পিরোজপুরের অনেক কৃষক এবার বোরো ধানের আবাদ কমানোর কথা ভাবছেন। গত বছর ধানের দাম কম পাওয়ায় লোকসান হয়েছে। এ বছর উৎপাদন খরচ আরও বাড়ার আশঙ্কা। তাই ঝুঁকি নিতে চান না তাঁরা। পিরোজপুরে বোরো আবাদ কমার এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে নাজিরপুর উপজেলার জলাভূমি এলাকায়।
নাজিরপুরের দক্ষিণ ঝাঝিয়ানিয়া গ্রামের কৃষক অবিনাশ মণ্ডল গত বছর এক বিঘা (৫২ শতাংশ) জমিতে প্রায় ৩৬ হাজার টাকা খরচ করেছিলেন। ফলন পেয়েছিলেন ৪০ মণ। তবু লোকসান হয়েছে। অবিনাশ বলেন, ধান বেচেও উৎপাদন খরচ ওঠেনি। একই ঝুঁকি আবার নিতে পারবেন না তিনি।
একই গ্রামের প্রদীপ মণ্ডল আট বিঘার জায়গায় এবার পাঁচ বিঘায় বোরো করবেন। আবদুস সালাম গত বছর সাড়ে চার বিঘায় আবাদ করেছিলেন। এবার দেড় বিঘা কমাবেন। কৃষকেরা জানান, আগে প্রতি মণ ধান ১ হাজার ১০০ টাকার বেশিতে বিক্রি হতো। এখন লাভ করতে প্রতি মণে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা পেতে হয়। অথচ গত বছর সর্বোচ্চ ৮৫০ টাকা পাওয়া গেছে। সালামের ভাষ্য, গত বছর ৪০ কেজির এক মণ ধান তিনি প্রায় ৮০০ টাকায় বিক্রি করেছেন, যাতে লোকসান হয়েছে।
জ্বালানি তেল ও কীটনাশকের দাম বাড়ায় এবার খরচ আরও বাড়বে বলে জানান কৃষকেরা। সময়মতো সার পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা আছে। ধান কাটতে প্রতিজন শ্রমিক নিচ্ছেন প্রায় ১ হাজার ২০০ টাকা। কৃষকদের প্রশ্ন, চালের দাম বেশি হলেও পাইকারি ক্রেতারা ধান কিনতে আগ্রহী হন না কেন। পিরোজপুরে বোরো আবাদ কমার আশঙ্কার পেছনে এসব হিসাবই কাজ করছে।
নাজিরপুর ও জেলার অন্যান্য জলাভূমি এলাকায় বোরোই একমাত্র বার্ষিক ফসল। জেলার মোট ধান উৎপাদনের সবচেয়ে বড় অংশ আসে এই মৌসুম থেকে। কৃষকেরা বীজতলা তৈরি শুরু করেছেন। রোপণ শুরু হতে পারে ডিসেম্বরে। নাজিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা ইসরাতুন্নেসা ঈশা স্বীকার করেন, গত বছর কৃষকেরা প্রত্যাশিত দাম পাননি, যার প্রভাব এবারের আবাদে পড়তে পারে। তিনি জানান, কৃষি বিভাগ কারিগরি সহায়তা দেয়, তবে বাজারদর ঠিক করা তাদের দায়িত্ব নয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর নাজিরপুরে ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়। এবারের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৫০০ হেক্টর। পুরো পিরোজপুর জেলায় গত বছর বোরো আবাদ হয়েছিল ৩৪ হাজার ৫ হেক্টরে। এবারের লক্ষ্য ৩৪ হাজার ২০ হেক্টর। অর্থাৎ কাগজে লক্ষ্যমাত্রা প্রায় একই থাকলেও মাঠপর্যায়ের কৃষকেরা আবাদ কমানোর কথা বলছেন। বোরোর রোপণ শুরুর আগে ধানের ন্যায্য দাম নিশ্চিত হলে এই দোলাচল কাটতে পারে।












