বিশ্ব যেন ধীরে ধীরে এমন এক বাস্তবতাকে মেনে নিতে শুরু করেছে, যেখানে যুদ্ধ আর ব্যতিক্রমী বিপর্যয় নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক পরিণতি। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য—একটির পর একটি সংঘাত দীর্ঘায়িত হচ্ছে। রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার জন্য সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, প্রতিরক্ষা বাজেট ফুলে উঠছে, অস্ত্র প্রতিযোগিতা নতুন গতি পাচ্ছে। এমনকি যেসব দেশ দীর্ঘদিন সামরিক সংযমকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে বিবেচনা করেছে, তারাও এখন পুনরায় অস্ত্রসজ্জার পথে হাঁটছে। পারমাণবিক অস্ত্র অর্জনের কথাও নতুন করে বিবেচনা করছে কিছু দেশ।
এই প্রবণতার সবচেয়ে বিপজ্জনক দিক হলো, যুদ্ধের সম্ভাবনাকে ক্রমশ স্বাভাবিক বলে মেনে নেওয়া। একসময় আন্তর্জাতিক সমাজ যুদ্ধকে রাষ্ট্রের নীতিগত হাতিয়ার হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার বিরুদ্ধে ঐকমত্য গড়ে তুলেছিল। দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা দেশগুলোকে বুঝিয়েছিল, শক্তির জোরে বিরোধ মেটানোর পরিণতি শুধু পরাজিত রাষ্ট্রের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য বিপর্যয়কর।
কিন্তু সেই ঐকমত্য এখন দুর্বল হয়ে পড়ছে। আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে একের পর এক সামরিক অভিযান চালানো হচ্ছে। যুদ্ধের পক্ষে যুক্তি দাঁড় করাতে কখনো নিরাপত্তা, কখনো আত্মরক্ষা, কখনো ঐতিহাসিক অধিকার কিংবা মুক্তির কথা বলা হচ্ছে। অথচ এসব যুদ্ধ যে নিরাপত্তা প্রতিষ্ঠা করছে না, বরং নতুন সংঘাতের বীজ বপন করছে, তার প্রমাণ ক্রমেই স্পষ্ট হচ্ছে।
বিশ্বকে এই গতিপথ থেকে ফিরিয়ে আনতে হলে শুধু যুদ্ধের নিন্দা জানালেই চলবে না। যুদ্ধ শুরু করা, চালিয়ে যাওয়া এবং রাজনৈতিকভাবে বৈধতা দেওয়া—তিনটিই কঠিন করে তুলতে হবে। এজন্য প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতার বিস্তৃত কাঠামো, কার্যকর প্রতিষ্ঠান এবং এমন এক রাজনৈতিক অঙ্গীকার, যেখানে কোনো রাষ্ট্রই একতরফাভাবে শক্তি প্রয়োগের অধিকার দাবি করতে পারবে না।
যুদ্ধের বিরুদ্ধে গড়ে ওঠা ঐকমত্য কেন দুর্বল হলো
প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধকে রাষ্ট্রীয় নীতির বৈধ উপায় হিসেবে প্রত্যাখ্যান করার একটি আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছিল। ১৯২৮ সালের কেলগ-ব্রিয়াঁ চুক্তি সেই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ উদাহরণ। প্যারিসে ১৫টি দেশ চুক্তিটি স্বাক্ষর করেছিল; পরে আরও বহু দেশ এতে যুক্ত হয়। চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারেনি, কিন্তু যুদ্ধকে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রত্যাখ্যান করার নীতিগত ভিত্তি তৈরি করেছিল।
১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই ধারণা আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। জাতিসংঘ সনদে অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ কিংবা শক্তি প্রয়োগের হুমকি নিষিদ্ধ করা হয়। শুধু নৈতিক ঘোষণা নয়, এই নীতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছিল।
পরবর্তী কয়েক দশকে এসব প্রতিষ্ঠান যুদ্ধের ঝুঁকি কমাতে এবং কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে ভূমিকা রাখে। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ, পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানোর আন্দোলন এবং স্নায়ুযুদ্ধের সামরিক প্রতিযোগিতার বিরুদ্ধে নাগরিক সমাজের অবস্থানও যুদ্ধবিরোধী মনোভাবকে শক্তিশালী করেছিল।
