তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন, খরচ পড়বে ৩০০ টাকা। শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। সরকার বলছে, সামাজিক সুরক্ষা ও খাদ্যের দাম নাগালে রাখার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি হবে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মজুত থাকা সাপেক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিক্রি চলবে। চাল কিনতে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র দেখাতে হবে এবং মাস্টাররোলে সই করতে হবে। প্রতিটি ট্রাকে একজন তদারকি কর্মকর্তা থাকবেন, নজরদারিতে আছে আলাদা দলও।
প্রতি সপ্তাহে মোট ৩৩০ টন চাল বিক্রি হবে ৬৬টি ট্রাকে, প্রতি ট্রাকে ৫ টন করে। এর মধ্যে গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ টন, চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ টন, সাভারে ৮টি ট্রাকে ৪০ টন, ঢাকা শহরে ৬টি ট্রাকে ৩০ টন এবং ধামরাইয়ে ২টি ট্রাকে ১০ টন চাল বিক্রি হবে। টঙ্গীতে আটটি বিক্রয়কেন্দ্রে সপ্তাহে ৪০ টন চাল দেওয়া হচ্ছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি টঙ্গীতে বিক্রির উদ্বোধন করেন।
শুরুতে গাজীপুর মহানগরের ৩০টি পোশাক কারখানাকে এই কর্মসূচিতে রাখা হয়েছে। ধাপে ধাপে কারখানা ও শ্রমিকের সংখ্যা বাড়ানো হবে। যেমন গাজীপুরের তিন সড়ক এলাকার একটি কারখানার ৫ হাজার শ্রমিকের মধ্যে যাচাই করে প্রথম দফায় ৫০০ জনকে বাছাই করা হয়েছে। সারা দেশে কতজন শ্রমিক এই সুবিধা পাবেন এবং বাছাইয়ের মানদণ্ড কী, তা এখনো জানানো হয়নি।
বাজারে মাঝারি চালের কেজি যখন ৫৫ থেকে ৬৪ টাকা, তখন ৩০ টাকায় চাল পোশাকশ্রমিকদের সংসারে কিছুটা হলেও স্বস্তি দেবে। শ্রমিকেরা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে বাজারের অবস্থা বিবেচনায় তাঁরা চালের পাশাপাশি ডাল, ভোজ্যতেল, লবণ ও আটাও এই কর্মসূচিতে যোগ করার দাবি জানিয়েছেন। মজুরি নিয়ে অসন্তোষের এই সময়ে ৩০ টাকা কেজিতে চাল কতটা স্বস্তি আনে, সেদিকেই এখন নজর।












