মহাকাশকে একসময় মানবজাতির সম্মিলিত জ্ঞানচর্চা, বৈজ্ঞানিক অনুসন্ধান ও অগ্রগতির ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হতো। পৃথিবীর সীমানা ছাড়িয়ে নতুন জগৎ আবিষ্কারের এই প্রচেষ্টায় রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু সেই প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক নিয়ম ও সহযোগিতার একটি ভিত্তিও গড়ে উঠেছিল। এখন সেই ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত দ্বন্দ্ব, রাশিয়ার সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা, বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠানের বিস্তার এবং নতুন প্রযুক্তির সামরিক ব্যবহার—সব মিলিয়ে মহাকাশ ক্রমেই ভূরাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের আরেকটি প্রধান মঞ্চে পরিণত হচ্ছে।
এই পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকি শুধু মহাকাশে সামরিক প্রতিযোগিতা বাড়া নয়; বরং সেখানে কীভাবে কাজ করা হবে, কারা নিয়ম তৈরি করবে এবং বিরোধ দেখা দিলে তা কীভাবে সামাল দেওয়া হবে—এসব প্রশ্নে আন্তর্জাতিক ঐকমত্য ভেঙে পড়া। মহাকাশের ভবিষ্যৎ নির্ভর করবে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো নিজেদের প্রভাব বিস্তারের পাশাপাশি ন্যূনতম সহযোগিতার জায়গা ধরে রাখতে পারে কি না, তার ওপর।
প্রতিযোগিতা থেকে দীর্ঘস্থায়ী বৈরিতার ঝুঁকি
১৯৬৭ সালের মহাকাশ চুক্তি আন্তর্জাতিক মহাকাশ ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিল। এর মূল দর্শন ছিল, মহাকাশ কোনো একক রাষ্ট্রের সম্পত্তি নয়; এটি সমগ্র মানবজাতির স্বার্থে ব্যবহৃত হবে। কোনো দেশ মহাকাশের কোনো অংশকে নিজের সার্বভৌম ভূখণ্ড হিসেবে দাবি করতে পারবে না। শান্তিপূর্ণ ব্যবহার, আন্তর্জাতিক দায়িত্ব এবং সহযোগিতার নীতিও এই কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।
শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকা সত্ত্বেও এই ধরনের নিয়মের প্রয়োজনীয়তা দুই পক্ষই উপলব্ধি করেছিল। পারমাণবিক পরীক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মহাকাশে সামরিক সক্ষমতা বাড়ানোর ঝুঁকি নিয়ন্ত্রণের প্রয়োজন থেকেই আন্তর্জাতিক সমঝোতার ভিত্তি শক্ত হয়েছিল।
বর্তমান পরিস্থিতি আলাদা। যুক্তরাষ্ট্র মহাকাশে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখে। অন্যদিকে চীন ২০৪৫ সালের মধ্যে বিশ্বের শীর্ষ মহাকাশশক্তি হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বেইজিংয়ের কাছে মহাকাশ কর্মসূচি কেবল বৈজ্ঞানিক বা বাণিজ্যিক উদ্যোগ নয়; এটি প্রযুক্তি, অর্থনীতি, সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর দীর্ঘমেয়াদি কৌশলের অংশ।
এখানে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পার্থক্যটি গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় রাষ্ট্রগুলো নির্দিষ্ট প্রযুক্তি বা অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে থাকতে চায়, কিন্তু বিদ্যমান নিয়মের মধ্যেও সহাবস্থান সম্ভব। দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপকে হুমকি হিসেবে দেখা হয়। তখন নিজের লাভের চেয়ে অন্য পক্ষের অগ্রগতি ঠেকানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক যদি এই দ্বিতীয় অবস্থায় আরও গভীরভাবে প্রবেশ করে, তাহলে মহাকাশে সহযোগিতার সুযোগ সংকুচিত হবে এবং সামান্য ঘটনাও বড় নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে।
