পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩১৬ জন নিহত ও ৪৯০ জন আহত হয়েছেন। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক মানুষ এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক মানুষ এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এই সময়ে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীগুলো বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর ৮১টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাসদস্যদের ওপর ৯৭টি হামলা চালিয়েছে। সরকারি নথিতে একই সময়ে ১৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত ৩৭৭টি ঘটনার তথ্যও আছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার আইনি, প্রশাসনিক ও নিরাপত্তাসংক্রান্ত নানা ব্যবস্থা নিয়েছে। সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলছে। এর লক্ষ্য কেএনএফ, ইউপিডিএফ ও জেএসএসের মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকানো এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব নিয়মিত টহল দিচ্ছে এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
মন্ত্রী জানান, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কয়েক শ সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ম্যাগাজিন, যুদ্ধের পোশাক, ড্রোন ও সংকেত আদান-প্রদানের যন্ত্র। এসব গোষ্ঠীর অর্থের প্রধান উৎস ও যে অর্থনৈতিক খাতগুলোর সঙ্গে তারা যুক্ত, সেগুলো চিহ্নিত করে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। উদ্দেশ্য তাদের অর্থায়ন বন্ধ করা এবং অস্ত্র ও মাদক পাচার ঠেকানো।
সীমান্ত নিরাপত্তা নিয়েও কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবি সীমান্ত ও দুর্গম এলাকায় নজরদারি আরও জোরদার করেছে। পাঁচ বছরের নিহত, আহত ও হামলার এই হিসাব সরকারের পক্ষ থেকে সংসদে দেওয়া আনুষ্ঠানিক তথ্য।












