জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেন নুসরাত তাবাসসুম। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না বলে পোস্টে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
হামলার পর নিজের অবস্থান জানিয়ে তিনি আরও লেখেন, এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে বলে কেউ মনে করলে তা ভুল হবে। আগুনের পথ পাড়ি দিয়েও তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। পোস্টের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাড়িতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।












