প্রায় তিন হাজার বছরের পুরোনো মহাকাব্য ‘রামায়ণ’ এবার বিশ্ব চলচ্চিত্রের পর্দায় নতুন রূপে হাজির হয়েছে। ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪৩০ মিলিয়ন ডলার। বিশাল বাজেট, হলিউডের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণ এবং অত্যাধুনিক দৃশ্যপ্রযুক্তির সমন্বয়ে নির্মাতাদের লক্ষ্য শুধু ভারতীয় দর্শককে মুগ্ধ করা নয়, আন্তর্জাতিক চলচ্চিত্রবাজারেও নতুন অবস্থান তৈরি করা।
৫ নভেম্বর মুক্তি পাওয়া ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ দুই পর্বের চলচ্চিত্রের প্রথম অংশ। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে। দুই পর্ব মিলিয়ে এই প্রকল্প ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
সিনেমার গণ্ডি ছাড়িয়ে বিনোদনের বিশাল সাম্রাজ্য
নির্মাতাদের পরিকল্পনা একটি চলচ্চিত্রে সীমাবদ্ধ নয়। তাঁরা ‘রামায়ণ’কে কেন্দ্র করে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আদলে একটি বড় বিনোদনজগৎ গড়ে তুলতে চান। এর মধ্যে থাকবে বিভিন্ন চরিত্রকে নিয়ে আলাদা সিনেমা, ভিডিও গেম, পণ্যসামগ্রী এবং থিম পার্ক।
এই পরিকল্পনার লক্ষ্য ভারতীয় পুরাণকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। সে কারণে নির্মাণে যুক্ত করা হয়েছে হলিউডের অভিজ্ঞ শিল্পীদেরও।
সিনেমাটির সংগীত নির্মাণে সহযোগিতা করেছেন অস্কারজয়ী সংগীতকার হ্যান্স জিমার। ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো চলচ্চিত্রে তাঁর সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ ছাড়া ‘ডিউন’-এর মতো বড় বাজেটের চলচ্চিত্রে দৃশ্যপ্রযুক্তির কাজ করা প্রতিষ্ঠান ডিএনইজি যুক্ত হয়েছে সিনেমাটির বিশেষ দৃশ্য নির্মাণে। পৌরাণিক জগৎকে পর্দায় বিশাল ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরাই ছিল তাদের অন্যতম দায়িত্ব।
চোখধাঁধানো দৃশ্যায়নে নতুন মাত্রা
সিনেমাটির সবচেয়ে বড় শক্তি এর দৃশ্যায়ন। উড়ন্ত হাতির ওপর রাবণের আঘাত, আকাশে উড়ন্ত রথে বিশাল শকুনের আক্রমণ কিংবা যুদ্ধের বীরত্বপূর্ণ মুহূর্ত—সবকিছুতেই রয়েছে বিপুল আয়োজন।
ধীরগতির দৃশ্য, বিশাল যুদ্ধ এবং অত্যাধুনিক বিশেষ দৃশ্যপ্রযুক্তির ব্যবহার ভারতীয় চলচ্চিত্রের পরিচিত উপাদান হলেও এবারের নির্মাণে সেগুলো আরও বড় পরিসরে উপস্থাপন করা হয়েছে।
ভারতে সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। দেশটির বৃহত্তম টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোতে দর্শকদের দেওয়া গড় রেটিং ১০-এর মধ্যে ৯ দশমিক ৩। মুক্তির পর দেশটির বক্স অফিসেও সিনেমাটি ভালো অবস্থান তৈরি করেছে।
তবে আন্তর্জাতিক দর্শকের কাছে একই মাত্রার গ্রহণযোগ্যতা পাওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
রামকে নায়ক হিসেবে উপস্থাপনের চ্যালেঞ্জ
রামের চরিত্র নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ। হিন্দুধর্মে রাম ন্যায়, কর্তব্য ও ধর্মপরায়ণতার প্রতীক। আদর্শ পুত্র, স্বামী, ভাই এবং ভবিষ্যৎ রাজা হিসেবে তাঁর মর্যাদা প্রতিষ্ঠিত।
কিন্তু পর্দায় একজন আদর্শ মানুষকে আকর্ষণীয় নায়ক হিসেবে তুলে ধরা সহজ নয়। কারণ, চলচ্চিত্রের নায়কের মধ্যে সাধারণত দ্বন্দ্ব, দুর্বলতা, আবেগ ও পরিবর্তনের জায়গা থাকে।
অভিনেতা রণবীর কাপুরের রাম চরিত্রে অভিনয়ও প্রত্যাশিত প্রাণবন্ততা তৈরি করতে পারেনি বলে সমালোচকদের অভিমত।
