প্রথম বিশ্বযুদ্ধের অবসান স্মরণ এবং বিভিন্ন যুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যজুড়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় দেশটির বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লন্ডনের ঐতিহাসিক সেনোটাফ স্মৃতিসৌধে মূল স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া স্ট্যাফোর্ডশায়ারে রয়্যাল ব্রিটিশ লিজিয়নের জাতীয় স্মরণ উদ্যানসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর ও এলাকায় মানুষ নীরবতা পালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রতি বছর ১১ নভেম্বর যুক্তরাজ্যে আর্মিস্টিস ডে পালন করা হয়। ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। ওই দিন স্থানীয় সময় সকাল ১১টায় যুদ্ধবিরতি শুরু হয়। এর মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সরাসরি সংঘাতের অবসান ঘটে এবং শান্তি আলোচনার পথ তৈরি হয়।
যুদ্ধে নিহত সেনাসদস্য ও সাধারণ মানুষের স্মরণে যুক্তরাজ্যে দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। দুই মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে যুদ্ধের ভয়াবহতা, আত্মত্যাগ এবং শান্তির প্রয়োজনীয়তার কথা স্মরণ করেন দেশটির মানুষ।












