অভাব, অসুস্থতা আর পারিবারিক অবহেলার চাপে নিজের ১৫ মাস বয়সী সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্য এক দম্পতির হাতে তুলে দিয়েছেন এক মা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে উদ্ধার করেছে। আপাতত আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে শিশুটির মা এবং শিশুটিকে গ্রহণ করা দম্পতিকে হাজির করা হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের পরবর্তী ব্যবস্থা নির্ধারণ করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে অন্যের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটে।
স্বামীর অবহেলা, বাবার বাড়িতেও অনিশ্চিত জীবন
শিশুটির মা অনিকা আক্তারের বয়স ১৮ বছর। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় ছেলে আলামিন। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।
অনিকার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী তাঁর ও সন্তানের খোঁজখবর রাখতেন না। একপর্যায়ে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি।
কিন্তু সেখানেও কাটেনি সংকট। নিজের অসুস্থতা, সন্তানের খাবার ও চিকিৎসার ব্যয় এবং বাবার পরিবারের আর্থিক অসচ্ছলতা মিলিয়ে একসময় চরম বিপাকে পড়েন অনিকা। সন্তানকে লালন-পালনের সামর্থ্য নেই—এমন পরিস্থিতিতে তাঁকে অন্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।
৩০ হাজার টাকায় শিশুকে হস্তান্তর
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে এক প্রতিবেশীর সহযোগিতায় শিশুটিকে মোংলায় নেওয়া হয়। পরে মোংলা পৌরসভার বাতেন সড়ক এলাকার এক লৌহজাত পণ্যের ব্যবসায়ীর স্ত্রীর কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। ওই দম্পতির কোনো সন্তান নেই।
অনিকা জানিয়েছেন, তিনি জটিল রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ চালাতেই তাঁকে হিমশিম খেতে হয়। সন্তানের খাবার ও চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্যও তাঁর নেই। এ কারণেই বাধ্য হয়ে ছেলেকে অন্যের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
অনিকার ভাষ্য, সন্তান যেখানে ভালো থাকবে, সেখানেই থাকুক। তিনি নিজে তাকে লালন-পালন করতে পারছেন না।
শিশুটির নানা জানান, তাঁর বয়স হয়েছে এবং তিনিও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতেই তাঁকে সমস্যায় পড়তে হয়। এমন অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে কঠিন।
প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার
ঘটনাটি উপজেলা প্রশাসনের নজরে আসার পর ইউএনও উভয় পক্ষকে ডেকে পাঠান। শুক্রবার তাঁদের উপস্থিতিতে শিশুটিকে উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, কোনো শিশুকে এভাবে বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কেউ শিশুটির দায়িত্ব নিতে চাইলে তাঁদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












