শীতকালীন ফসলের মৌসুমে কৃষকদের জন্য সারের সরবরাহ নিশ্চিত করতে ৬৬ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ছয় মাসের জন্য এ ভর্তুকি দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধি এবং সরবরাহব্যবস্থায় অস্থিরতার মধ্যে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানান, শীতকালীন ফসলের মৌসুমে সারের জন্য ৬২৩ দশমিক ৭০ বিলিয়ন রুপি বা ৬৬৫ কোটি ডলারের সমপরিমাণ ভর্তুকি অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গত বছরের শীতকালীন মৌসুমে এ খাতে বরাদ্দ ছিল ৩৭৯ দশমিক ৫ বিলিয়ন রুপি। নতুন বরাদ্দ আগের বছরের তুলনায় ২৪৪ দশমিক ২ বিলিয়ন রুপি বেশি। অর্থাৎ ভর্তুকির পরিমাণ বেড়েছে প্রায় ৬৪ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব
রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বজুড়ে সারের সরবরাহব্যবস্থা এখনো বাধাগ্রস্ত হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সার ও কাঁচামালের আন্তর্জাতিক বাজারমূল্য বেড়েছে। পাশাপাশি সার আমদানিতে ভারতের ব্যয় এবং সরকারের ভর্তুকির চাপও বৃদ্ধি পেয়েছে।
ভারত সরকারের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সারের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তুকি নির্ধারণ এবং কৃষকদের জন্য সারের সহজলভ্যতা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।
বাজেটের তুলনায় ভর্তুকির চাহিদা বেড়েছে
নতুন বরাদ্দের ফলে শীতকালীন ও গ্রীষ্মকালীন—দুই মৌসুম মিলিয়ে সারের জন্য মোট ভর্তুকির প্রয়োজন দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ০৪ ট্রিলিয়ন রুপি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পুষ্টি উপাদানভিত্তিক সার ভর্তুকির জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৫৪০ বিলিয়ন রুপি। নতুন হিসাব অনুযায়ী, দুই মৌসুমের মোট প্রয়োজনীয়তা ওই বরাদ্দের তুলনায় প্রায় ৯২ শতাংশ বেশি।
তবে ইউরিয়াসহ সব ধরনের সারের জন্য চলতি অর্থবছরের মোট ভর্তুকি বরাদ্দ ধরা হয়েছিল ১ দশমিক ৭ ট্রিলিয়ন রুপি।
কোন কোন সারে মিলবে ভর্তুকি

সরকার জানিয়েছে, পুষ্টি উপাদানভিত্তিক ভর্তুকি কর্মসূচির আওতায় ফসফেট ও পটাশযুক্ত সারে এ অর্থ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং বিভিন্ন ধরনের এনপিকেএস সার।
আন্তর্জাতিক বাজারে সারের সাম্প্রতিক মূল্যপ্রবণতা এবং ইউরিয়া, ডিএপি, মিউরিয়েট অব পটাশ ও সালফারের মতো কাঁচামালের ব্যয় বিবেচনায় নিয়ে ভর্তুকির হার অনুমোদন করা হয়েছে।
ভারতের কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহব্যবস্থায় সারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও কৃষকদের জন্য সারের মূল্য সহনীয় রাখতে সরকার এ খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে।