চাঁদ ঘিরে তৈরি হচ্ছে প্রতিদ্বন্দ্বী বলয়
এই দ্বন্দ্বের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে চাঁদকেন্দ্রিক কর্মসূচিতে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা আর্টেমিস চুক্তি চাঁদ ও অন্যান্য মহাকাশীয় স্থানে বেসামরিক অনুসন্ধানের নীতিমালা নির্ধারণের চেষ্টা করছে। অন্যদিকে চীন ও রাশিয়া আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। চীনের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে ও কক্ষপথে স্থায়ী গবেষণা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
দুটি উদ্যোগই বৈজ্ঞানিক অনুসন্ধানের কথা বললেও এর পেছনে কৌশলগত প্রভাব বিস্তারের বিষয়টি উপেক্ষা করা যায় না। কোন দেশ বা জোট ভবিষ্যতের চন্দ্র অভিযানের নিয়ম নির্ধারণ করবে, কারা প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে এবং মহাকাশের সম্পদ আহরণের ক্ষেত্রে কী ধরনের অধিকার প্রতিষ্ঠিত হবে—এসব প্রশ্নে দুই পক্ষের অবস্থান ভিন্ন হতে পারে।
চীন তার চন্দ্র কর্মসূচিতে উন্নয়নশীল দেশগুলোকে যুক্ত করার চেষ্টা করছে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণার সুযোগ এবং তথ্য বিনিময়ের প্রতিশ্রুতি দিয়ে দেশগুলোকে অংশীদার করার উদ্যোগ নিয়েছে বেইজিং। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কাঠামোও ক্রমে বিস্তৃত হচ্ছে। ফলে মহাকাশনীতি দুই প্রতিদ্বন্দ্বী বলয়ে বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই বিভাজন অনিবার্য নয়। আর্টেমিস ও চীনের চন্দ্র গবেষণা উদ্যোগকে যদি পরস্পরবিরোধী রাজনৈতিক জোট হিসেবে দেখা হয়, তাহলে বিভক্তি আরও বাড়বে। কিন্তু এগুলোকে নির্দিষ্ট প্রযুক্তিগত ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতার পৃথক কাঠামো হিসেবে বিবেচনা করা গেলে উভয় ব্যবস্থার মধ্যে সমন্বয়ের সুযোগ তৈরি হতে পারে। চাঁদে নিরাপদ অভিযান, সংঘর্ষ এড়ানো এবং বৈজ্ঞানিক তথ্য বিনিময়ের মতো বিষয়ে ন্যূনতম অভিন্ন নীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
বেসরকারি প্রতিষ্ঠানের বিস্তারে বাড়ছে নিয়ন্ত্রণের জটিলতা
রাষ্ট্রীয় প্রতিযোগিতার পাশাপাশি মহাকাশের চরিত্রও বদলে গেছে। একসময় মহাকাশ অভিযান মূলত কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের হাতে সীমাবদ্ধ ছিল। এখন বেসরকারি প্রতিষ্ঠান, নতুন মহাকাশ সংস্থা এবং প্রযুক্তি উদ্যোক্তারা এই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশীদার। পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ প্রযুক্তি, ছোট উপগ্রহ এবং তুলনামূলক কম খরচে কক্ষপথে যন্ত্র পাঠানোর সুযোগ মহাকাশে প্রবেশের বাধা কমিয়েছে।
এর ফলে যোগাযোগ, পরিবহন, আর্থিক লেনদেন, আবহাওয়ার পূর্বাভাস এবং জ্বালানি অবকাঠামোর মতো পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ সেবা মহাকাশভিত্তিক ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন শুধু প্রযুক্তি সরবরাহ করছে না; তাদের বিনিয়োগ, ব্যবসায়িক সিদ্ধান্ত এবং পরিচালনাগত মানদণ্ড মহাকাশ ব্যবস্থার ভবিষ্যৎও নির্ধারণ করছে।
কিন্তু এই সম্প্রসারণের সঙ্গে ঝুঁকিও বেড়েছে। পৃথিবীর কক্ষপথে উপগ্রহের সংখ্যা দ্রুত বাড়ছে। এর পাশাপাশি জমছে মহাকাশের আবর্জনা। নিষ্ক্রিয় উপগ্রহ, বিচ্ছিন্ন যন্ত্রাংশ এবং সংঘর্ষের ফলে তৈরি হওয়া ধ্বংসাবশেষ সচল মহাকাশযানের জন্য বিপদ তৈরি করছে। কক্ষপথে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা না থাকলে একটি সংঘর্ষ বহু দেশের উপগ্রহ ও সেবাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
