ঢাকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে নয়নের নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে আটক করে পল্টন থানায় নিয়ে যান।
মহিউদ্দিন আহমেদ রুদ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।
রুদ্রকে আটকের পর থেকে থানায় নিয়ে যাওয়া পর্যন্ত পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
পল্টন থানায় পৌঁছানোর পর প্রকাশিত একটি ভিডিওতে রবিউল ইসলাম নয়নকে বলতে শোনা যায়, ‘ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম। মেহমানের হাত থেকে ফোনটা নেন।’
এ সময় নয়ন বলেন, রুদ্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা পুলিশ নেবে। তার অভিযোগ, রুদ্র বিভিন্ন সময় বোমা হামলা ও বাস পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আদালত থেকে জামিন পেতে সহায়তা করেছেন। এখন তিনি নিজে কত দিনের মধ্যে জামিন পান, সেটি দেখতে চান বলেও মন্তব্য করেন নয়ন।
রাত ১টার দিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েকজন ব্যক্তি মহিউদ্দিন আহমেদ রুদ্রকে থানায় দিয়ে গেছেন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, কিংবা কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তার পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করছিল।
মোহাম্মদপুরেও আরেকজনকে থানায় সোপর্দ
এদিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় এস এম বাবু নামে আরেক ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহেদুল ইসলাম কবির জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাবুকে থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে তিনি আওয়ামী লীগের একজন নেতা বলে জানা গেছে।
তবে বাবুর বিরুদ্ধেও কোনো মামলা রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।












