বিশ্বব্যবস্থা ক্রমেই বিভক্ত ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। বড় শক্তিগুলোর মধ্যে ভূরাজনৈতিক বিরোধ, আন্তর্জাতিক আইনের প্রতি অনীহা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা—সব মিলিয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রচলিত কাঠামো নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে শুধু পরাশক্তিগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করলে চলবে না। বরং মধ্যম শক্তির দেশগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে নতুন কূটনৈতিক অবস্থান তৈরি করা জরুরি।
ইন্দোনেশিয়া ও নেদারল্যান্ডসের সম্পর্ক এই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভৌগোলিক আয়তন, জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা কিংবা ইতিহাসের বিচারে দেশ দুটির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থান ও স্বার্থের জায়গায় উল্লেখযোগ্য মিল আছে। উভয় দেশই এমন এক বিশ্বব্যবস্থার অংশ, যেখানে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যেও নিজেদের অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়।
এই অভিন্ন বাস্তবতাই মধ্যম শক্তির দেশগুলোর সহযোগিতাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
পরাশক্তির প্রতিযোগিতার বাইরে নতুন কূটনৈতিক শক্তি
বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতা অনেক ক্ষেত্রেই বিশ্বরাজনীতির গতিপথ নির্ধারণ করছে। কিন্তু এই প্রতিযোগিতার প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে হচ্ছে মধ্যম ও অপেক্ষাকৃত ছোট অর্থনীতির দেশগুলোকে। তাদের জন্য একদিকে বড় শক্তিগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
এ অবস্থায় মধ্যম শক্তির দেশগুলোর সামনে একটি বিকল্প পথ রয়েছে। সেটি হলো, কোনো একটি পরাশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বহুপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে নিজেদের সম্মিলিত প্রভাব বাড়ানো।
ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক অবস্থান এ ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জভিত্তিক রাষ্ট্র, বৃহত্তম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তৃতীয় বৃহত্তম গণতন্ত্র হিসেবে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অনেক। একই সঙ্গে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলোর মধ্যে ঐতিহাসিক সংহতি গড়ে তোলার ক্ষেত্রেও ইন্দোনেশিয়ার ভূমিকা রয়েছে। ১৯৫৫ সালের বান্দুং সম্মেলন ছিল সেই ঐতিহাসিক উদ্যোগের অন্যতম ভিত্তি।
অন্যদিকে নেদারল্যান্ডসের রয়েছে ইউরোপীয় অর্থনীতি, প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান। ফলে দুই দেশের সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তর সংযোগ তৈরির সুযোগও সৃষ্টি করে।
জলবায়ু পরিবর্তন: অভিন্ন সংকট, যৌথ সমাধান
মধ্যম শক্তির দেশগুলোর সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি জলবায়ু পরিবর্তন। সমুদ্র উপকূলবর্তী দেশ হিসেবে নেদারল্যান্ডস ও ইন্দোনেশিয়া উভয়ই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ভূমির ক্ষয় এবং চরম আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে।
এই সংকট মোকাবিলায় শুধু পরিবেশগত নীতিমালা যথেষ্ট নয়। প্রয়োজন নগর পরিকল্পনা, কৃষি উৎপাদন, অবকাঠামো এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিবর্তন।
জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে উন্নত বীজ প্রযুক্তি, পরিবর্তিত আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম ফসল এবং কৃষি উৎপাদনের নতুন পদ্ধতি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে। নেদারল্যান্ডসের দীর্ঘদিনের কৃষি ও পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা ইন্দোনেশিয়ার জন্য কার্যকর হতে পারে। দুই দেশের চলমান সহযোগিতায় জলবায়ু সহনশীল বীজ প্রযুক্তিও গুরুত্ব পাচ্ছে।
এ ধরনের অংশীদারত্বের তাৎপর্য হলো, প্রযুক্তিগত সক্ষমতা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্য দেশের বাস্তব চাহিদা অনুযায়ী ব্যবহার করা।
সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের প্রশ্ন
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তাও দুই দেশের অভিন্ন স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মালাক্কা প্রণালি দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশ চলাচল করে। ফলে এই নৌপথের নিরাপত্তা শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ার বিষয় নয়, বৈশ্বিক অর্থনীতি ও সরবরাহব্যবস্থার সঙ্গেও সরাসরি যুক্ত।