কিন্তু সময়ের সঙ্গে সেই প্রতিরোধ দুর্বল হয়েছে। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বের শত শত শহরে লাখ লাখ মানুষ প্রতিবাদ করেছিলেন। তবু যুদ্ধ থামেনি। পরবর্তী সময়ে মিথ্যা যুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে বিতর্কিত এই অভিযান ইরাককে ধ্বংসের মুখে ঠেলে দেয়, আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ায় এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ ও সন্ত্রাসবাদের বিস্তারে ভূমিকা রাখে।
ইরাক যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল: বিপুল জনমত, আন্তর্জাতিক প্রতিবাদ এবং আইনগত আপত্তি থাকলেও শক্তিশালী রাষ্ট্র চাইলে সামরিক অভিযান চালাতে পারে। এর পর থেকে বিশ্বরাজনীতিতে যুদ্ধবিরোধী কূটনীতির জায়গা ক্রমশ সংকুচিত হয়েছে। ভূরাজনৈতিক প্রতিযোগিতা বেড়েছে, আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও কর্তৃত্ব নিয়ে অনীহা তৈরি হয়েছে।
সামরিক প্রতিযোগিতা ও পারমাণবিক ঝুঁকির নতুন বাস্তবতা
বর্তমান বিশ্বে সংঘাতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। উপসালা সংঘাত তথ্য কর্মসূচির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সরকার-সংশ্লিষ্ট সক্রিয় সংঘাত ছিল ৬৫টি, যা ২০১০ সালের তুলনায় দ্বিগুণ। এসব সংঘাতে আনুমানিক আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গত তিন দশকে কোনো এক বছরে সংঘাতে মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল না। যুদ্ধ ও সহিংসতার কারণে বিশ্বজুড়ে প্রায় ১২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এই পরিসংখ্যান শুধু চলমান যুদ্ধের ভয়াবহতা নয়, আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাও প্রকাশ করে। রাশিয়ার ইউক্রেন আক্রমণ, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং লেবানন, সুদান ও ইয়েমেনে দীর্ঘস্থায়ী সংঘাত দেখাচ্ছে, সামরিক শক্তি প্রয়োগের প্রবণতা কতটা বিস্তৃত হয়েছে।
এর পাশাপাশি প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়ছে। গত এক দশকে বিশ্বজুড়ে সামরিক ব্যয় ৪০ শতাংশের বেশি বেড়েছে। অনেক দেশ তাদের সামরিক বাজেট দ্বিগুণ করেছে। বর্তমানে বছরে প্রায় তিন ট্রিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে—যা আফ্রিকা মহাদেশের সম্মিলিত মোট দেশজ উৎপাদনের কাছাকাছি। ডেনমার্ক, জার্মানি, জাপান ও নরওয়ের মতো দেশও দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। কোনো কোনো দেশে বাধ্যতামূলক সামরিক সেবার ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার যুক্তিতে এসব পদক্ষেপ নিচ্ছে। কিন্তু প্রতিটি দেশের সামরিক প্রস্তুতি অন্য দেশের মধ্যে একই ধরনের উদ্বেগ তৈরি করে। এক পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অন্য পক্ষের কাছে আক্রমণের প্রস্তুতি বলে মনে হতে পারে। এভাবেই নিরাপত্তা নিশ্চিত করার প্রতিযোগিতা উল্টো নিরাপত্তাহীনতা বাড়ায়।
পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রই তাদের অস্ত্রভান্ডার আধুনিক করছে। চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ২০১০-এর দশকের শেষ দিকে আনুমানিক ২০০ থেকে ৩০০ ছিল; ২০২৬ সালে তা প্রায় ৬২০-তে পৌঁছেছে। উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারও ২০১৮ সালের আনুমানিক ১০ থেকে ২০টি ওয়ারহেড থেকে বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে। ফ্রান্স ১৯৯২ সালের পর প্রথমবারের মতো চলতি বছরের মার্চে পারমাণবিক ওয়ারহেডের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
অন্যদিকে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কৌশলগত অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণে রাখার সর্বশেষ চুক্তিও কার্যকরভাবে ধরে রাখতে পারেনি। ফলে পারমাণবিক প্রতিযোগিতা সীমিত করার যে কাঠামো একসময় তৈরি হয়েছিল, তা দুর্বল হয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয়, যেসব দেশের হাতে এখনো পারমাণবিক অস্ত্র নেই, তাদের মধ্যেও কেউ কেউ নিজেদের নিরাপত্তার জন্য এমন অস্ত্র অর্জনের কথা ভাবছে।
