাসনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে আনার পর ইমরান খানের শারীরিক পরীক্ষা করা হয়। এ সময় তাঁর চোখের চিকিৎসার ফলোআপও সম্পন্ন হয়েছে।
চোখে বিশেষ ইনজেকশন
চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে ইমরান খানের চোখে অ্যান্টি-ভিইজিএফ (অ্যান্টি-ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর) ইনজেকশন দেওয়া হয়। হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক দল এ প্রক্রিয়া সম্পন্ন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার সময় ইমরান খানের গুরুত্বপূর্ণ শারীরিক সূচকগুলো স্বাভাবিক ছিল। তাঁর সামগ্রিক শারীরিক অবস্থা সন্তোষজনক ও স্থিতিশীল পাওয়া গেছে।
কারা সূত্র জানায়, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা ও পরীক্ষা শেষে একই ধরনের নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই তিনি ইমরান খানের হাসপাতালে নেওয়ার খবর জানতে পেরেছেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের ১৮ আগস্টের নির্দেশনা অনুযায়ী শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করে চিকিৎসক বোর্ড গঠনের আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোহর বলেন, দুঃখজনকভাবে প্রায় তিন মাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। ইমরান খানকে অবিলম্বে শিফা হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
কারাগারে আইনজীবীদের সাক্ষাতের নির্দেশ
ইমরান খানের হাসপাতালে নেওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এর আগের দিন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) আদিয়ালা কারাগারে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে আইনজীবী লতিফ খোসা ও সালমান সাফদারকে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।
আদালতের শুনানিতে অ্যাটর্নি জেনারেল জানান, আপিলের পরবর্তী শুনানিতে যুক্তিতর্ক শুরু করার বিষয়ে নিশ্চয়তা দিলে তাঁদের সাক্ষাতের ব্যবস্থা করা যেতে পারে।
ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় দেওয়া দণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ দোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।
ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত এ মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানা করেন। তাঁর স্ত্রী বুশরা বিবিকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ রুপি জরিমানা।
মঙ্গলবারের শুনানিতে আইনজীবী লতিফ খোসা আদালতকে জানান, তিনি একাধিকবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আবেদন করলেও অনুমতি পাননি। তিনি পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে অন্তত এক ঘণ্টা সাক্ষাতের সুযোগ চান। পরে আদালত ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেলকে ইমরান ও বুশরা বিবির সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যবস্থা করতে নির্দেশ দেন।
ইমরানের আরেক আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদারও নতুন করে সাক্ষাতের আবেদন জানান। তিনি বলেন, এর আগে ইমরানের সঙ্গে সাক্ষাতে মামলার বিষয়ে কিছু নির্দেশনা পাওয়া গেলেও তা যথেষ্ট ছিল না।
সালমান সাফদার আরও জানান, ইমরান খান তাঁকে বলেছেন, তাঁর দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হয়েছে। তবে রক্তচাপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছিলেন তিনি।












