ভারতের রাজনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তাঁর আসন্ন স্মৃতিকথা বিলংগিং: আ জার্নি অব লাভ প্রকাশের আগে দ্য হিন্দুকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন, রাজনীতিতে আসার অভিজ্ঞতা, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সঙ্গে সম্পর্ক, ১৯৭৫-৭৭ সালের জরুরি অবস্থা এবং ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন এন রাম। এতে সোনিয়া গান্ধী বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেছেন। তাঁর মতে, গত ১২ বছরে ভারতের সামাজিক কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তিনি আশাবাদী, ভারতীয় জনগণ আবার সুশাসনের পথে ফিরে যেতে চাইবে।
প্রশ্ন: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপনি লিখেছেন, ‘অন্যরা কয়েক দশক ধরে আমার গল্প বলে আসছেন, এবার আমার পালা।’ আপনার জীবন নিয়ে এর আগে বহু বই লেখা হয়েছে। অন্যদের লেখা এসব বই নিয়ে কি আপনার বিরক্তি বা ক্ষোভ ছিল? সেগুলো কি পড়েছেন?

সোনিয়া গান্ধী: এতগুলো বই লেখা হয়েছে, তা আমার জানা ছিল না! তবে নিজের সম্পর্কে লেখা বই পড়ার আগ্রহ কখনোই আমার ছিল না। অনেক আগে রাজীব ও আমি বুঝতে পেরেছিলাম, আমাদের নিয়ে যা লেখা হচ্ছে, তার সবকিছুর খোঁজ রাখার কোনো অর্থ নেই। তবে একসময় আমার মনে হয়েছে, নিজের গল্পটি আমারই বলা উচিত।
প্রশ্ন: আপনার স্মৃতিকথার শুরুতে নিজের গল্প লেখার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। দীর্ঘদিন ধরে অন্যদের লেখা ও আলোচনা কি আপনাকে নিজের জীবন তুলে ধরতে উৎসাহিত করেছে, নাকি এর পেছনে ব্যক্তিগত কোনো তাগিদ কাজ করেছে? বইটি লিখতে কত সময় লেগেছে?
সোনিয়া গান্ধী: এত দীর্ঘ সময় পেরিয়ে গেছে যে ঠিক কত দিন লেগেছে, তা আর মনে নেই। তবে প্রথম কিছু লেখা শুরু করেছিলাম এক দশকেরও বেশি আগে। প্রায় পাঁচ বছর আগে নিয়মিতভাবে লেখার কাজ শুরু করি। পুরো প্রক্রিয়াটি একটানা ছিল না। কখনো শব্দ ও ভাবনা সহজেই এসেছে, আবার কখনো কিছুই লিখতে পারিনি। তখন হতাশ হয়ে হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে।
প্রশ্ন: আপনি বইটিকে ব্যক্তিগত স্মৃতিকথা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে রাজনীতি মূলত পটভূমি হিসেবে এসেছে। তবে আমার কাছে এটি মূলত একটি প্রেমের গল্প। রাজীব ও সোনিয়ার মধ্যে প্রথম দেখাতেই তৈরি হওয়া গভীর ভালোবাসা, সেই সম্পর্কের বিস্তার, ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি পৌঁছানো, অনিচ্ছা সত্ত্বেও জনজীবন ও রাজনীতিতে প্রবেশ এবং শেষ পর্যন্ত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতায় পরিণত হওয়ার গল্প। বিষয়টি কি বাস্তবের চেয়ে কল্পকাহিনির মতো নয়?
সোনিয়া গান্ধী: হ্যাঁ! দীর্ঘদিন এ বিষয়ে কথা বলতে না চাওয়ার এটিও একটি কারণ। তবে এটি শুধু আমাদের দুজনের ভালোবাসার গল্প নয়। রাজীবের পরিবার এবং তাঁদের দেশের প্রতি আমার ভালোবাসা তৈরি হওয়ার গল্পও এটি। ধীরে ধীরে আমিও সেই পরিবারের এবং দেশের একজন হয়ে উঠেছি। তাঁদের ত্যাগের যে উদ্দেশ্য ছিল, তা যখন হুমকির মুখে পড়ে এবং দল দুর্বল হতে শুরু করে, তখন সেই ভালোবাসাই আমাকে জনজীবনে নিয়ে আসে। আমার মনে হয়েছিল, আমাকে কিছু একটা করতেই হবে।
প্রশ্ন: ইতালির একটি ছোট শহরে আপনার বেড়ে ওঠা। সেখানকার পরিবার ও সামাজিক পরিবেশ থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে এসে আপনি নিজের জীবন গড়ে তুলেছেন। ভারতে ছয় দশকের বেশি সময় কাটানোর পর আজকের আপনার মধ্যে সেই তরুণী ইতালীয় নারীর কতটা অস্তিত্ব রয়েছে?