নিরাপত্তার আরেকটি বড় ঝুঁকি হলো দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি। একই উপগ্রহ বা যোগাযোগব্যবস্থা বেসামরিক কাজে যেমন ব্যবহৃত হতে পারে, তেমনি সামরিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সাইবার হামলা, ইলেকট্রনিক যুদ্ধ এবং উপগ্রহবিধ্বংসী অস্ত্রের সক্ষমতা এই ঝুঁকিকে আরও জটিল করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভিয়াস্যাটের যোগাযোগব্যবস্থায় সাইবার হামলার ফলে ইউক্রেনের সরকারি ও সামরিক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি ইউরোপের কিছু জ্বালানি ও ইন্টারনেট সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনাটি দেখিয়েছে, মহাকাশ অবকাঠামোয় আঘাতের প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
অথচ ১৯৭৯ সালের পর মহাকাশ বিষয়ে নতুন কোনো বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি হয়নি। বিদ্যমান আইন বাণিজ্যিক সম্পদ আহরণ, বেসরকারি নিরাপত্তা, বিপুলসংখ্যক উপগ্রহ পরিচালনা কিংবা মহাকাশের আবর্জনা ব্যবস্থাপনার মতো নতুন বাস্তবতার জন্য যথেষ্ট নির্দেশনা দিতে পারছে না। জাতীয় পর্যায়ে আলাদা আলাদা আইন ও নীতিমালা তৈরি হলেও সেগুলোর মধ্যে সমন্বয় না থাকলে আন্তর্জাতিক ব্যবস্থায় আরও বিভক্তি তৈরি হবে।
প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সহযোগিতার জায়গা আছে
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়লেও মহাকাশে সহযোগিতার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। শীতল যুদ্ধের অভিজ্ঞতাই এর প্রমাণ। তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ছিল পরস্পরের প্রধান প্রতিপক্ষ। তবু পারমাণবিক ঝুঁকি নিয়ন্ত্রণ, মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছিল। কারণ তারা বুঝেছিল, কিছু বিপদ এমন, যার ক্ষতি কোনো একক রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
আজও একই বাস্তবতা প্রযোজ্য। মহাকাশের আবর্জনা কোনো দেশের সীমানা মানে না। একটি উপগ্রহের সঙ্গে অন্য উপগ্রহের সংঘর্ষের ঝুঁকি তৈরি হলে তার প্রভাব একাধিক দেশের ওপর পড়তে পারে। পৃথিবীর কাছাকাছি বিপজ্জনক গ্রহাণু শনাক্ত করা কিংবা সম্ভাব্য সংঘর্ষের আগাম সতর্কতা দেওয়ার ক্ষেত্রেও আন্তর্জাতিক তথ্য বিনিময় অপরিহার্য। এসব ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্যের চেয়ে অভিন্ন নিরাপত্তার স্বার্থ বড় হয়ে ওঠার কথা।
কক্ষপথে যান চলাচল ব্যবস্থাপনার জন্যও আন্তর্জাতিক সমন্বয় জরুরি। কোন উপগ্রহ কোথায় রয়েছে, তার গতিপথ কী, কখন সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে—এসব তথ্য সময়মতো বিনিময় করা গেলে দুর্ঘটনা এড়ানো সহজ হবে। উৎক্ষেপণের আগেই সম্ভাব্য সংঘর্ষ যাচাই এবং বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের অভিন্ন পদ্ধতি তৈরি করা প্রয়োজন।
চাঁদ ও গ্রহাণু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণের বিষয়টিও নতুন করে আন্তর্জাতিক নিয়মের দাবি জানাচ্ছে। কোনো রাষ্ট্র বা বেসরকারি প্রতিষ্ঠান মহাকাশের সম্পদ সংগ্রহ করলে তার অধিকার কতটুকু হবে, অন্য পক্ষের প্রবেশ বা কার্যক্রমে বাধা দেওয়ার সীমা কোথায় থাকবে, সম্পদ ব্যবহারের সুবিধা কীভাবে ভাগ হবে—এসব প্রশ্নের এখনো স্পষ্ট ও সর্বজনস্বীকৃত সমাধান নেই। ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি কিংবা অন্য মহাকাশীয় স্থানে বসতি স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকত্ব, আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্বের মতো প্রশ্নও সামনে আসবে।
