সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিশ্রুতি বদলায়, নীতিনির্ধারণের অগ্রাধিকার বদলায়, এমনকি রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে নতুন আশাবাদও তৈরি হয়। কিন্তু ক্ষমতার রাজনীতিতে একটি বিষয় প্রায় একই থেকে যায়—নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা কিংবা নিরাপত্তাঝুঁকির মুখে পড়লেই পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া পরিস্থিতির কথা সামনে আনে। এতে রাজনৈতিকভাবে সাময়িক সুবিধা পাওয়া গেলেও রাষ্ট্র পরিচালনার মৌলিক প্রশ্নটি অনুত্তরিত থেকে যায়: বর্তমান নেতৃত্ব নিজের দায়িত্ব কতটা পালন করছে?
এই প্রবণতা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে প্রায় প্রতিটি প্রেসিডেন্টই কোনো না কোনো সময়ে পূর্বসূরির নীতিকে নিজের প্রশাসনের সমস্যার কারণ হিসেবে তুলে ধরেছেন। ডোনাল্ড ট্রাম্প মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, অভিবাসন ও প্রশাসনিক দুর্নীতির জন্য জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছেন। এর আগে বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের অর্থনৈতিক উত্তরাধিকার নিয়ে সমালোচনা করেছেন। বিল ক্লিনটন, রোনাল্ড রিগ্যান থেকে ফ্রাঙ্কলিন রুজভেল্ট—বিভিন্ন সময়ের মার্কিন প্রেসিডেন্টদের বক্তব্যেও একই রাজনৈতিক কৌশলের প্রতিফলন দেখা গেছে।
এখানে একটি মৌলিক বৈপরীত্য রয়েছে। বিরোধী দলে থাকলে রাজনৈতিক নেতারা ক্ষমতাসীনদের কাছ থেকে জবাবদিহি দাবি করেন। কিন্তু নিজেরা ক্ষমতায় গেলে অনেক সময় সেই একই জবাবদিহি এড়িয়ে যাওয়ার পথ খোঁজেন। ফলে রাজনৈতিক প্রতিযোগিতা রাষ্ট্রের সমস্যার সমাধান নিয়ে না এগিয়ে অতীতের ব্যর্থতার মালিকানা নির্ধারণের বিতর্কে আটকে যায়।
দায় এড়ানো যখন শাসনব্যবস্থার বৈশিষ্ট্য
রাজনৈতিক দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা কখনো কখনো রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে। সাবেক সোভিয়েত ইউনিয়নের ইতিহাস তার চরম উদাহরণ। জোসেফ স্টালিনের শাসনামলে কেন্দ্রীয় পরিকল্পনার ব্যর্থতা কিংবা কৃষির সমবায়ীকরণের ফলে সৃষ্ট খাদ্যসংকটের দায় প্রায়ই অন্তর্ঘাত ও বিদেশি ষড়যন্ত্রের ওপর চাপানো হতো। নীতিগত ভুলের কারণ অনুসন্ধানের পরিবর্তে শত্রু শনাক্ত করাই হয়ে উঠেছিল প্রশাসনের প্রধান প্রবণতা।
একটি বানান ভুলকে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করে একজন প্রুফরিডারকে কারাবন্দি করার ঘটনাও সেই সময়ের রাজনৈতিক সংস্কৃতির ভয়াবহতা তুলে ধরে। সেখানে ভুলের ব্যাখ্যা দেওয়ার চেয়ে কাউকে অপরাধী সাব্যস্ত করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
স্টালিনের মৃত্যুর পরও এই প্রবণতা পুরোপুরি দূর হয়নি। নিকিতা ক্রুশ্চেভের আমলে কৃষি উৎপাদনের ব্যর্থতার জন্য কখনো কখনো অনিয়ন্ত্রণযোগ্য প্রাকৃতিক পরিস্থিতিকে দায়ী করা হতো। অর্থাৎ, রাষ্ট্রের পরিকল্পনা ও নীতির সীমাবদ্ধতা স্বীকার করার পরিবর্তে ব্যর্থতার কারণ খোঁজা হতো এমন জায়গায়, যেখানে সরকারের জবাবদিহির প্রয়োজন পড়ে না।
এ ধরনের ব্যবস্থা শেষ পর্যন্ত প্রশাসনের ভেতরে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করে। কর্মকর্তা ও নীতিনির্ধারকেরা সমস্যা সমাধানের চেয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশি মনোযোগী হয়ে পড়েন। ভুল স্বীকারের সুযোগ না থাকলে ভুল সংশোধনের প্রাতিষ্ঠানিক সক্ষমতাও গড়ে ওঠে না।
সব দায় কি পূর্বসূরির?
