যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতি ও বিতর্কিত রাজনৈতিক কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই স্টিফেন মিলারের। বরং হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পেয়ে নিজের রাজনৈতিক প্রভাব আরও বাড়ানোর অবস্থানে রয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী এই নীতিনির্ধারক এখন প্রেসিডেন্টের ক্ষমতা আরও বিস্তৃত করার পাশাপাশি বিরোধীদের প্রতিরোধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন।
মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানদের একাংশ ট্রাম্পকে বিতর্কিত নীতিগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। নির্বাচনে দলটির বড় ধরনের বিপর্যয়ের জন্য অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানসহ কয়েকটি নীতিকে দায়ী করা হচ্ছে। এমনকি ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার কথাও ভেবেছেন ট্রাম্প। কিন্তু মিলারের অবস্থানে কোনো পরিবর্তন দেখা যায়নি।
নির্বাচনের পরদিন ভোট গণনা চলার মধ্যেই জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন মিলার। সেখানে অভিবাসননীতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের ফলাফল কিংবা কঠোর নীতি শিথিল করার বিষয়ে কোনো কথা ওঠেনি। বরং নির্বাসন বাড়ানো, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কমানো এবং নিজ দেশের পরিবর্তে দূরবর্তী বিভিন্ন দেশে অভিবাসীদের পাঠানোর কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়ে কর্মকর্তাদের চাপ দেন তিনি।
ট্রাম্পের ক্ষমতার আরও কাছাকাছি মিলার
৪১ বছর বয়সী মিলারের নতুন দায়িত্ব তাঁর দীর্ঘ রাজনৈতিক উত্থানের গুরুত্বপূর্ণ ধাপ। ২০১৬ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্পের বক্তৃতা লেখার দায়িত্ব থেকে শুরু করে বর্তমানে হোয়াইট হাউসের সবচেয়ে ক্ষমতাধর নীতিনির্ধারকদের একজন হয়ে উঠেছেন তিনি।
আগের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস পর্দার আড়ালে থেকে প্রশাসনের বিভিন্ন বিষয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতেন। বিশেষ করে অভিবাসননীতিতে মিলারের কঠোর অবস্থান কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ছিল তাঁর। কিন্তু নতুন দায়িত্বের মধ্য দিয়ে ট্রাম্প মিলারকে আরও বেশি ক্ষমতা ও দৃশ্যমান ভূমিকা দিয়েছেন।
ট্রাম্প নিজেও মিলারের প্রতি আস্থার কথা জানিয়েছেন। তাঁর ভাষায়, মিলার একজন লড়াকু ব্যক্তি এবং শুরু থেকেই তাঁর সঙ্গে রয়েছেন।
অভিবাসননীতি ছাড়িয়ে বিস্তৃত রাজনৈতিক প্রভাব
মিলারের প্রভাব শুধু অভিবাসননীতির মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কঠোর অভিযান, শরণার্থী কর্মসূচি স্থগিত এবং দেশজুড়ে অভিবাসীদের আটক ও বহিষ্কারের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনের অভিযোগে বেসামরিক নৌযানে প্রাণঘাতী হামলার পক্ষেও অবস্থান নিয়েছেন মিলার। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ব্যবহারের উদ্যোগেও তাঁর ভূমিকা ছিল। ওয়াশিংটন ডিসিতে কেন্দ্রীয় সরকারের কঠোর নিরাপত্তা অভিযান পরিচালনার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগেও যুক্ত ছিলেন তিনি। এ বছরের শুরুতে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে একটি নির্বাহী আদেশের খসড়া ছড়িয়ে দেন মিলার। পরে ট্রাম্প এর একটি সংস্করণে স্বাক্ষর করেন।
তদন্তের মুখে পড়তে পারেন
নতুন দায়িত্বে মিলারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ডেমোক্র্যাটদের তদন্ত ও কংগ্রেসের নজরদারি। মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের গুরুত্বপূর্ণ কমিটিগুলোর নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত খতিয়ে দেখার সুযোগ তৈরি হয়েছে।
প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির নেতৃত্বে আসতে যাওয়া ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রবার্ট গার্সিয়া মিলারকে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অসাংবিধানিক অভিযানের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে আখ্যায়িত করেছেন।
অন্যদিকে ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র মার্জোরি টেলর গ্রিন মনে করেন, মিলারের ক্ষমতা বাড়ায় প্রশাসনের কঠোর নীতিগুলো আরও জোরালো হতে পারে। তাঁর আশঙ্কা, ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের মুখে প্রশাসন আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে।
মিলার কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় আগ্রহী নন। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার ক্ষমতা সীমিত করার উদ্যোগের বিরুদ্ধেও তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের অবস্থান নিতে চাপ দিয়েছেন।
রিপাবলিকানদের মধ্যেও বাড়ছে অসন্তোষ
মিলারের কঠোর অভিবাসননীতির কারণে রিপাবলিকান দলের ভেতরেও অসন্তোষ তৈরি হয়েছে। মিনিয়াপোলিসে কেন্দ্রীয় এজেন্টদের গুলিতে দুই বাসিন্দা রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার পর তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা হয়।
উত্তর ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর থম টিলিস অভিযোগ করেছিলেন, মিলার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এবং চিন্তাভাবনার আগেই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্টকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন।
ইন্ডিয়ানার রিপাবলিকান প্রতিনিধি মারলিন স্টুটজম্যানও তাঁর পদোন্নতির বিরোধিতা করেছেন। তাঁর মতে, মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পর ট্রাম্পের উচিত ছিল মিলারের কাছ থেকে দূরত্ব তৈরি করা। এমনকি তাঁকে বরখাস্ত করারও দাবি জানিয়েছেন তিনি।
তবে এসব সমালোচনা মিলারের অবস্থান বদলাতে পারেনি। যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি, নির্বাহী ক্ষমতার বিস্তার এবং রাজনৈতিক বিরোধীদের মোকাবিলায় তাঁর কঠোর অবস্থান অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে।