মহাকাশে যন্ত্রাংশ মেরামত, জ্বালানি সরবরাহ কিংবা কক্ষপথে নতুন অবকাঠামো নির্মাণের প্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে। এসব কাজ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হলেও নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল। একটি উপগ্রহের কাছে গিয়ে সেটি মেরামত করার কাজকে অন্য রাষ্ট্রের কাছে আক্রমণাত্মক তৎপরতা বলেও মনে হতে পারে। তাই এ ধরনের কার্যক্রমের আগে সংশ্লিষ্ট রাষ্ট্রের অনুমোদন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিচালনাপদ্ধতি থাকা প্রয়োজন।
সামরিক সক্ষমতার সীমা নির্ধারণ জরুরি
মহাকাশে উত্তেজনা কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হলো এমন কর্মকাণ্ড সীমিত করা, যা সংঘাতের ঝুঁকি বাড়ায়। উপগ্রহবিধ্বংসী অস্ত্রের ধ্বংসাত্মক পরীক্ষা কক্ষপথে বিপুল আবর্জনা তৈরি করে। একইভাবে অন্য দেশের উপগ্রহের খুব কাছাকাছি গিয়ে অস্বচ্ছ উদ্দেশ্যে চলাচল করলে ভুল বোঝাবুঝি ও নিরাপত্তা উদ্বেগ বাড়তে পারে।
এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক চুক্তি না হলেও রাষ্ট্রগুলো নিজ উদ্যোগে কিছু সীমা নির্ধারণ করতে পারে। ধ্বংসাত্মক উপগ্রহবিধ্বংসী পরীক্ষা বন্ধের জাতীয় অঙ্গীকার, বিপজ্জনক মহাকাশ তৎপরতার তথ্য প্রকাশ এবং দুর্ঘটনার পর দ্রুত যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। একাধিক দেশ একই ধরনের অঙ্গীকার করলে তা ধীরে ধীরে আন্তর্জাতিক আচরণবিধিতে পরিণত হতে পারে।
২০২৫ সালের নভেম্বরে কক্ষপথে সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশ সংস্থার মধ্যে সমন্বয়ের একটি ঘটনা দেখিয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাস্তব প্রয়োজন দুই পক্ষকে যোগাযোগে আনতে পারে। এ ধরনের যোগাযোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে নিয়মিত নিরাপত্তা সহযোগিতার ভিত্তি হিসেবে গড়ে তোলা দরকার।
শুধু পরাশক্তি নয়, মধ্যম শক্তিরও ভূমিকা আছে
মহাকাশের নিয়ম নির্ধারণের দায়িত্ব কেবল যুক্তরাষ্ট্র ও চীনের হাতে ছেড়ে দিলে আন্তর্জাতিক ব্যবস্থায় ভারসাম্য তৈরি হবে না। ইউরোপ, ভারত, ব্রাজিলসহ মধ্যম ও আঞ্চলিক শক্তিগুলোরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তারা প্রতিদ্বন্দ্বী জোটের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারে, প্রযুক্তিগত নিরাপত্তা বিষয়ে সমঝোতা এগিয়ে নিতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার জন্য অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রণোদনা ব্যবহার করতে পারে।
বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠানগুলোকেও এই প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। উপগ্রহ উৎক্ষেপণ, কক্ষপথে পরিচালনা, তথ্য বিনিময় এবং নতুন অবকাঠামো নির্মাণে তাদের ভূমিকা ক্রমেই বাড়ছে। ফলে তাদের প্রযুক্তিগত মানদণ্ড ও ব্যবসায়িক সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আচরণের বাস্তব নিয়ম হয়ে উঠছে। জাতিসংঘের উদ্যোগে রাষ্ট্র, বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের নিয়ে বহুপক্ষীয় কাঠামো গড়ে তোলা গেলে বাণিজ্যিক উদ্ভাবন ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রাখা সহজ হবে।
