ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদকে কেন্দ্র করে নতুন এক অর্থনৈতিক ও রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। দেশটির তেলশিল্পে প্রভাব বিস্তারের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৪৬ বছর বয়সী ধনকুবের আলেহান্দ্রো বেতানকুর্টের সঙ্গে নজিরবিহীন অংশীদারত্ব গড়ে তুলেছে। এই চুক্তির মাধ্যমে বেতানকুর্টের নেতৃত্বাধীন একটি বেসরকারি তেল কোম্পানিতে সরাসরি ৩৫ শতাংশ মালিকানা পাচ্ছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদনের একটি বড় অংশে অগ্রাধিকার এবং কম দামে তেল কেনার সুযোগ পাবে ওয়াশিংটন।
চুক্তিটি শুধু তেল ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব, ভেনেজুয়েলার ভবিষ্যৎ সরকারব্যবস্থা, দেশটির প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং একটি বিতর্কিত ব্যবসায়ীর দ্রুত উত্থান। একদিকে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি অংশ একে দেশটির সম্পদের ওপর বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নতুন প্রচেষ্টা হিসেবে দেখছেন।
চুক্তির কেন্দ্রে রয়েছেন আলেহান্দ্রো বেতানকুর্ট। তাঁর নেতৃত্বাধীন নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ইতিমধ্যে দেশটির বিভিন্ন তেলক্ষেত্রে উৎপাদন বাড়াতে কাজ করছে। মারাকাইবো হ্রদ থেকে শুরু করে তেলসমৃদ্ধ ওরিনোকো অঞ্চলে ছড়িয়ে পড়ছে কোম্পানিটির কার্যক্রম।
৫০ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ মালিকানা
যুক্তরাষ্ট্র ও বেতানকুর্টের কোম্পানির মধ্যে হওয়া ৫০ বছর মেয়াদি চুক্তির বিস্তারিত এত দিন প্রকাশ্যে আসেনি। চুক্তির ১৮ পৃষ্ঠার একটি অনুলিপি পর্যালোচনার ভিত্তিতে জানা গেছে, এর আওতায় যুক্তরাষ্ট্র নামমাত্র মূল্যে এনএবিইপির ৩৫ শতাংশ মালিকানা পাচ্ছে।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, বেতানকুর্ট তাঁর কোম্পানির মোট তেল উৎপাদনের ২০ শতাংশ যুক্তরাষ্ট্রের কাছে প্রতি ব্যারেল ৩০ ডলারে বিক্রি করবেন। বর্তমান আন্তর্জাতিক বাজারদরের তুলনায় এই দাম অনেক কম। বেতানকুর্টের ভাষায়, এটি উৎপাদন খরচের কাছাকাছি দামে তেল সরবরাহের ব্যবস্থা।
শুধু এই ২০ শতাংশ নয়, কোম্পানির বাকি উৎপাদিত তেল কেনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র প্রথম সুযোগ পাবে। তবে সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদর প্রযোজ্য হবে।
চুক্তি অনুযায়ী, বেতানকুর্টের পারিশ্রমিক নির্ধারণ করবে সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ। কিন্তু কোম্পানির দৈনিক উৎপাদন ১০ লাখ ১৫ হাজার ব্যারেলে না পৌঁছানো পর্যন্ত শেয়ার থেকে লভ্যাংশ দেওয়া যাবে না। বেতানকুর্টের লক্ষ্য ২০৩৩ সালের মধ্যে এই উৎপাদন সক্ষমতা অর্জন করা।
অন্যদিকে, ভেনেজুয়েলা সরকার আলাদা চুক্তির মাধ্যমে কোম্পানির বিভিন্ন তেলক্ষেত্র থেকে উৎপাদিত তেলের ১৬ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রয়্যালটি হিসেবে পাবে। কোন অঞ্চলে কী ধরনের তেল উত্তোলন হচ্ছে, তার ওপর এই হার নির্ভর করবে।
বেতানকুর্টের দাবি, যুক্তরাষ্ট্রের আগে ভেনেজুয়েলা তার প্রাপ্য অংশ পাবে। অর্থাৎ তেল উৎপাদনের রয়্যালটি পরিশোধের পর যুক্তরাষ্ট্রের জন্য নির্ধারিত অংশ সরবরাহ করা হবে।
দুই বছরে উৎপাদন কয়েক গুণ বাড়ানোর দাবি
ভেনেজুয়েলার তেলশিল্পে বেতানকুর্টের উত্থান বেশ দ্রুত। ২০২৩ সালের শেষ দিকে দেশটিতে কার্যক্রম শুরু করার সময় তাঁর কোম্পানির দৈনিক উৎপাদন ছিল মাত্র ১৮ হাজার ব্যারেল। বর্তমানে তা বেড়ে প্রায় ২ লাখ ২৩ হাজার ব্যারেলে পৌঁছেছে।
বেতানকুর্টের দাবি, চলতি বছরের শেষ নাগাদ উৎপাদন ২ লাখ ৭৫ হাজার ব্যারেলে এবং আগামী বছর ৩ লাখ ৫০ হাজার ব্যারেলে উন্নীত করা সম্ভব হবে। তাঁর লক্ষ্য, আগামী বছরের শুরুতেই উৎপাদনের দিক থেকে ভেনেজুয়েলায় কার্যরত মার্কিন তেল কোম্পানি শেভরনকেও ছাড়িয়ে যাওয়া।