সোনিয়া গান্ধী: বেড়ে ওঠার সময় যে মূল্যবোধগুলো শিখেছি, সেগুলো এখনো আমার মধ্যে রয়েছে। সেগুলোর প্রতি সৎ থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। পরিবার ও বন্ধুদের প্রতি আনুগত্য, অন্যদের প্রতি আন্তরিকতা ও সহমর্মিতা এবং কর্তব্য ও দায়িত্ববোধ—এসব আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি, ৬০ বছর আগে রাজীব যে মানুষটির সঙ্গে পরিচিত হয়েছিলেন, এসব বিষয়ে আমি এখনো সেই একই মানুষ। তবে তখন আমি অনেক বেশি হাসতাম।
প্রশ্ন: রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধী আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি। তাঁদের কোন গুণগুলো আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?
সোনিয়া গান্ধী: তরুণ বয়সে বধূ হিসেবে ভারতে আসার সময় দেশটি সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না। আজ আমি যা হয়েছি এবং যা কিছু জানি, তার সবই তাঁদের কাছ থেকে শিখেছি। তাঁদের সাহস, সহমর্মিতা, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতের প্রতি অঙ্গীকার এবং সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত সবকিছুর ঊর্ধ্বে কর্তব্যকে স্থান দেওয়ার মানসিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। জীবনের কঠিন সময় ও সংশয়ের মুহূর্তগুলোতে এই মূল্যবোধ আমাকে দৃঢ় থাকতে সাহায্য করেছে।
প্রশ্ন: আপনি লিখেছেন, জরুরি অবস্থার সঙ্গে জনমনে সঞ্জয় গান্ধীর নাম জড়িয়ে গিয়েছিল। রাজীব গান্ধী বিভিন্ন জায়গা থেকে পাওয়া অভিযোগ ও প্রতিক্রিয়া তাঁর মা ইন্দিরা গান্ধীকে জানাতেন, কিন্তু তিনি সেগুলোর কোনো জবাব দিতেন না। ইন্দিরা গান্ধী যদি রাজীব ও অন্যদের সতর্কবার্তা গুরুত্ব দিয়ে শুনতেন, তাহলে কি জরুরি অবস্থার সময়কার বাড়াবাড়ি এড়ানো সম্ভব হতো?
সোনিয়া গান্ধী: শুধু সঞ্জয় গান্ধী নন, যদিও জনমনে জরুরি অবস্থার সঙ্গে তাঁর নামই বেশি জড়িয়ে আছে। ইন্দিরা গান্ধীর কয়েকজন জ্যেষ্ঠ সহকর্মীর কাছ থেকেও তাঁর ওপর প্রচণ্ড চাপ ছিল। আমার মনে হয়, রাজীবের মতো ভিন্নমত পোষণকারী মানুষ তাঁর আশপাশে খুব কম ছিলেন। শেষ পর্যন্ত আমার শাশুড়ি নিজের প্রজ্ঞা দিয়ে পরিস্থিতি বুঝতে পেরেছিলেন এবং তা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন।
প্রশ্ন: আপনি নিজেও জরুরি অবস্থার সময়টি দেখেছেন এবং এর বিরোধিতা করেছেন। স্বাধীন ভারতের ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি অন্ধকার অধ্যায়। একে কি শুধু অতিরিক্ত কেন্দ্রীভূত শাসনব্যবস্থার কিছু বাড়াবাড়ি হিসেবে না দেখে গণতন্ত্রবিরোধী ও কর্তৃত্ববাদী সময় হিসেবে চিহ্নিত করা উচিত নয়?
