বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগাযোগ রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানতে চেয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কোন রাজনৈতিক দলকে উদ্দেশ করে এ অভিযোগ করেছেন। সংসদে দাঁড়িয়ে তিনি মন্ত্রীকে অভিযোগের পক্ষে প্রমাণ তুলে ধরারও আহ্বান জানান।
বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি কোনো দলের নাম না বললেও তাঁর বক্তব্যে ইঙ্গিত ছিল, দেশের অস্থিরতা তৈরিতে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে।
শফিকুর রহমান বলেন, সীমান্তের ওপার থেকে উসকানির বিষয়টি তিনি স্বীকার করেন। তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকার অভিযোগও রয়েছে। সেই দলের সঙ্গে অস্থিরতা তৈরির উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন।
জামায়াতের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ চান
জামায়াতের আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় দেখভালের দায়িত্বে থাকা সরকারনিযুক্ত সচিব পদমর্যাদার কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে তিনি সেই অভিযোগের প্রমাণ দেখতে চান।
বিদেশি কোনো দেশের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের বৈঠকের অভিযোগও নাকচ করেন তিনি। তাঁর দাবি, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার ইতিহাস জামায়াতের নেই।
শফিকুর রহমান বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা বন্ধুদের সঙ্গে দলটির যোগাযোগ থাকতে পারে। কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার প্রয়োজন কেন হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি অভিযোগ করেন, যারা এ ধরনের কথা বলছেন, তাঁদের নিজেদেরও দেশে ও বিদেশে গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও বৈঠকের বিষয়টি খতিয়ে দেখা উচিত। অতীতের রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁদের কেউ কেউ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্য বিকৃতির অভিযোগ
সংসদে শফিকুর রহমান বলেন, গত ১২ আগস্টের সংবাদ সম্মেলনে দেওয়া তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ওই দিনের ২২ মিনিটের বক্তব্যে তিনি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি বলে দাবি করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, বক্তব্যের পুরো ভিডিও এখনো রয়েছে এবং যে কেউ তা দেখে বিষয়টি যাচাই করতে পারবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের নাম সরাসরি উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, একজন ব্যক্তি সারা দিন জামায়াতকে নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছেন। এ ধরনের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
মাদক কারবার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় শফিকুর রহমান মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানোর আহ্বান জানান। তবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কেউ মাদক কারবারে জড়িত থাকলে সরকার কীভাবে এ সমস্যা মোকাবিলা করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
সংসদে দুই জ্যেষ্ঠ সংসদ সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে ফ্যাসিবাদী শক্তির নিয়ন্ত্রণে থাকা মাদক সিন্ডিকেট এখন ক্ষমতাসীন দলের কিছু নেতার হাতে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আরেক সংসদ সদস্যের অভিযোগের উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের পাশ দিয়ে মাদকের বড় একটি চালান যাওয়ার কথাও সংসদে বলা হয়েছে।
শফিকুর রহমান আরও অভিযোগ করেন, মঙ্গলবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। দেশের বিভিন্ন স্থানেও এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।
ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের নামে ক্ষমতাসীন দলের কিছু সদস্যের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগের কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, রাজনীতিতে পরস্পরকে দোষারোপের প্রবণতা বন্ধ করা প্রয়োজন। তাঁকে পরোক্ষভাবে লক্ষ্য করে বক্তব্য দেওয়া না হলে সংসদে এ বিষয়ে কথা বলতেন না বলেও জানান তিনি।
কর্তৃত্ববাদ ফিরে আসা ঠেকানোর আহ্বান
শফিকুর রহমান বলেন, দেশে যেন আবার কর্তৃত্ববাদী শাসন ফিরে না আসে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কার দুর্বলতার কারণে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাচ্ছে, তা জনগণের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বললেও এ বিষয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করতে গিয়ে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের জবাবে বারবার আগের চেয়ে পরিস্থিতির উন্নতির কথা শুনেছেন। কিন্তু এত উন্নতির পরও বাংলাদেশ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য হয়ে যায়নি। বাংলাদেশ নিজের পরিচয়েই থাকতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো দেশের প্রভাব বা আধিপত্যের অধীনে থাকতে চায় না।
সীমান্ত হত্যা শূন্যে নামানোর দাবি
সীমান্ত হত্যার সংখ্যা ২০২৫ সালের ২২টি থেকে ২০২৬ সালে ১২টিতে নেমে আসার তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন শফিকুর রহমান। এ অগ্রগতির জন্য তিনি মন্ত্রীকে তিন দফা করতালি দেন।
তবে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান শুধু বক্তব্যে নয়, কাজেও দেখতে চান তাঁরা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) প্রতিহত করেছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এ ক্ষেত্রে জনগণ ও বিজিবির যৌথ প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হলে তিনি আরও খুশি হতেন। তাঁর মতে, এমন স্বীকৃতি পেলে ভবিষ্যতে দেশপ্রেমের জায়গা থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবির পাশে দাঁড়াতে উৎসাহিত হবে।