এটি এমন এক প্রতিযোগিতা, যেখানে কোনো পক্ষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয় না। বরং ভুল হিসাব, ভুল সংকেত কিংবা রাজনৈতিক উত্তেজনা থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যার পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধকে আরও অনিশ্চিত করছে
সামরিক প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তির ঝুঁকি। কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধের ধরন পাল্টে দিচ্ছে। সাইবার হামলা, স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা, তথ্য বিকৃতি এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণে অ্যালগরিদমের ব্যবহার ক্রমেই বাড়ছে। বিদ্যুৎব্যবস্থা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি নেটওয়ার্কে আক্রমণ চালানোর সক্ষমতা আরও সহজলভ্য হচ্ছে।
এই প্রযুক্তির সবচেয়ে বিপজ্জনক ব্যবহার হতে পারে পারমাণবিক অস্ত্রের সঙ্গে এর সংযোগ। সামরিক সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াতে গিয়ে মানুষের বিচার-বিবেচনার জন্য প্রয়োজনীয় সময় কমে যেতে পারে। কোনো ভুল তথ্য, প্রযুক্তিগত ত্রুটি কিংবা সাইবার হামলার কারণে যদি পারমাণবিক হামলার আশঙ্কা তৈরি হয়, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্রের হাতে পরিস্থিতি যাচাই ও উত্তেজনা প্রশমনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে।
জীবপ্রযুক্তির ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষতিকর জৈব পরীক্ষা-নিরীক্ষা এবং জীবাণু অস্ত্র তৈরির বাধা কমিয়ে দিতে পারে। ফলে প্রযুক্তিগত অগ্রগতি একদিকে মানুষের জীবন সহজ করার সম্ভাবনা তৈরি করলেও অন্যদিকে ধ্বংসের নতুন পথও খুলে দিচ্ছে।
এখানে মূল সমস্যা প্রযুক্তি নয়; সমস্যা হলো প্রযুক্তির ক্ষমতা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণব্যবস্থা তৈরি না হওয়া। অস্ত্র তৈরির গতি দ্রুত, কিন্তু কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং ঝুঁকি নিয়ন্ত্রণের প্রতিষ্ঠানগুলো অনেক ধীরগতিতে এগোচ্ছে। এই ব্যবধান যত বাড়বে, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও তত বাড়বে।
যুদ্ধ কখনো স্থায়ী নিরাপত্তা দেয় না
যুদ্ধের পক্ষে সবচেয়ে প্রচলিত যুক্তি হলো নিরাপত্তা। কোনো রাষ্ট্র দাবি করে, তার অস্তিত্ব রক্ষা, নাগরিকদের সুরক্ষা কিংবা ভবিষ্যৎ হামলা ঠেকাতে সামরিক অভিযান অপরিহার্য। কখনো মুক্তি, কখনো ঐতিহাসিক ন্যায়বিচার, কখনো আত্মরক্ষার যুক্তিও সামনে আনা হয়।
কিন্তু আক্রমণাত্মক যুদ্ধ যে নিরাপত্তা প্রতিষ্ঠা করে না, ইতিহাস তার অসংখ্য উদাহরণ দিয়েছে। অন্য রাষ্ট্রের বিরুদ্ধে একতরফা শক্তি প্রয়োগ আন্তর্জাতিক নিয়মকে দুর্বল করে। যে নীতি আজ কোনো একটি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, কাল সেটিই অন্য রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে। ফলে আক্রমণকারী রাষ্ট্রও শেষ পর্যন্ত এমন এক ব্যবস্থার শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে, যেখানে শক্তিই আইন নির্ধারণ করে।
যুদ্ধের মানবিক মূল্যও বিপুল। ২০২৫ সালে জাতিসংঘের নথি অনুযায়ী, প্রতি ১৪ মিনিটে অন্তত একজন বেসামরিক মানুষ সশস্ত্র সংঘাতে নিহত হয়েছেন। একই সময়ে ৫০ লাখের বেশি মানুষ নিজেদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামো ধ্বংসের পাশাপাশি মানুষের জীবনের স্বাভাবিক ধারাও ভেঙে পড়ে।
অর্থনৈতিক ক্ষতিও যুদ্ধক্ষেত্রের সীমানায় আটকে থাকে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামুদ্রিক বাণিজ্য ও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে এমন বহু দেশে, যারা সরাসরি সংঘাতে জড়িত নয়।