সোনিয়া গান্ধী: জরুরি অবস্থা চলাকালে কী ঘটছিল, তার প্রকৃত গুরুত্ব আমি বুঝতে পেরেছি পরে। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার সীমিত করা হয়েছিল এবং ব্যক্তিকে বেআইনিভাবে আটক করার বিরুদ্ধে আদালতে যাওয়ার অধিকারও স্থগিত করা হয়েছিল। তবে এসব সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই করা হয়েছিল।
তারপরও সেই সময়ের দিকে ফিরে ইন্দিরা গান্ধীর দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে দেখি, তিনি দ্রুত অবনতিশীল পরিস্থিতি সামাল দিতে সংগ্রাম করছিলেন। সহিংস বিক্ষোভ, সরকারি কার্যালয় ও গণপরিবহনে অগ্নিসংযোগ, ব্যাপক সংগঠিত অস্থিরতা এবং এমনকি আমলাতন্ত্র ও সশস্ত্র বাহিনীকে সরকারি নির্দেশ অমান্য করার আহ্বানও জানানো হয়েছিল।
পেছনে ফিরে তাকালে আমরা বিষয়গুলো আরও ভালোভাবে মূল্যায়ন করতে পারি। তবে ভুলে গেলে চলবে না, ইন্দিরা গান্ধী নিজেই পরিস্থিতির বাস্তবতা বুঝতে পেরেছিলেন এবং ১৯৭৭ সালের মার্চে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি প্রকাশ্যেই জরুরি অবস্থার সময়কার বাড়াবাড়ির জন্য অনুশোচনা প্রকাশ করেছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন।
প্রশ্ন: আপনার বইয়ে আরএসএস, বিজেপি ও সংঘ পরিবারের ভূমিকা এবং ভারতের সমাজ ও রাজনীতির ওপর তাদের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। বিশেষ করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের মতো সাংবিধানিক মূল্যবোধের জন্য তাদের কর্মকাণ্ডকে আপনি বিপজ্জনক মনে করেন। কংগ্রেস কি ঐতিহাসিকভাবে এবং সাম্প্রতিক সময়ে হিন্দুত্ববাদী শক্তির থেকে নিজেকে যথেষ্ট স্পষ্টভাবে আলাদা করতে পেরেছে?

সোনিয়া গান্ধী: অবশ্যই পেরেছে! আমি স্বীকার করি, দলের ভেতরে কিছু মানুষ ছিলেন, যাঁরা মনে করতেন ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমাদের অবস্থান এতটা স্পষ্ট বা কঠোর হওয়া উচিত নয়। কিন্তু সেটি দলের অবস্থান নয়। আমাদের নীতি ও কর্মকাণ্ডে আমি মনে করি, মানুষ যেন ভয় ছাড়াই নিজেদের ধর্ম ও বিশ্বাস পালন করতে পারে, সেই সাংবিধানিক অধিকারের পক্ষে আমরা ধারাবাহিকভাবে দাঁড়িয়েছি।
প্রশ্ন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আপনার আদর্শিক পার্থক্যের কথা বইয়ে লিখেছেন। তবে আপনি তাঁর মধ্যে প্রচলিত শাসকগোষ্ঠীর প্রতি একধরনের অস্বস্তিও লক্ষ্য করেছেন। দিল্লির অভিজাত মহলের বৈঠকখানায় বসে আপনি নিজেও অস্বস্তি বোধ করতেন বলে উল্লেখ করেছেন। সেখানে রাজনৈতিক আলোচনা সাধারণ মানুষের বাস্তবতা থেকে অনেক দূরে থাকত। আপনি আরও লিখেছেন, মোদির সাধারণ পরিবার থেকে উঠে আসার বিষয়টি তাঁর প্রচার দল হয়তো অতিরঞ্জিত করেছে, কিন্তু তিনি আরএসএসের ভেতরে সুবিধাবঞ্চিত পরিবেশ থেকে নিজের অবস্থান তৈরি করেছেন। এ থেকে কংগ্রেসের কী শিক্ষা নেওয়া উচিত?
সোনিয়া গান্ধী: এটা সত্য যে তিনি সম্পূর্ণ ভিন্ন একটি আদর্শিক জগৎ থেকে এসেছেন। তবে রাজনীতিতে সফল হওয়ার অনেক পথ রয়েছে। কংগ্রেসের মধ্যেই এর উদাহরণ হিসেবে ড. মনমোহন সিং এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথা বলা যায়। আরএসএসের কাছ থেকে আমাদের শেখার মতো তেমন কিছু আছে বলে আমি মনে করি না।
প্রশ্ন: কংগ্রেস নেতা শরদ পাওয়ার, পি এ সাংমা ও তারিক আনোয়ার যখন আপনার বিদেশি জন্মের বিষয়টি তুলে ধরে ভারতের উচ্চপদে আপনার দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন আপনি গভীরভাবে আঘাত পেয়েছিলেন বলে লিখেছেন। আপনি লিখেছেন, ‘আমার চোখে পানি চলে এসেছিল এবং আমি বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমি পদ বা ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি। যাঁরা আমাকে রাজনীতিতে আসতে উৎসাহিত করেছিলেন, তাঁরাই এখন আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছিলেন।’ আপনি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগও করেছিলেন। এই ঘটনা কি পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল?