এনএবিইপির কার্যক্রমের বিস্তৃতি এরই মধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। কোম্পানিটি পূর্বাঞ্চলে ছয়টি নতুন কূপ খননের রিগ এবং পাঁচটি পুরোনো কূপ মেরামতের রিগ ব্যবহার করছে। বছরের শেষ নাগাদ আরও দুটি নতুন রিগ চালুর পরিকল্পনা রয়েছে।
দেশটির পশ্চিমাঞ্চলে রয়েছে ১৪টি কূপ মেরামতের রিগ, একটি নতুন কূপ খননের রিগ, মারাকাইবো হ্রদে একটি ড্রিলিং বার্জ এবং দুটি মেরামতের বার্জ।
সব মিলিয়ে কোম্পানিটি ৬০টি ড্রিলিং রিগ চালু করার পরিকল্পনা করছে। আগামী ৩৬ মাসের মধ্যে বাকি সরঞ্জাম কেনা ও স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
বেতানকুর্টের দাবি, ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলোর উন্নয়নে কোম্পানিটি ২০২৬ সালে ৫০০ কোটি ডলারের বেশি নগদ অর্থ পুনর্বিনিয়োগ করবে। বড় আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে যেখানে শেয়ারহোল্ডারদের স্বার্থ ও লভ্যাংশের বিষয়টি বিবেচনা করতে হয়, সেখানে তাঁর কোম্পানি উৎপাদন থেকে আসা প্রায় সব অর্থই সম্প্রসারণে ব্যয় করতে পারবে।
বিশাল তেলভান্ডার, কিন্তু বিনিয়োগের চ্যালেঞ্জও বড়
বেতানকুর্টের কোম্পানি ভেনেজুয়েলার যেসব তেলক্ষেত্র ব্যবহারের অধিকার পেয়েছে, সেগুলোর সম্ভাব্য মজুত প্রায় ৬৩৭০ কোটি ব্যারেল বলে দাবি করা হচ্ছে। এই পরিমাণ যুক্তরাষ্ট্রের মোট তেল মজুতের চেয়েও বেশি।
তবে বিশাল মজুত থাকলেই দ্রুত উৎপাদন বাড়ানো সম্ভব নয়। বিশেষ করে ওরিনোকো অঞ্চলের অপরিশোধিত তেল অত্যন্ত ঘন ও পিচ্ছিল প্রকৃতির। এই তেল উত্তোলনের জন্য বিশেষ প্রযুক্তি, উত্তাপযুক্ত খননব্যবস্থা এবং পাতলা করার উপাদান ব্যবহার করতে হয়। ফলে উৎপাদন ব্যয়ও অনেক বেশি।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আগে থেকেই খনন করা হয়েছে, কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে—এমন তেলক্ষেত্র পুনরায় চালু করা তুলনামূলক সহজ। কিন্তু যেসব এলাকায় আগে কখনো তেল উত্তোলন করা হয়নি, সেখানে অবকাঠামো তৈরি করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হবে।
কারাকাসের ইনস্টিটিউট অব হায়ার স্টাডিজ ইন অ্যাডমিনিস্ট্রেশনের জ্বালানি কেন্দ্রের সমন্বয়ক ওসওয়ালদো ফেলিজোলা বলেছেন, ওরিনোকো অঞ্চলের নতুন তেলক্ষেত্রগুলো থেকে ন্যূনতম পর্যায়ে উৎপাদন শুরু করতেই পাঁচ থেকে ১০ বছর লাগতে পারে। এ জন্য প্রয়োজন হতে পারে ১৫০০ কোটি থেকে ২০০০ কোটি ডলার।
বেতানকুর্ট অবশ্য এসব সংশয় মানতে নারাজ। তাঁর দাবি, নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, শত শত মাইল পাইপলাইন স্থাপন, আধুনিক খননযন্ত্র আমদানি এবং নতুন কূপ খননের মাধ্যমে উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব।
ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রেও প্রশ্ন
ভেনেজুয়েলার তেলশিল্পে সরাসরি মালিকানা নেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্যও ব্যতিক্রমী। ইরাকে দুই দফা যুদ্ধের পরও দেশটির তেলসম্পদের ওপর এ ধরনের সরাসরি মালিকানার দাবি করেনি ওয়াশিংটন।
ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা মাউরিসিও ক্লাভের-কারোনে বলেছেন, ভেনেজুয়েলায় দক্ষতার সঙ্গে তেল উৎপাদন বাড়ানোর অভিজ্ঞতা রয়েছে বেতানকুর্টের। এ কারণেই তাঁকে যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে বেছে নেওয়া হয়েছে।
তাঁর যুক্তি, ভেনেজুয়েলার তেল উৎপাদনে সরাসরি অংশীদারত্ব থাকলে যুক্তরাষ্ট্র কয়েক প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে ভবিষ্যতে ভেনেজুয়েলা যেন তেলকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সেটিও নিশ্চিত হবে।
তবে সমালোচকদের মতে, এটি জ্বালানি নিরাপত্তার চেয়ে ভেনেজুয়েলার ওপর মার্কিন রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল বেশি।
ভেনেজুয়েলার সাবেক তেলমন্ত্রী রাফায়েল রামিরেজ বলেছেন, কোনো দেশের ওপর অস্ত্রের ভয় দেখিয়ে চুক্তি চাপিয়ে দেওয়া যায় না। তাঁর মতে, এ ধরনের চুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে মৌলিক প্রশ্ন রয়েছে।
যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি ও জ্বালানি বিশ্লেষকদের একাংশও বেতানকুর্টের পরিকল্পনা নিয়ে সন্দিহান। তাঁদের ধারণা, এটি ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রচারের জন্য বড় ঘোষণা হলেও যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম কমানোর ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলবে না।
রাইস বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকা জ্বালানি কর্মসূচির পরিচালক ফ্রান্সিসকো মোনালদি এই উদ্যোগের সাফল্যের সম্ভাবনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে, চুক্তিটির বড় অংশই বাস্তবের চেয়ে প্রচারনির্ভর হতে পারে।
মাচাদোর আপত্তিতে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত
চুক্তিটির সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
গত মাসে দেশে ফিরে নতুন নির্বাচনের দাবিতে রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন তিনি। বেতানকুর্টকে প্রকাশ্যে দুর্নীতির সঙ্গে যুক্ত করে তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন মাচাদো।
গত সপ্তাহে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিটি ভেনেজুয়েলার মানুষের প্রত্যাশিত স্বচ্ছতা ও জবাবদিহির মান পূরণ করে না। ভবিষ্যতে ক্ষমতায় গেলে বেতানকুর্টের সঙ্গে এই চুক্তি বহাল রাখবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন দেলসি রদ্রিগেজ। তিনি একসময় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করা রদ্রিগেজ এই তেল চুক্তিকে তাঁর সরকারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরছেন।
তবে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফলে নতুন সরকার গঠিত হলে বর্তমান চুক্তির রাজনৈতিক ও আইনি অবস্থান কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও চুক্তিটি বিতর্ক তৈরি করেছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের বৈধতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
অতীতের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক
বেতানকুর্ট ভেনেজুয়েলার একটি প্রভাবশালী পরিবারের সন্তান। তাঁর প্রপিতামহ দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তরুণ উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক অঙ্গনে প্রবেশের পর তিনি দেশটির সাবেক সমাজতান্ত্রিক সরকারের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন।
২০১০-এর দশকে বিদ্যুৎ খাতে বড় একটি চুক্তির মাধ্যমে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত ও মামলা হয়েছিল। পরে মামলাটি খারিজ হয়ে যায়।
কারাকাসের সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গবেষণায় দেখা যায়, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে ভেনেজুয়েলার জাতীয় বিদ্যুৎব্যবস্থার সম্প্রসারণে বেতানকুর্টের কোম্পানির অবদান ছিল ৭ দশমিক ৩৩ শতাংশ। বেতানকুর্টের বক্তব্য, বিদ্যুৎকেন্দ্র হস্তান্তরের পর সেগুলোর রক্ষণাবেক্ষণে অব্যবস্থাপনা ও ত্রুটির কারণে সমস্যার সৃষ্টি হয়েছিল।
তবে ভেনেজুয়েলার অনেক মানুষ এখনো দেশটির বিদ্যুৎব্যবস্থার দুরবস্থার জন্য তাঁকে দায়ী করেন। বিরোধী নেতা মাচাদোও তাঁর ব্যবসায়িক অতীত নিয়ে প্রশ্ন তুলেছেন।
সুইজারল্যান্ড ও স্পেনে অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের আওতায়ও রয়েছেন বেতানকুর্ট। তবে তিনি সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে ভেনেজুয়েলায় তাঁর পরিচালিত পেট্রোজামোরা নামের একটি তেল কোম্পানি রাশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগের সহায়তা পেয়েছিল। ২০২০ সালে ভেনেজুয়েলা সরকার কোম্পানিটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
