মানুষের ভাষা শেখার প্রক্রিয়ার সঙ্গে শিম্পাঞ্জির যোগাযোগের কিছু কৌশলের মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জিরা শুধু জন্মগতভাবে পাওয়া ডাক বা শব্দের ওপর নির্ভর করে না; সামাজিক পরিবেশে অন্যদের পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমেও কিছু ডাকের ব্যবহার শিখতে পারে। এই আবিষ্কার মানুষের ভাষার উৎপত্তি এবং শিশুদের ভাষা শেখার প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।
প্রখ্যাত প্রাইমাটোলজিস্ট জেন গুডল তাঁর বক্তৃতা শুরু করতেন শিম্পাঞ্জির বিশেষ এক ধরনের ডাক ‘প্যানথুট’ প্রদর্শনের মাধ্যমে। এর সাহায্যে শিম্পাঞ্জিরা দূর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘদিনের গবেষণায় দেখা গেছে, খাবার খাওয়ার সময় শিম্পাঞ্জিরা বিশেষ ধরনের গোঁ গোঁ শব্দ করে, সাপের মতো বিপদ শনাক্ত করলে সতর্কতামূলক ডাক দেয় এবং আক্রমণাত্মক আচরণের সময় ঘেউ ঘেউয়ের মতো শব্দ করে।
এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, প্রাণীদের অধিকাংশ ডাক জন্মগতভাবে নির্ধারিত। অন্যদিকে মানুষ সামাজিক পরিবেশে শেখা ভাষার মাধ্যমে যোগাযোগ করে। তবে নতুন গবেষণা এই প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে।
ঠোঁটের কম্পনে তৈরি বিশেষ ডাক
যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’-এ প্রকাশিত গবেষণায় শিম্পাঞ্জির এক ধরনের বিশেষ ডাক নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘আনভয়েসড কল’ বা ‘অ্যাকুস্টিক রাসবেরি’।
এই শব্দ তৈরির সময় শিম্পাঞ্জিরা স্বরতন্ত্রী ব্যবহার করে না। বরং মানুষের ঠোঁট কাঁপিয়ে তৈরি করা শব্দের মতো করে ঠোঁট ও দাঁতের সাহায্যে শব্দ উৎপন্ন করে। কথা বলার সময় মানুষও মুখের এসব অঙ্গ ব্যবহার করে।
গবেষকদের মতে, এই বিশেষ ডাকের ব্যবহার শিম্পাঞ্জিরা সামাজিক পরিবেশ থেকে শিখতে পারে। বিশেষ করে প্রাপ্তবয়স্ক শিম্পাঞ্জিদের কাছ থেকে শেখার মাধ্যমে তারা নির্দিষ্ট পরিস্থিতিতে এসব শব্দ ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠে।
প্রাপ্তবয়স্কদের কাছ থেকে শেখার প্রমাণ
গবেষণায় আইভরি কোস্টের তাই ন্যাশনাল পার্কের ৯১টি বন্য শিম্পাঞ্জি এবং সিয়েরা লিওনের তাকুগামা শিম্পাঞ্জি অভয়ারণ্যে থাকা মা-বাবাহীন অল্পবয়সী শিম্পাঞ্জিদের পর্যবেক্ষণ করা হয়।
দুই দলের আচরণ তুলনা করে বিজ্ঞানীরা দেখতে পান, বন্য শিম্পাঞ্জিরা সাধারণত নিজেদের সঙ্গীদের শরীরের লোম পরিষ্কার করার সময় এই বিশেষ ডাক ব্যবহার করে। কিন্তু মা-বাবাহীন শিম্পাঞ্জিরা খেলাধুলা, চলাফেরা কিংবা খাবার ও সরঞ্জাম পাওয়ার জন্য মানুষের দৃষ্টি আকর্ষণসহ বিভিন্ন পরিস্থিতিতে নির্বিচারে এসব শব্দ ব্যবহার করত।
পরবর্তী সময়ে এসব অল্পবয়সী শিম্পাঞ্জিকে দুই বছর ধরে একজন প্রাপ্তবয়স্ক শিম্পাঞ্জির সঙ্গে রাখা হয়। ওই প্রাপ্তবয়স্ক শিম্পাঞ্জিকে তাদের জন্য আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। দুই বছর পর দেখা যায়, তাদের মোট বিশেষ ডাকের ৬১ শতাংশই সঙ্গীর শরীরের লোম পরিষ্কারের সময় ব্যবহৃত হচ্ছে।
গবেষকদের মতে, এই পরিবর্তন প্রমাণ করে, অন্যদের সংস্পর্শে এসে শিম্পাঞ্জিরা শুধু শব্দ তৈরি করাই নয়, কোন পরিস্থিতিতে সেই শব্দ ব্যবহার করতে হবে, সেটিও শিখতে পারে।
মানুষের ভাষা বিকাশের নতুন সূত্র
গবেষণায় বলা হয়েছে, সামাজিকভাবে স্বীকৃত যোগাযোগব্যবস্থা কেবল মানুষের বৈশিষ্ট্য নয়। অন্য প্রাণীর মধ্যেও সামাজিক শিক্ষার মাধ্যমে এমন যোগাযোগের রীতি গড়ে উঠতে পারে।
মানুষের ভাষায় শব্দের অর্থ নির্ধারিত হয় সামাজিকভাবে স্বীকৃত ব্যবহারের মাধ্যমে। কোনো শব্দের অর্থ বুঝতে এবং যথাযথ পরিস্থিতিতে সেটি ব্যবহার করতে শিশুদের অন্যদের কাছ থেকে শিখতে হয়। শিম্পাঞ্জির আচরণেও একই ধরনের শেখার প্রক্রিয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
ফ্রান্সের লিয়ঁর ইনস্টিটিউট অব কগনিটিভ সায়েন্সেসের গবেষণা পরিচালক ও গবেষণার সহলেখক ক্যাথরিন ক্রফোর্ড বলেন, এত দিন ধারণা করা হতো, শিম্পাঞ্জিসহ নিকটতম প্রাইমেট আত্মীয়দের ডাক জন্মগত, নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে, তাদের যোগাযোগের ধরনেও যথেষ্ট নমনীয়তা রয়েছে। এমনকি কিছু বিশেষ ডাকের ব্যবহারও তারা শিখতে পারে।
গবেষণার প্রধান লেখক আন্তোইন ভ্যালেটের মতে, শিম্পাঞ্জির যেসব কণ্ঠস্বরকে এত দিন স্থির ও জন্মগত বলে মনে করা হতো, সেগুলোর কিছু বৈশিষ্ট্যও শেখার মাধ্যমে গড়ে উঠতে পারে। ফলে শিম্পাঞ্জির যোগাযোগব্যবস্থা সম্পর্কে জানার এখনো অনেক কিছু বাকি।












