ভারতে ভুয়া আদালতের আদেশ ব্যবহার করে ১২৯টি অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। কিন্তু পরে দেখা গেছে, যেসব উচ্চ আদালতের আদেশের ভিত্তিতে এসব ওয়েবসাইট বন্ধ করা হয়, সেগুলো আসলে জাল। বিষয়টি প্রকাশ্যে আসার পর অন্তত একটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট এবং রাজস্থানের উচ্চ আদালতের নাম ব্যবহার করে এসব ভুয়া আদেশ তৈরি করা হয়েছিল। আদালতের সিল, জাতীয় প্রতীক এবং সত্যতা যাচাইয়ের জন্য কিউআর কোডও ব্যবহার করা হয়। ফলে সরকারি কর্মকর্তাদের পক্ষে আদেশগুলোর সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, ভারতের টেলিযোগাযোগ বিভাগ গত ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর দুটি পৃথক নির্দেশ জারি করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে মোট ১২৯টি ওয়েবসাইট বন্ধ করতে বলে। এর মধ্যে প্রথম নির্দেশে ৩৪টি এবং দ্বিতীয় নির্দেশে ৯৫টি ওয়েবসাইট বন্ধের কথা বলা হয়।
আদালতের নথিতে নেই কোনো আদেশ
রয়টার্স সংশ্লিষ্ট দুই আদালতের অনলাইন নথি যাচাই করে এসব আদেশের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। পরে সংবাদমাধ্যমটির প্রশ্নের জবাবে রাজস্থান হাইকোর্টের রেজিস্ট্রার জানান, আদালতের নামে প্রচারিত আদেশটি জাল বলে মনে হচ্ছে। আদালতের নিজস্ব সার্ভারেও এমন কোনো আদেশ পাওয়া যায়নি।
অন্যদিকে, এলাহাবাদ হাইকোর্টের নামে জারি করা আদেশটিও ভুয়া বলে নিশ্চিত হয়েছে আদালত। রয়টার্সের অনুসন্ধানের পর গত ৬ নভেম্বর এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশি নথি অনুযায়ী, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশের সাইবার অপরাধ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ঘনশ্যাম যাদব রয়টার্সকে বলেন, এটি এলাহাবাদ হাইকোর্টের কোনো প্রকৃত আদেশ নয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আদালতের সিল ও ভুয়া কিউআর কোড
রাজস্থান হাইকোর্টের নামে তৈরি প্রথম ভুয়া আদেশটি গত ১৯ জুলাই রাতে ভারতের টেলিযোগাযোগ বিভাগে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়। সেখানে আদেশটি পাঠানো ব্যক্তিকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। তাঁর নাম উল্লেখ করা হয় আরিয়ান চৌধুরী।
আদেশটিতে ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকরের কথা বলা হয়। পাশাপাশি আদালতের রেজিস্ট্রারের স্বাক্ষর ও সিল থাকার দাবিও করা হয়। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের এমন একটি ধারার উল্লেখ ছিল, যার আওতায় জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া যায়।
এর দুই দিন পর সরকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ৩৪টি অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়।
এলাহাবাদ হাইকোর্টের নামে তৈরি দ্বিতীয় আদেশটিতে আদালতের লোগো, সিল ও একটি কিউআর কোড ব্যবহার করা হয়েছিল। সাধারণত এ ধরনের কিউআর কোডের মাধ্যমে আদালতের আদেশের সত্যতা যাচাই করা যায়। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, কোডটি আদালতের কোনো সরকারি নথিতে না নিয়ে গিয়ে একটি এলোমেলো ওয়েবপেজে নিয়ে যায়।
এই আদেশটি ১৪ আগস্ট জারি হয়েছে বলে দেখানো হয়েছিল। এতে বিচারপতি গরিমা প্রসাদের নাম ব্যবহার করা হয়। তবে পুলিশি নথিতে বলা হয়েছে, বিচারপতির দপ্তর নিশ্চিত করেছে, তাঁর নামে এমন কোনো আদেশ দেওয়া হয়নি।
অনলাইন নিয়ন্ত্রণব্যবস্থায় নতুন উদ্বেগ
ভারতে অনলাইন কনটেন্ট ও ওয়েবসাইট বন্ধের সরকারি ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিরোধী মত ও অনলাইন বক্তব্য নিয়ন্ত্রণে অতিরিক্ত কঠোর হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে। তবে সরকার বরাবরই বলে আসছে, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনেই এসব নির্দেশ দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও ভারতে ভুয়া সরকারি নির্দেশের ঘটনায় জড়িয়ে পড়ে। প্ল্যাটফর্মটি আদালতকে জানিয়েছিল, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা দুটি সংগঠনের অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে পুলিশের নামে পাঠানো নির্দেশগুলোও জাল বলে শনাক্ত হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্টও জাল বিচারিক নথি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত বছর আদালত বলেছিল, বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে।
রয়টার্সের অনুসন্ধানে উঠে আসা ঘটনাটি ভারতের সরকারি ওয়েবসাইট বন্ধের প্রক্রিয়ায় নথির সত্যতা যাচাই নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে আদালতের সিল, জাতীয় প্রতীক ও কিউআর কোড ব্যবহার করেও কীভাবে জাল আদেশ সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে কার্যকর হলো, তা নিয়ে তদন্তের প্রয়োজন দেখা দিয়েছে।