বেতানকুর্টের দাবি, ২০২৩ সালে কোম্পানিটির অধিকাংশ কার্যক্রম পুনরুদ্ধার করতে তিনি নিজের ৭০ কোটি ডলার বিনিয়োগ করেন। পাশাপাশি আগের প্রতিষ্ঠান থেকে পাওয়া ৩০ কোটি ডলারের যন্ত্রপাতিও কাজে লাগান। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান রদ্রিগেজের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এই উদ্যোগের পথ তৈরি হয়েছিল।
ট্রাম্প পরিবারের বিনিয়োগের অভিযোগ অস্বীকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তিতে ট্রাম্প পরিবারের কোনো সদস্যের ব্যক্তিগত বিনিয়োগ বা আর্থিক স্বার্থ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বেতানকুর্ট এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এনএবিইপির অন্য কোনো বিনিয়োগকারী নেই। কোম্পানিটির মালিকানায় রয়েছেন তিনি এবং যুক্তরাষ্ট্র।
প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কাঠামোতে তাঁর বাবা লিওপোলদো বেতানকুর্টের নামও রয়েছে। তিনি একজন চিকিৎসক ও পিয়ানোবাদক এবং মোনাকোতে বসবাস করেন। তবে বেতানকুর্টের ভাষ্য, পারিবারিক সম্মান ও প্রতিষ্ঠানের কাঠামোগত কারণে বাবার নাম ব্যবহার করা হলেও কোম্পানির নির্বাহী পরিচালনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁর নিয়ন্ত্রণেই থাকে।
চুক্তিসংক্রান্ত ওয়াশিংটনের বিভিন্ন বৈঠকে ইরেবর ব্যাংকের প্রধান নির্বাহী জ্যাকব হার্শম্যানের উপস্থিতির কথাও স্বীকার করেছেন বেতানকুর্ট। তবে তিনি বলেছেন, ব্যাংকটির সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের সম্পর্ক থাকলেও প্রতিষ্ঠানটি এনএবিইপির বিনিয়োগকারী নয়।
এদিকে, কোম্পানির কয়েকজন ঠিকাদার ও কর্মীর বেতন বকেয়া থাকার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। কোম্পানির আর্থিক অবস্থার সঙ্গে পরিচিত ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে তেল সরবরাহে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল। এতে কোম্পানির অর্থপ্রবাহ ও কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে চলতি বছরের শুরুতে সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
ভেনেজুয়েলার মানুষের প্রত্যাশা কতটা পূরণ হবে?
ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার এই চুক্তিকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের বড় সুযোগ হিসেবে দেখছে। রদ্রিগেজের মতে, তেল থেকে আয় বাড়লে শ্রমিকদের বেতন, হাসপাতাল, বিদ্যালয়, খাদ্য, বিদ্যুৎ, পানি ও সড়ক অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয় করা সম্ভব হবে।
কিন্তু সাধারণ মানুষের একটি অংশ মনে করছে, দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সিদ্ধান্তে জনগণের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না।
রাজধানী কারাকাসে মাচাদোর এক সমাবেশে অংশ নেওয়া ২৭ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ডেভিড রেবানালেসের মতে, যুক্তরাষ্ট্রের এই চুক্তি ভেনেজুয়েলার মানুষের চেয়ে দেশটির তেলসম্পদের ওপর বেশি গুরুত্ব দেওয়ার প্রমাণ।
তাঁর ধারণা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থন পাওয়ার যে প্রত্যাশা ভেনেজুয়েলার অনেক মানুষের ছিল, এই চুক্তি তা দুর্বল করেছে।
বেতানকুর্ট অবশ্য নিজের উদ্যোগকে দেশের পুনর্জাগরণের অংশ হিসেবে তুলে ধরছেন। তাঁর ভাষায়, তিনি এমন একটি ভেনেজুয়েলা ফিরিয়ে আনতে চান, যেখানে শ্রমিকেরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, খেলাধুলা উপভোগ করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।
তবে দেশটির তেলশিল্পে উৎপাদন বাড়ানো আর সেই সম্পদের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এক বিষয় নয়। ৫০ বছরের এই চুক্তি শেষ পর্যন্ত ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি হবে, নাকি দেশটির তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রভাব প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে উঠবে—তা নির্ভর করবে উৎপাদনের বাস্তব অগ্রগতি, রাজনৈতিক পরিবর্তন এবং চুক্তির স্বচ্ছতা ও জবাবদিহির ওপর।