তবে পূর্ববর্তী সরকারকে দায়ী করার প্রতিটি ঘটনাকে রাজনৈতিক অজুহাত হিসেবে বিবেচনা করাও ঠিক নয়। ক্ষমতার পরিবর্তনের সময় নতুন সরকার এমন অনেক সংকটের মুখোমুখি হতে পারে, যেগুলো তার নিয়ন্ত্রণের বাইরে তৈরি হয়েছে। বিশেষ করে আগের প্রশাসন যদি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে, নিরাপত্তা সতর্কবার্তা উপেক্ষা করে কিংবা রাজনৈতিক সুবিধার জন্য কোনো বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা না করে, তাহলে তার দায় নতুন সরকারের ওপর চাপানো ন্যায়সংগত হবে না।
ধরা যাক, গোয়েন্দা সংস্থাগুলো একটি বড় নিরাপত্তাঝুঁকি সম্পর্কে আগের সরকারকে সতর্ক করেছিল। কিন্তু নির্বাচনী ক্ষতির আশঙ্কায় সেই সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষমতা পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। নতুন প্রশাসন তখন এমন একটি সংকট মোকাবিলা করতে বাধ্য হচ্ছে, যার শিকড় আগের সরকারের সিদ্ধান্তহীনতায়।
এ ক্ষেত্রে পূর্বসূরির ভূমিকা প্রকাশ করা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং জনস্বার্থে প্রয়োজনীয় তথ্য প্রকাশের অংশও হতে পারে।
কিন্তু পরিস্থিতি ভিন্ন হবে যদি সমস্যাটি আগে থেকেই প্রকাশ্য থাকে এবং নতুন সরকারও নির্বাচনের আগে তা মোকাবিলার কোনো কার্যকর পরিকল্পনা দেয়নি। এমন পরিস্থিতিতে ক্ষমতায় এসে পূর্ববর্তী প্রশাসনকে এককভাবে দায়ী করার সুযোগ নেই। কারণ, সমস্যাটি অজানা ছিল না। বরং ক্ষমতায় আসার পর সেটি সমাধানের দায়িত্ব গ্রহণ করাই ছিল নতুন নেতৃত্বের অঙ্গীকার।
দায়িত্ব নেওয়ার পর অজুহাতের সীমা থাকা জরুরি
এখানেই রাজনৈতিক জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ নীতি সামনে আসে। নতুন সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া সংকটের কথা বলতে পারে, কিন্তু সেই সংকট মোকাবিলার দায়িত্বও তাকে নিতে হবে। কোনো সমস্যা সম্পর্কে জানার পর তা সমাধানের জন্য পর্যাপ্ত সময় পার হয়ে গেলে পূর্ববর্তী সরকারকে দায়ী করার যুক্তি আর আগের মতো শক্তিশালী থাকে না।
বিশেষ করে নির্বাচনী প্রচারে কোনো দল যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি কিংবা অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পর সেই প্রতিশ্রুতির অগ্রগতিই হওয়া উচিত তার মূল্যায়নের প্রধান ভিত্তি। দুই বছর পরও যদি মূল্যস্ফীতি বেড়ে যায়, তাহলে শুধু আগের সরকারের নীতিকে দায়ী করে বর্তমান প্রশাসন নিজের দায়িত্ব এড়াতে পারে না।
একইভাবে, নতুন সরকার যদি পূর্ববর্তী প্রশাসনের গোপন করা কোনো সংকট প্রকাশ করে, তাহলে তার পরবর্তী পদক্ষেপও জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগ কতটা কার্যকর হয়েছে—এসব প্রশ্নের জবাব দেওয়াই দায়িত্বশীল শাসনের অংশ।
রাজনৈতিক সততার পরীক্ষা
রাজনীতিতে দায়িত্বশীলতার অর্থ শুধু অন্যের ভুল চিহ্নিত করা নয়; নিজের সিদ্ধান্তের পরিণতি স্বীকার করার মানসিকতাও এর অন্তর্ভুক্ত। কোনো প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তা স্বীকার করে নীতি পরিবর্তন করা নেতৃত্বের দুর্বলতা নয়। বরং এটি জনগণের প্রতি দায়বদ্ধতার পরিচয়।
পূর্ববর্তী সরকারের ভুল তুলে ধরা প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি বর্তমান সরকারের ব্যর্থতা আড়াল করার স্থায়ী কৌশল হয়ে উঠলে গণতান্ত্রিক জবাবদিহি অর্থহীন হয়ে পড়ে। জনগণ সরকার পরিবর্তন করে কেবল পুরোনো ব্যর্থতার নতুন ব্যাখ্যা শোনার জন্য নয়; তারা পরিবর্তনের বাস্তব ফল দেখতে চায়।
রাজনৈতিক নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা তাই নির্ভর করে অতীতের দায় কতটা দক্ষতার সঙ্গে অন্যের ওপর চাপানো গেল, তার ওপর নয়। বরং নির্ভর করে, উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যার সমাধানে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হলো এবং নিজের প্রতিশ্রুতির সামনে কতটা সৎ থাকা গেল, তার ওপর।
গণতন্ত্রে ক্ষমতা কোনো পক্ষের জন্য দায়মুক্তির সনদ নয়। পূর্বসূরির ভুলের হিসাব থাকবে, কিন্তু বর্তমানের দায়িত্ব পালনের বিকল্প হিসেবে নয়।