সোনিয়া গান্ধী: অবশ্যই আমি আঘাত পেয়েছিলাম। তাঁরা আমার সহকর্মী ছিলেন এবং তাঁদের ওপর আমার আস্থা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারলাম, তাঁরা আমার ওপর সেই আস্থা রাখেননি। তাঁরা যে আমাকে এখনো বাইরের মানুষ হিসেবে দেখছেন, সেটি ছিল বড় ধাক্কা। এখন পেছনে ফিরে তাকালে বুঝতে পারি, তাঁদের নিজস্ব কিছু কারণ হয়তো ছিল।
তবে সেটি ছিল রাজনীতিতে আমার একেবারে শুরুর সময়। প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা তখন আমার মাথায় ছিল না। হ্যাঁ, আমি পদত্যাগ করেছিলাম। কিন্তু নিজের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে বুঝতে পারি, ব্যক্তিগত অনুভূতির কারণে বৃহত্তর লক্ষ্য থেকে সরে আসা যাবে না। আমাকে দায়িত্ব পালন চালিয়ে যেতে হবে।
প্রশ্ন: আপনার বইয়ের ৩০তম অধ্যায়ে ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী না হওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তখন প্রায় সবাই ধরে নিয়েছিলেন, আপনিই প্রধানমন্ত্রী হবেন। নির্বাচনের কয়েক মাস আগে নিজের এক সন্তানকে আপনি বলেছিলেন, কংগ্রেস জিতলেও প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করবেন না। রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই এর বিরোধিতা করেছিলেন। তাঁদের দাদি ও বাবার হত্যাকাণ্ডের স্মৃতি তাঁদের মনে ছিল এবং তাঁরা মনে করতেন, প্রধানমন্ত্রীর পদটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরে দলীয় নেতাদের চাপের মুখে আপনি সম্মতি দিলেও শেষ পর্যন্ত মত পরিবর্তন করেন। ড. মনমোহন সিং প্রধানমন্ত্রী হন। আপনি কি কখনো ভেবেছেন, আপনি প্রধানমন্ত্রী হলে ইউপিএ সরকারের নীতি ও কংগ্রেসের রাজনৈতিক কৌশল কেমন হতো?

সোনিয়া গান্ধী: না, একেবারেই না। এমন চিন্তা কখনো আমার মাথায় আসেনি। আমাদের অভিজ্ঞতা মোটের ওপর খুব ইতিবাচক ছিল। আমরা একটি দল হিসেবে কাজ করেছি এবং প্রত্যেকের দায়িত্ব ছিল আলাদা। তিনি সরকার পরিচালনা করেছেন, আর আমি দল পরিচালনার দায়িত্বে ছিলাম।
প্রশ্ন: বইয়ের শেষ অংশে আপনি লিখেছেন, ভারতে আসা এবং রাজীবের পরিবারের সঙ্গে জীবন গড়ে তোলার বিষয়ে ব্যক্তিগতভাবে আপনার কোনো অনুশোচনা নেই। তবে রাজনৈতিক জীবনে কিছু আপস নিয়ে আপনার মনে প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, ‘আমি এখন নিজেকে প্রশ্ন করি, সেই আপসগুলো কি আদৌ তাদের উদ্দেশ্য পূরণ করেছিল? সব সময় নয়। এমনকি যখন সেগুলো দলের জন্য লাভজনক মনে হয়েছে, তখনও ভেতর থেকে আনন্দ অনুভব করতে পারিনি। সেগুলো এখনো আমার বিবেককে স্বস্তি দেয় না।’ কী ধরনের আপসের কথা বলছেন? কয়েকটি উদাহরণ দেওয়া সম্ভব?
