রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার সীমানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের একটি আমগাছের নিচে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো পুলিশ সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হননি।
খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. ফখরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে এসে থামে। এরপর তারা গেটের বাইরে থেকে থানা প্রাঙ্গণ লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক ভবনের সামনের আমগাছের নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সেখানে ধোঁয়ার সৃষ্টি হয় এবং থানা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলাকারীদের শনাক্তে তদন্ত
পুলিশ কর্মকর্তা জানান, আকস্মিক এ বিস্ফোরণে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মোটরসাইকেলে আসা হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এ ছাড়া আশপাশের বিভিন্ন স্থানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।