যুদ্ধের আরেকটি বিপদ হলো এর বিস্তার। কোনো সংঘাত শুরু হলে তা কত দূর যাবে, কোন দেশ এতে জড়িয়ে পড়বে কিংবা কোন অঞ্চলে নতুন অস্থিরতা তৈরি হবে—তা আগে থেকে নিশ্চিত করা যায় না। ইরানকে ঘিরে সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হামলা হয়েছে এবং ইরাক, লেবানন ও ইয়েমেনের সংঘাতও নতুন করে জটিল হয়েছে।
সবচেয়ে বড় কথা, যুদ্ধ সাধারণত স্থায়ী শান্তি তৈরি করে না। বরং পরাজয়, ক্ষোভ, প্রতিশোধের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক বিভাজনকে দীর্ঘস্থায়ী করে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মস্কোর প্রতি আস্থা ধ্বংস করেছে। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়েছে, যা ভবিষ্যতে নতুন সহিংসতার ঝুঁকি তৈরি করতে পারে। ইরানকে ঘিরে যুদ্ধও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সহযোগিতাকে আরও কঠিন করে তুলেছে।
যুদ্ধের বিরোধিতা শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না
বিশ্বকে যুদ্ধের স্বাভাবিকীকরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কিন্তু শুধু নীতিগতভাবে যুদ্ধের বিরোধিতা করলেই দায়িত্ব শেষ হয় না। যুদ্ধ শুরু করা, তা চালিয়ে যাওয়া এবং এর পক্ষে রাজনৈতিক সমর্থন সংগ্রহ করা—প্রতিটি ক্ষেত্রেই বাস্তব বাধা তৈরি করতে হবে।
স্পেন এই নীতির পক্ষে অবস্থান নিয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই দেশটি অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে আসছে। ২০২৪ সালের মে মাসে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর উদ্দেশ্য ছিল আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানের পথ এগিয়ে নেওয়া। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগের জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টাকেও সমর্থন করেছে স্পেন।
৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তা গাজায় গণহত্যা কিংবা পশ্চিম তীরে অবৈধ দখল সম্প্রসারণের বৈধতা দেয় না—এ অবস্থান স্পেনের।
ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও স্পেন ইউরোপীয় ইউনিয়নের রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে এবং ইউক্রেনকে আর্থিক, মানবিক ও সামরিক সহায়তা দিয়েছে। এর উদ্দেশ্য রাশিয়াকে আগ্রাসনের মাধ্যমে ভূখণ্ড দখলের সুবিধা পাওয়া থেকে বিরত রাখা।
একই সঙ্গে কোনো সংঘাতকে আরও বিস্তৃত করতে সহায়তা না করার নীতিও গুরুত্বপূর্ণ। স্পেন ২০২৩ সাল থেকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বজায় রেখেছে। ২০২৬ সালে ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে স্পেনের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের অনুমতি দেয়নি। এটি কোনো মিত্রের বিরুদ্ধে অবস্থান নয়; বরং এমন একটি সংঘাতে জড়িয়ে না পড়ার সিদ্ধান্ত, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে আরও বিপন্ন করতে পারে।
কূটনৈতিক সিদ্ধান্তের মূল্য থাকে। কখনো মিত্রের বিরাগভাজন হতে হয়, কখনো অর্থনৈতিক বা রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হয়। কিন্তু শান্তির পক্ষে অবস্থান নিতে হলে সেই মূল্য দেওয়ার প্রস্তুতিও থাকতে হবে। অন্য দেশগুলোও যদি সংঘাত বিস্তারে সহায়তা করতে অস্বীকৃতি জানায়, তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া আক্রমণকারী রাষ্ট্রের জন্য অনেক বেশি কঠিন হয়ে উঠবে।
সামরিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তাও জরুরি
একটি রাষ্ট্রের নিরাপত্তা শুধু তার অস্ত্রভান্ডার কিংবা সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে না। সমাজ কতটা স্থিতিশীল, মানুষের জীবনযাত্রা কতটা নিরাপদ, বৈষম্য কতটা নিয়ন্ত্রিত এবং নাগরিকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর কতটা আস্থা রাখতে পারেন—এসবও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান।
দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও দুর্বল প্রতিষ্ঠান সমাজকে ভঙ্গুর করে তোলে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক উগ্রবাদ, সংঘাত এবং সহিংসতার ঝুঁকি বাড়ে। তাই প্রতিরক্ষা ব্যয় ও সামাজিক উন্নয়নকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা উচিত নয়। বরং একটি দেশের সামরিক প্রতিরোধক্ষমতা এবং নাগরিকদের সামাজিক সুরক্ষা পরস্পরকে শক্তিশালী করতে পারে।
স্পেনের প্রতিরক্ষা ব্যয় নিয়ে অবস্থান এই বিতর্কের একটি উদাহরণ। দেশটি ন্যাটোর প্রস্তাবিত মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা গ্রহণ করেনি। এর অর্থ ইউরোপীয় প্রতিরক্ষার প্রতি অঙ্গীকারের অভাব নয়। গত আট বছরে স্পেনের নিট প্রতিরক্ষা ব্যয় তিন গুণ হয়েছে। তবে সামরিক ব্যয়ের পাশাপাশি সামাজিক সুরক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিবেশগত রূপান্তরে বিনিয়োগের সুযোগ ধরে রাখাও সরকারের অগ্রাধিকার।
এই নীতির অংশ হিসেবে স্পেন সামাজিক সুরক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় অতিরিক্ত ১৪৫ বিলিয়ন ইউরো এবং সবুজ অর্থনীতিতে ৩০ বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগের সুযোগ রেখেছে। এর মূল যুক্তি হলো, সামাজিকভাবে সংহত ও অর্থনৈতিকভাবে সক্ষম সমাজ বাইরের চাপ এবং অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় বেশি প্রস্তুত থাকে।
অতএব, নিরাপত্তার অর্থ শুধু যুদ্ধের প্রস্তুতি নয়; যুদ্ধের কারণগুলো কমিয়ে আনার ব্যবস্থাও নিরাপত্তার অংশ।
ছোট জোট নয়, প্রয়োজন বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা
কোনো একক রাষ্ট্রের উদ্যোগে বিশ্বযুদ্ধের ঝুঁকি দূর করা সম্ভব নয়। যুদ্ধের বিস্তার ঠেকাতে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, যেখানে যত বেশি দেশ সম্ভব অংশ নেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বহুপক্ষীয় ব্যবস্থা এই কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জাতিসংঘ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংগঠন এবং বিভিন্ন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে সহায়তা করেছে।
কিন্তু এখন এসব প্রতিষ্ঠানের ওপর আস্থা কমছে। অনেক দেশ মনে করে, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সিদ্ধান্ত নিতে অক্ষম, দীর্ঘসূত্রতায় আক্রান্ত এবং বড় শক্তির স্বার্থের কাছে দুর্বল। ফলে কেউ কেউ একতরফা উদ্যোগ কিংবা সীমিতসংখ্যক দেশের জোটের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজছে।
দুই বা কয়েকটি দেশের মধ্যে চুক্তি কোনো কোনো ক্ষেত্রে দ্রুত ফল দিতে পারে। কিন্তু যুদ্ধের মতো বৈশ্বিক সমস্যার স্থায়ী সমাধান সীমিত জোটের মাধ্যমে সম্ভব নয়। কোনো একটি অঞ্চলের দেশগুলোকে বাদ দিয়ে নিরাপত্তা কাঠামো তৈরি করলে বাদ পড়া রাষ্ট্রগুলোর মধ্যে সন্দেহ ও প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। তাতে সংঘাতের নতুন ভিত্তি তৈরি হয়।
এ কারণে প্রয়োজন এমন বহুপক্ষীয় সহযোগিতা, যেখানে অংশগ্রহণ যতটা সম্ভব সর্বজনীন হবে। এই ধারণাকে বলা যায় বিস্তৃত বহুপক্ষীয়তা—অর্থাৎ কোনো সংকটের সমাধান শুধু প্রভাবশালী কয়েকটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট ও প্রভাবিত সব পক্ষকে আলোচনায় যুক্ত করা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি আন্তর্জাতিক ব্যবস্থা নিখুঁত ছিল না। এর নিয়ম প্রয়োগে বৈষম্য ছিল, সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি ছিল এবং অনেক ক্ষেত্রে বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। তারপরও এই কাঠামো না থাকলে বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠত। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, মধ্যম পাল্লার পারমাণবিক শক্তি চুক্তি এবং পারমাণবিক পরীক্ষা সীমিত করার বিভিন্ন চুক্তি অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই কাঠামো দুর্বল হয়ে পড়লে বিশ্বকে আবার এমন এক প্রতিযোগিতার মুখে পড়তে হবে, যেখানে প্রতিটি রাষ্ট্র নিজের নিরাপত্তার জন্য অন্যের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্কার ছাড়া শান্তির উদ্যোগ অসম্পূর্ণ