সোনিয়া গান্ধী: বাস্তবতা হলো, রাজনীতিতে কখনো কখনো আপস অনিবার্য হয়ে পড়ে। কিছু কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে এমন ব্যক্তিদের সঙ্গে হাত মেলাতে হয়েছে, যাঁদের রাজনৈতিক আদর্শ আমাদের সঙ্গে মেলে না। বিষয়টি কখনোই আমার কাছে স্বস্তিকর ছিল না। তবে একটি বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত—বিজেপি ও আরএসএসের সঙ্গে আমরা কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না।
প্রশ্ন: গত এক দশক বা তারও বেশি সময়ে সংসদীয় রাজনীতি ও জনজীবন থেকে শালীনতা ও সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে বলে আপনি আক্ষেপ করেছেন। আপনার মতে, ভিন্নমত পোষণকারীদের ছোট করা ও হয়রানি করার যে প্রবণতা কর্তৃত্ববাদী শাসনের বৈশিষ্ট্য, তা এখন বেড়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতাচ্যুত হলে কি রাজনীতি আবার নীতি ও কর্মসূচিভিত্তিক প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবে?
সোনিয়া গান্ধী: গত ১২ বছরে আমাদের দেশের সামাজিক কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই সরকার ক্ষমতা ছাড়ার পরও আমাদের ব্যবস্থাগুলোকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে। এর জন্য রাজনৈতিক দলগুলোর বড় ধরনের প্রচেষ্টা প্রয়োজন হবে।
মানুষ এখন ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে এবং ক্ষতির বিষয়টি বুঝতে পারছে। তবে আমি আশাবাদী। আমি জানি, ভারতের জনগণ আবার সঠিক শাসনব্যবস্থায় ফিরে আসাকে স্বাগত জানাবে।
প্রশ্ন: ভারতের প্রধান রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের অবস্থান যে দুর্বল হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। গত তিন দশকে হিন্দুত্ববাদী শক্তির উত্থান ঠেকাতে দলটি সংগ্রাম করেছে। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে কিছুটা ঘুরে দাঁড়ালেও দীর্ঘমেয়াদে পতনের ধারা থামাতে পারেনি বলে সমালোচকেরা মনে করেন। আপনার দৃষ্টিতে কংগ্রেসের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা কেমন?

সোনিয়া গান্ধী: আমি এতটা হতাশাবাদী নই। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলো সমান সুযোগ পায়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন, মূলধারার সংবাদমাধ্যম, অর্থনৈতিক শক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার—সবকিছুই তাদের প্রভাবের মধ্যে রয়েছে।
তারপরও আমাদের দল লড়াই করছে এবং এগিয়ে যাচ্ছে। এই আক্রমণ মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে একমাত্র কংগ্রেসই। আমাদের নেতা-কর্মীরা অসাধারণ সাহস দেখিয়েছেন। নানা ধরনের নিপীড়নের মুখেও তাঁরা প্রতিটি গ্রাম ও জেলায় সংবিধানে বর্ণিত মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করছেন।
সাম্প্রতিক মাসগুলোতে এটিও যথেষ্ট স্পষ্ট হয়েছে যে অনেক নির্বাচনে কারচুপি হয়েছে। মানুষ এখন এ বিষয়ে আগের চেয়ে বেশি সচেতন। কংগ্রেস সমমনা দলগুলোর সঙ্গে কাজ করছে এবং আমাদের সম্ভাবনা প্রতিদিনই বাড়ছে।
প্রশ্ন: আপনার বইটির প্রকাশক পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়েছে। ২০২৬ সালের আগস্টের শেষ দিকে জানা যায়, পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া বইটি আর প্রকাশ করছে না। সেপ্টেম্বরের শুরুতে হারপারকলিন্স ইন্ডিয়া জানায়, ১০ নভেম্বর বইটি প্রকাশ করা হবে। প্রকাশক পরিবর্তনের পর বইয়ের কিছু বিষয়—বিশেষ করে নরেন্দ্র মোদি, আরএসএস, সাম্প্রদায়িক উত্তেজনা, সংখ্যালঘু এবং চীনের সঙ্গে ভারতের সংঘাত, গালওয়ান পরিস্থিতি—নিয়ে মতবিরোধের খবর প্রকাশিত হয়। পেঙ্গুইনের বক্তব্য ছিল, পাণ্ডুলিপি নিয়ে মতবিরোধের পর আপনারাই প্রকাশনা এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি কি সত্য? এটি কি বইয়ের বিষয়বস্তু নিয়ে মতবিরোধ, নাকি লেখকের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বৃহত্তর কোনো প্রশ্ন?
সোনিয়া গান্ধী: এসব বিতর্কে আমি জড়াতে চাই না।
মূল সাক্ষাৎকার: এন রাম, দ্য হিন্দু | প্রকাশের তারিখ: ৭ নভেম্বর ২০২৬