তবে বেসরকারি প্রতিষ্ঠানের প্রভাব বাড়ার সঙ্গে জবাবদিহিও নিশ্চিত করতে হবে। মহাকাশ অবকাঠামোর বাণিজ্যিক মালিকানা থাকলেও তার নিরাপত্তা ও পরিবেশগত ক্ষতির দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট রাষ্ট্রের ওপরও বর্তাতে পারে। তাই বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়ার পাশাপাশি উপগ্রহের নিরাপত্তা, কক্ষপথের শৃঙ্খলা, আবর্জনা অপসারণ এবং সামরিক কাজে প্রযুক্তির ব্যবহারের বিষয়ে স্পষ্ট নিয়ম প্রয়োজন।
নতুন মহাকাশ ব্যবস্থার প্রয়োজন
১৯৬৭ সালের মহাকাশ চুক্তির মৌলিক নীতিগুলো এখনো প্রাসঙ্গিক। কিন্তু বর্তমান বাস্তবতায় শুধু সেই চুক্তির ওপর নির্ভর করে মহাকাশের সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রয়োজন এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা, যেখানে বাধ্যতামূলক আইন ও স্বেচ্ছামূলক নীতিমালা পাশাপাশি কাজ করবে। এর লক্ষ্য হবে সব রাষ্ট্রকে একই রাজনৈতিক অবস্থানে আনা নয়; বরং ভিন্ন অবস্থান বজায় রেখেও নিরাপত্তা ও পরিচালনাগত বিষয়ে ন্যূনতম সমন্বয় নিশ্চিত করা।
এ ব্যবস্থার ভিত্তি হতে পারে কয়েকটি অভিন্ন মানদণ্ড। কক্ষপথে যান চলাচলের তথ্য বিনিময়, মহাকাশের আবর্জনা কমানো, সম্পদ আহরণের অনুমোদন ও দায় নির্ধারণ, ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের আগাম ঘোষণা এবং দুর্ঘটনার তথ্য প্রকাশ—এসব বিষয়ে সমন্বিত নিয়ম দরকার। পাশাপাশি মহাকাশ অবকাঠামোকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক অবকাঠামো হিসেবে বিবেচনা করে সাইবার নিরাপত্তা, বিকল্প যোগাযোগব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সহায়তার পরিকল্পনা গড়ে তুলতে হবে।
এখানে লক্ষ্য হওয়া উচিত প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাগুলোকে জোর করে একীভূত করা নয়; বরং তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের সুযোগ রাখা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কাঠামো এবং চীন-রাশিয়ার উদ্যোগ পাশাপাশি থাকতে পারে, কিন্তু কক্ষপথে সংঘর্ষ এড়ানো, জরুরি পরিস্থিতিতে যোগাযোগ কিংবা মহাকাশের আবর্জনা নিয়ন্ত্রণের মতো বিষয়ে তাদের মধ্যে ন্যূনতম অভিন্ন ব্যবস্থা থাকা জরুরি।
মহাকাশের ভবিষ্যৎ এখন আর শুধু বিজ্ঞানী, নভোচারী কিংবা মহাকাশ গবেষণা সংস্থার বিষয় নয়। আধুনিক অর্থনীতি, যোগাযোগ, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনের বহু গুরুত্বপূর্ণ সেবা এর ওপর নির্ভরশীল। ফলে সেখানে সংঘাত বা বিশৃঙ্খলা তৈরি হলে তার প্রভাব পৃথিবীর জীবনযাত্রায়ও পড়বে।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা থামবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যেন নিয়মহীন বৈরিতায় পরিণত না হয়, সেটি নিশ্চিত করা সম্ভব। মহাকাশে ক্ষমতার ভারসাম্য বদলাতে পারে, নতুন শক্তি উঠে আসতে পারে, বাণিজ্যিক স্বার্থও বিস্তৃত হবে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক নিয়ম হালনাগাদ না হলে মহাকাশ ক্রমে এমন এক ক্ষেত্রে পরিণত হবে, যেখানে প্রতিটি নতুন সক্ষমতা নিরাপত্তার নতুন ঝুঁকি তৈরি করবে।
প্রশ্নটি তাই কে চাঁদে আগে পৌঁছাবে, কে বেশি উপগ্রহ পাঠাবে কিংবা কে প্রযুক্তিতে এগিয়ে থাকবে—শুধু তা নয়। আসল প্রশ্ন হলো, প্রতিযোগিতার মধ্যেও রাষ্ট্রগুলো এমন কিছু নিয়মে একমত হতে পারবে কি না, যা মহাকাশকে সবার জন্য ব্যবহারযোগ্য ও নিরাপদ রাখবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সেই সুযোগ এখনো রয়েছে। তা না হলে মহাকাশে মানুষের সাফল্যই একসময় বৈশ্বিক বিশৃঙ্খলার নতুন উৎস হয়ে উঠতে পারে।