বহুপক্ষীয় ব্যবস্থাকে কার্যকর করতে হলে শুধু পুরোনো প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করলেই হবে না; সেগুলোকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কার এ ক্ষেত্রে অত্যন্ত জরুরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ রাষ্ট্রের হাতে স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা রেখে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান বিশ্বের জনসংখ্যা, অর্থনৈতিক শক্তি ও আঞ্চলিক বাস্তবতা ১৯৪৫ সালের মতো নেই। আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো অঞ্চলগুলো বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট প্রতিনিধিত্ব পায় না।
নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যসংখ্যা বাড়ানো এবং তাদের দায়িত্ব পালনের মেয়াদ দুই বছরের বেশি করার বিষয়টি বিবেচনা করা উচিত। প্রতিনিধিত্বে পিছিয়ে থাকা অঞ্চলগুলোকে নতুন আসন দেওয়া প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নের মতো আঞ্চলিক সংগঠনগুলোকেও নিরাপত্তা পরিষদের কাজে যুক্ত করার সুযোগ তৈরি করা যেতে পারে।
প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি ভেটো ক্ষমতার ব্যবহার কঠোরভাবে সীমিত করতে হবে। বিশেষ করে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও ব্যাপক নৃশংসতার ঘটনায় একটি রাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদ যেন অকার্যকর হয়ে না পড়ে, তা নিশ্চিত করা জরুরি। দীর্ঘমেয়াদে ভেটো ক্ষমতা বিলুপ্ত করার বিষয়টিও আলোচনায় থাকা উচিত।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই ধরনের সংস্কার প্রয়োজন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের ভোটাধিকার বণ্টন এখনো অনেকাংশে বিংশ শতাব্দীর অর্থনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে। নেতৃত্বের ক্ষেত্রেও প্রচলিত ভৌগোলিক রীতির প্রভাব রয়েছে—আইএমএফের প্রধান ইউরোপীয় এবং বিশ্বব্যাংকের প্রধান মার্কিন নাগরিক হবেন, এমন অলিখিত নিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে।
উদীয়মান অর্থনীতিগুলোর প্রতিনিধিত্ব বাড়াতে হবে এবং নেতৃত্বের পদে সব দেশের যোগ্য প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব ও কাঠামোও পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় ন্যায্যতা বাড়লে বৈষম্য ও ক্ষোভ কমতে পারে, যা দীর্ঘমেয়াদে সংঘাতের ঝুঁকিও হ্রাস করবে।
পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নতুন নিয়ন্ত্রণ
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো পুনরুজ্জীবিত করা জরুরি। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন সীমিত রাখার জন্য নতুন চুক্তিতে পৌঁছাতে হবে। এবার চীনকেও আলোচনায় যুক্ত করা প্রয়োজন, কারণ দেশটির পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ছে।
একই সঙ্গে পারমাণবিক পরীক্ষা বন্ধের সমন্বিত চুক্তি কার্যকর করা এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম উৎপাদন বন্ধে আলোচনা এগিয়ে নিতে হবে। যেসব দেশের হাতে পারমাণবিক অস্ত্র নেই, তাদেরও নতুন করে এ ধরনের অস্ত্র অর্জনের পথে না যাওয়ার অঙ্গীকার করা উচিত।
সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণেও আন্তর্জাতিক নিয়ম প্রয়োজন। বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যেন কখনো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর নির্ভর না করে। চূড়ান্ত সিদ্ধান্তে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখা অপরিহার্য।
উপগ্রহচিত্র, দূরসংবেদী প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের অগ্রগতি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণে সহায়তা করতে পারে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে জরুরি যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং অস্ত্রের তাৎক্ষণিক ব্যবহারের প্রস্তুতি কমানোর উদ্যোগ নেওয়া দরকার। সাইবার হামলা কিংবা কৃত্রিমভাবে তৈরি বিভ্রান্তিকর তথ্য যেন কোনো রাষ্ট্রকে ভুল সামরিক সিদ্ধান্তে ঠেলে না দেয়, সে জন্যও প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক বিচারব্যবস্থাকে কার্যকর করতে হবে
যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের জবাবদিহি নিশ্চিত করা ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আন্তর্জাতিক অপরাধ আদালতকে দুর্বল করার উদ্যোগ অপরাধীদের দায়মুক্তির সুযোগ বাড়াবে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের কাজ শুধু গণহত্যা, আগ্রাসন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত বা বিচার শুরু করায় সীমাবদ্ধ থাকতে পারে না। আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর ব্যবস্থাও থাকতে হবে। কোনো রাষ্ট্র রোম সংবিধির সদস্য হলে আদালতের এখতিয়ার মেনে নেওয়ার অঙ্গীকার করে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে বাস্তব পরিণতি নিশ্চিত করার ব্যবস্থা দুর্বল।
যেসব রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আশ্রয় দেয় বা বিচারের মুখোমুখি হতে বাধা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আইনি, কূটনৈতিক ও আর্থিক ব্যবস্থা নেওয়ার পথ তৈরি করতে হবে। যুদ্ধ শুরু করা কিংবা যুদ্ধের নামে অপরাধ সংঘটনের বাস্তব মূল্য থাকতে হবে। তা না হলে আন্তর্জাতিক আইন কেবল নীতিগত ঘোষণায় সীমাবদ্ধ থাকবে।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের সময়ও প্রতিষ্ঠানটির সংস্কারের নতুন সুযোগ তৈরি হতে পারে। সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব নিয়োগ একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পরিবর্তন হতে পারে। তবে প্রতিনিধিত্বের প্রশ্ন কেবল প্রতীকী অর্জনে সীমাবদ্ধ থাকা উচিত নয়; নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণের সব স্তরেই অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
শান্তির ভিত্তি হতে হবে উন্নয়ন ও মানবিক নিরাপত্তা
যুদ্ধ ঠেকানোর দীর্ঘমেয়াদি পথ শুধু সামরিক ও কূটনৈতিক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়। দারিদ্র্য দূর করা, মানসম্মত শিক্ষার সুযোগ বাড়ানো, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোও শান্তি প্রতিষ্ঠার অংশ।
উন্নয়নশীল দেশগুলোকে এমন আর্থিক পরিস্থিতিতে রাখা যাবে না, যেখানে ঋণ পরিশোধের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ কমাতে হয়। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত, পর্যাপ্ত ও সহনীয় ব্যয়ে অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত রূপান্তরের জন্য বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর অর্থায়ন বাড়ানো জরুরি। তা না হলে জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, খাদ্যসংকট ও প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রতিযোগিতা ভবিষ্যতে রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাতের কারণ হতে পারে।
বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাও একইভাবে গুরুত্বপূর্ণ। পরবর্তী মহামারি মোকাবিলায় সব দেশ যেন প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা পেতে পারে, সে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি চুক্তি চূড়ান্ত করে কার্যকর করা প্রয়োজন।
স্পেন উন্নয়নকে তার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন, উন্নয়ন অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা এবং জলবায়ু অর্থায়নে দেশটি বহুপক্ষীয় উদ্যোগকে সমর্থন করেছে। ২০২৫ সালে সেভিলে অনুষ্ঠিত উন্নয়ন অর্থায়নবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের চাপ কমানো এবং টেকসই উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অঙ্গীকার করা হয়।
স্পেন বিশ্বব্যাংকের সঙ্গে উন্নয়নের জন্য ঋণ বিনিময়বিষয়ক একটি বৈশ্বিক উদ্যোগ এবং দুর্যোগের পর ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ঋণ পরিশোধ স্থগিত রাখার সুযোগ দেওয়ার বহুপক্ষীয় ব্যবস্থাকেও সমর্থন করেছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর সর্বোচ্চ ৬ কোটি ইউরো ঋণ-সহায়তা দেওয়ার নিজস্ব ব্যবস্থাও রয়েছে।
এসব উদ্যোগকে কেবল উন্নয়ননীতি হিসেবে দেখলে ভুল হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা মানুষের নিরাপত্তা বাড়ায়। আর নিরাপত্তার এই ভিত্তি শক্তিশালী হলে সংঘাতের কারণগুলোও দুর্বল হয়।
ভবিষ্যৎ নির্ধারণের সময় এখনই
যুদ্ধকে স্বাভাবিক বলে মেনে নেওয়ার পরিণতি কী হতে পারে, তা মানবসভ্যতা আগেও দেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে দেশগুলো এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করেছিল, যার লক্ষ্য ছিল শক্তির বদলে আইন, একতরফা সিদ্ধান্তের বদলে সহযোগিতা এবং যুদ্ধের বদলে আলোচনাকে অগ্রাধিকার দেওয়া।
সেই ব্যবস্থা নিখুঁত ছিল না। তবু এটি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বিপর্যয় থেকে দূরে রাখতে সাহায্য করেছে। এখন সেই কাঠামো দুর্বল হয়ে পড়ছে। রাষ্ট্রগুলো আবার অস্ত্র প্রতিযোগিতা, জাতীয়তাবাদী সংঘাত এবং একতরফা সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে।
এই প্রবণতা থামাতে হলে প্রতিটি দেশকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। কোনো রাষ্ট্রের আগ্রাসনকে কৌশলগত প্রয়োজন বলে মেনে নেওয়া যাবে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচিত নীরবতা চলতে পারে না। একই সঙ্গে পুরোনো প্রতিষ্ঠানগুলোকে শুধু রক্ষা নয়, সংস্কার করে আরও প্রতিনিধিত্বশীল ও কার্যকর করে তুলতে হবে।
শান্তি কেবল যুদ্ধ না থাকার নাম নয়। এটি এমন একটি আন্তর্জাতিক পরিবেশ, যেখানে রাষ্ট্রগুলোর বিরোধ নিষ্পত্তির কার্যকর পথ আছে, দুর্বল দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে একা পড়ে থাকে না এবং নাগরিকদের উন্নয়ন ও মর্যাদা রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে থাকে।
বিশ্বের সামনে এখন দুটি পথ। একদিকে রয়েছে শক্তির জোরে নিয়ম নির্ধারণের প্রতিযোগিতা, যার পরিণতি হতে পারে আরও বিস্তৃত যুদ্ধ। অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক আইন, ন্যায়সংগত প্রতিনিধিত্ব, সামাজিক উন্নয়ন এবং বহুপক্ষীয় সহযোগিতার পথ। প্রথম পথের বিপদ ইতিমধ্যে দৃশ্যমান। দ্বিতীয় পথ কঠিন, ধীর এবং রাজনৈতিকভাবে ব্যয়বহুল হতে পারে। কিন্তু মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার বাস্তব সুযোগ সেখানেই।
যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এখনই। কারণ, যখন সংঘাত বিশ্বব্যবস্থার স্বাভাবিক নিয়মে পরিণত হয়, তখন শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আর সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার আগেই আন্তর্জাতিক সমাজকে সিদ্ধান্ত নিতে হবে—বিশ্ব পরিচালিত হবে আইনের ভিত্তিতে, নাকি শক্তির ইচ্ছায়।












