যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলজুড়ে ছড়িয়ে পড়ছে হাজার হাজার মৃত সামুদ্রিক পাখির দেহ। গত কয়েক মাসে খাবারের অভাবে দুর্বল হয়ে এসব পাখি উপকূলে ভেসে আসছে। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের অস্বাভাবিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামুদ্রিক প্রাণীদের জীবনধারণ কঠিন হয়ে উঠেছে। এর সঙ্গে চলতি বছরের এল নিনো পরিস্থিতি সংকট আরও বাড়িয়ে তুলছে।
সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেসের মধ্যবর্তী ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলে এই পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে। গত সেপ্টেম্বর থেকে একটি সৈকতেই ১ হাজার ৯০০টির বেশি মৃত সামুদ্রিক পাখির সন্ধান পেয়েছেন বন ও বন্যপ্রাণী কর্মকর্তারা। এ ছাড়া অসুস্থ অবস্থায় আরও প্রায় ৭৫০টি পাখি পাওয়া গেছে। গত বছরের একই সময়ে ওই সৈকতে অসুস্থ ও মৃত পাখির সংখ্যা ছিল মাত্র ১২০টির মতো।
সমুদ্রের উষ্ণতায় খাদ্যসংকট
বিজ্ঞানীদের ধারণা, সমুদ্রের তাপমাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় মাছগুলো অপেক্ষাকৃত গভীর ও ঠান্ডা পানিতে চলে যাচ্ছে। ফলে সাধারণত পানির নিচে ডুব দিয়ে ছোট মাছ শিকার করা সামুদ্রিক পাখি কমন মার বা সামুদ্রিক গিলের খাবার পাওয়া কঠিন হয়ে পড়েছে। খাদ্যসংকটে দুর্বল হয়ে অনেক পাখি মারা যাচ্ছে এবং তাদের মৃতদেহ ভেসে আসছে সৈকতে।
জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা এমনিতেই বাড়ছে। এর সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরে উষ্ণ পানির বিস্তার ঘটানো এই জলবায়ু পরিস্থিতি চলতি শীতে আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
ইন্টারন্যাশনাল বার্ড রেসকিউয়ের প্রধান নির্বাহী জেডি বার্জেরন বলেন, সামুদ্রিক পাখিদের এই পরিস্থিতি বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আগাম সংকেত হতে পারে। তাঁর মতে, পাখিদের বেঁচে থাকার সংগ্রাম থেকে বোঝা যাচ্ছে, সামুদ্রিক পরিবেশে গুরুতর সমস্যা তৈরি হয়েছে।
বিপদে সামুদ্রিক জীববৈচিত্র্য
ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রের উষ্ণতা বাড়ার ফলে সম্প্রতি গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক কচ্ছপ ও হ্যামারহেড হাঙরের মতো প্রাণীর উপস্থিতি দেখা গেছে। সমুদ্রের পানি অনেক বেশি স্বচ্ছ হয়ে ওঠার ঘটনাও পর্যটকদের আকৃষ্ট করছে। তবে এই পরিবর্তন স্থানীয় সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
বিশেষ করে ঠান্ডা পানির ওপর নির্ভরশীল বিশাল সামুদ্রিক শৈবাল, সি লায়ন এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখি ঝুঁকিতে পড়েছে। এর আগে চলতি বসন্তে সামুদ্রিক তাপপ্রবাহের সময় বাদামি পেলিক্যান, ব্র্যান্ডটস করমোর্যান্ট ও কমন মার প্রজাতির পাখির ব্যাপক মৃত্যু হয়েছিল। এখন আবার নতুন করে পাখি মারা যাওয়ার ঘটনা ঘটছে।
চিকিৎসাকেন্দ্রে বাড়ছে অসুস্থ পাখির চাপ
ক্যালিফোর্নিয়ার মোরো বে এলাকার বন্যপ্রাণী চিকিৎসাকেন্দ্র প্যাসিফিক ওয়াইল্ডলাইফ কেয়ারে এ বছর সামুদ্রিক পাখি ভর্তির সংখ্যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গত সেপ্টেম্বর থেকে কেন্দ্রটিতে ৯২৪টি কমন মার ভর্তি করা হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ২৪। অধিকাংশ পাখির শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তাদের চিকিৎসার নথিতে গুরুতর অপুষ্টি ও শারীরিক ক্ষয়ের কথা উল্লেখ করতে হচ্ছে।
চিকিৎসাকেন্দ্রটির উন্নয়ন সমন্বয়ক কেলি বোল্যান্ড বলেন, এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। অসুস্থ পাখিদের বাঁচিয়ে রাখতে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হচ্ছে।
সামনে আরও বাড়তে পারে সংকট
ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলের প্রায় ৪৮০ কিলোমিটার এলাকাজুড়ে এই বিপর্যয়ের প্রভাব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এল নিনোর কারণে আগামী কয়েক মাসে সমুদ্রের তাপমাত্রা আরও বাড়লে সামুদ্রিক প্রাণীর আরও বেশি প্রজাতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির সামুদ্রিক পরিবেশবিজ্ঞানী ট্যামি রাসেলের মতে, আগামী সময়ে আরও বেশি সংখ্যায় বিভিন্ন সামুদ্রিক প্রাণী এই সংকটের শিকার হতে পারে।
বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি, উষ্ণ পানির কারণে মাছের গভীর সমুদ্রে চলে যাওয়াই পাখিদের মৃত্যুর একমাত্র কারণ কি না। এর পাশাপাশি অন্য কোনো পরিবেশগত কারণ কাজ করছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
তবে উপকূলে মৃত পাখির ক্রমবর্ধমান সংখ্যা একটি বিষয় স্পষ্ট করছে—সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন শুধু পানির পরিবেশ নয়, পুরো সামুদ্রিক খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্যের ওপরও গভীর প্রভাব ফেলছে।