এ ধরনের গুরুত্বপূর্ণ নৌপথে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় চুক্তির কার্যকর প্রয়োগ অপরিহার্য। সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘের সনদ (আঙ্কলস) এ ক্ষেত্রে প্রধান আন্তর্জাতিক কাঠামো হিসেবে কাজ করছে।
কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বড় শক্তিগুলোর একটি অংশ যখন আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানের প্রতি আগের মতো অঙ্গীকার দেখাচ্ছে না, তখন এই কাঠামো রক্ষার দায়িত্ব অন্য দেশগুলোর ওপরও বর্তায়। মধ্যম শক্তির দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার পক্ষে অবস্থান নিলে তাদের কূটনৈতিক প্রভাব বাড়তে পারে।
এখানে মূল বিষয় কোনো পরাশক্তির বিরোধিতা করা নয়; বরং এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা টিকিয়ে রাখা, যেখানে রাষ্ট্রের শক্তির চেয়ে আইন ও নীতির গুরুত্ব বেশি।
বাণিজ্য ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনা
ইন্দোনেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) দুই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করেছে। চুক্তিটি আগামী বছরের শুরুতে কার্যকর হওয়ার কথা। এর ফলে ইউরোপীয় বাজারে ইন্দোনেশিয়ার পণ্য প্রবেশের সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইন্দোনেশিয়ায় নেদারল্যান্ডস ইতোমধ্যে ইউরোপের বৃহত্তম বিনিয়োগকারী। ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি ইন্দোনেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ইউরোপীয় বাজারে প্রবেশের সুযোগ তৈরির আগ্রহ রয়েছে দেশটির।
তবে ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিযোগিতা শুধু প্রচলিত পণ্য বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন হবে অর্থনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ নির্ধারক। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতের মধ্যে সহযোগিতা দুই দেশের দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়াতে পারে।
বহুপক্ষীয় ব্যবস্থায় ইন্দোনেশিয়ার গুরুত্ব
আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে ইন্দোনেশিয়ার অবস্থানও দেশটিকে গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করেছে। জাকার্তায় আসিয়ানের সচিবালয় অবস্থিত। আসিয়ানের অন্তর্ভুক্তিমূলক ও আলোচনাভিত্তিক কূটনৈতিক পদ্ধতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিকল্প দৃষ্টান্ত তৈরি করেছে। মতপার্থক্য থাকা সত্ত্বেও সংলাপ ও সমঝোতার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার এই পদ্ধতি বর্তমান বিশ্বে বিশেষ গুরুত্ব বহন করে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমেও ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী সেনা প্রেরণকারী রাষ্ট্র। আগামী বছর নেদারল্যান্ডস ও ইন্দোনেশিয়া যৌথভাবে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশের সহযোগিতার আরেকটি ক্ষেত্র।
নতুন বিশ্বব্যবস্থায় অংশীদারত্বের প্রয়োজন
বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে পুরোনো আন্তর্জাতিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন বাড়ছে। বাণিজ্য, নিরাপত্তা, জলবায়ু ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। অথচ ভূরাজনৈতিক প্রতিযোগিতা সেই সহযোগিতাকে কঠিন করে তুলছে।
এ বাস্তবতায় মধ্যম শক্তির দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের স্বার্থকে একটি অভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে রূপ দেওয়া। শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য বা বিনিয়োগ বাড়ানো যথেষ্ট নয়। আন্তর্জাতিক আইন, জলবায়ু ন্যায়বিচার, সামুদ্রিক নিরাপত্তা এবং বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা রক্ষায়ও তাদের সক্রিয় হতে হবে।
ইন্দোনেশিয়ার মতো দেশ এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। দেশটির আঞ্চলিক প্রভাব, ঐতিহাসিক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপক্ষীয় সহযোগিতার ঐতিহ্য তাকে আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। নেদারল্যান্ডসের মতো অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হলে সেই ভূমিকা বাস্তব শক্তিতে রূপ নিতে পারে।
শেষ পর্যন্ত একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা কেবল বৃহৎ শক্তিগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করতে পারে না। বরং যেসব দেশ আন্তর্জাতিক আইন, মুক্ত বাণিজ্য, শান্তি ও সহযোগিতায় বিশ্বাস করে, তাদের সম্মিলিত উদ্যোগই হতে পারে বিশ্বব্যবস্থার ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি। বিভক্তির এই সময়ে মধ্যম শক্তির দেশগুলোর ঐক্য তাই কেবল কূটনৈতিক পছন্দ নয়, বরং আন্তর্জাতিক স্থিতিশীলতার প্রয়োজনীয় শর্ত।












