বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ (জাহাজ্জার চর) ও ভাসানচর ধীরে ধীরে মিলে একটি বড় ভূখণ্ডে পরিণত হচ্ছে। ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, এই সময়ে পলি জমে মেঘনা মোহনায় নতুন ভূমি জেগেছে ৫৪৩ বর্গকিলোমিটার। একই সময়ে ভাঙনে হারিয়েছে ৪৬ বর্গকিলোমিটার। চলতি বছরের অক্টোবরে গবেষণাটি একটি আন্তর্জাতিক উপকূল সংরক্ষণ বিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণা অনুযায়ী, এই সময়ে সন্দ্বীপের নিট আয়তন বেড়েছে ১০৫ বর্গকিলোমিটার। স্বর্ণদ্বীপ ১৯৮৯ সালের ৫২ বর্গকিলোমিটার থেকে বেড়ে ২০২৫ সালে ২৬৬ বর্গকিলোমিটার হয়েছে, যার বেশির ভাগ জেগেছে ২০০০ সালের পর। ভাসানচরের আয়তন ২০২৫ সালে দাঁড়িয়েছে ১৬৫ বর্গকিলোমিটার। গবেষণায় থাকা উড়িরচর আলাদা থাকলেও এর নিট আয়তন বেড়েছে ৯১ বর্গকিলোমিটার। ২০১৮ সালের দিকে কাজ শুরু করা গবেষক দল দেখেছে, ২০২৫-২৬ সালের মধ্যে দ্বীপগুলোর মাঝের চ্যানেল প্রায় হারিয়ে গেছে।
গবেষণার প্রধান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, তিনটি চর মিলে বড় ভূখণ্ড তৈরি হওয়া বিরল ঘটনা। ঘনবসতিপূর্ণ দেশের জন্য এটি বড় সুফল আনতে পারে। গবেষণার ফল সরকারকে জানানো হয়েছে। সহগবেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ শামীম রেজা সায়মুন বলেন, জলবায়ু পরিবর্তনে উপকূলের অনেক এলাকা যখন ডুবছে, তখন প্রচুর পলি আসায় এখানে নতুন চর জাগছে। এই ভূমি স্থিতিশীল হতে আরও দুই থেকে তিন দশক লাগবে।
বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করছেন। বুয়েটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম জানান, পদ্মা-মেঘনা-যমুনা নদীব্যবস্থা প্রতিবছর প্রায় ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে বয়ে আনে, তবে এই পরিমাণ কমছে। জোয়ার-ভাটা পলি সরিয়ে চর ডুবিয়েও দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, নতুন মাটি খুবই উর্বর, ঠিকভাবে ব্যবহার করলে ভূমি রক্ষায় কাজে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শামসুল আলম মনে করেন, উপকূলে নতুন দ্বীপ জাগবে, আবার ভাঙনও চলবে, তাই নিয়মিত নজরদারি দরকার।
বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে মেঘনা মোহনায় নতুন ভূমি আবাসন ও কৃষির জন্য বড় সম্ভাবনা। তবে সন্দ্বীপের কিছু অংশে ভাঙন চলায় সেখানকার মানুষ একদিকে জমি হারাচ্ছেন, অন্যদিকে নতুন চর জাগছে। বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন চরে গাছ কাটা বন্ধ করে ম্যানগ্রোভ বন গড়ে তোলা এবং সুরক্ষা বাঁধ নির্মাণ। ঠিকমতো যত্ন না নিলে জোয়ার আর ঘূর্ণিঝড়ে এই ভূমি আবার সাগরে হারিয়ে যেতে পারে।