এ ক্ষেত্রে যিশুখ্রিষ্টের জীবন নিয়ে নির্মিত ‘দ্য চোজেন’ সিরিজের উদাহরণ সামনে এসেছে। সিরিজটির নির্মাতারা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ চরিত্রকে মানবিক আবেগ ও দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। ফলে বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষ সিরিজটি দেখেছেন।
অন্যদিকে ‘রামায়ণ’-এ ধর্মীয় চরিত্রের প্রচলিত ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার প্রবণতা চরিত্রগুলোকে আরও মানবিকভাবে উপস্থাপনের সুযোগ সীমিত করেছে বলে সমালোচনা রয়েছে।
রাবণের চরিত্রেও বাড়তি আকর্ষণ
সিনেমাটির আরেকটি আলোচিত দিক রাবণের চরিত্র। রাম যেখানে ন্যায় ও ধর্মের প্রতীক, সেখানে রাবণ অন্যায়ের প্রতিনিধিত্ব করেন। কিন্তু চলচ্চিত্রে রাবণকে বেশ বর্ণাঢ্য, শক্তিশালী ও আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে।
এ কারণে কিছু দর্শক ও সমালোচক অভিযোগ তুলেছেন, নির্মাতারা অনিচ্ছাকৃতভাবে খলনায়ককেই বেশি আকর্ষণীয় করে তুলেছেন।
বিষয়টি সাহিত্যের ইতিহাসে নতুন নয়। জন মিল্টনের বিখ্যাত মহাকাব্য ‘প্যারাডাইস লস্ট’-এ শয়তান চরিত্রকে এত শক্তিশালী ও ব্যক্তিত্বসম্পন্নভাবে উপস্থাপন করা হয়েছিল যে অনেক পাঠক মনে করেছিলেন, লেখক যেন খলনায়কের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল।
‘রামায়ণ’-এর ক্ষেত্রেও নায়ক ও খলনায়কের মধ্যকার এই আকর্ষণগত ভারসাম্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বিতর্ক এড়িয়ে বিশ্বজয়ের প্রস্তুতি
রামায়ণ নিয়ে চলচ্চিত্র নির্মাণ ভারতে বরাবরই সংবেদনশীল বিষয়। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ তার বড় উদাহরণ। চরিত্রের উপস্থাপন, কথ্য ভাষা এবং কার্টুনধর্মী দৃশ্যপ্রযুক্তি নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংগঠনগুলো সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। আদালতেও এর প্রদর্শনী বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছিল। শেষ পর্যন্ত নির্মাতাদের সিনেমায় কিছু পরিবর্তন আনতে হয়।
সেই অভিজ্ঞতা থেকে নতুন ‘রামায়ণ’-এর নির্মাতারা অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছেন। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল কাহিনি তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা।
তবে ভারতীয় দর্শকের ধর্মীয় আবেগ ও পরিচিত কাহিনিকে গুরুত্ব দিতে গিয়ে গল্পের সৃজনশীল পুনর্নির্মাণের সুযোগ কিছুটা সীমিত হয়েছে বলে সমালোচনা রয়েছে।
ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক সম্ভাবনার পরীক্ষা
‘রামায়ণ’ শুধু একটি বড় বাজেটের সিনেমা নয়; এটি আন্তর্জাতিক বিনোদনশিল্পে ভারতীয় চলচ্চিত্রের অবস্থান শক্তিশালী করার একটি বড় উদ্যোগ।
হলিউডের প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সংগীত এবং বিপুল বিনিয়োগ সিনেমাটিকে দৃশ্যগতভাবে আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি ভারতীয় পুরাণের একটি বহুল পরিচিত কাহিনিকে বিশ্বদর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করেছে।
তবে বিশ্ববাজারে সফল হতে হলে শুধু প্রযুক্তি বা পরিচিত পৌরাণিক কাহিনি যথেষ্ট নয়। প্রয়োজন শক্তিশালী চিত্রনাট্য, বিশ্বাসযোগ্য চরিত্র এবং এমন আবেগ, যার সঙ্গে ভিন্ন সংস্কৃতির দর্শকরাও নিজেদের যুক্ত করতে পারেন।
৪৩০ মিলিয়ন ডলারের এই আয়োজন ভারতীয় সিনেমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এখন দেখার বিষয়, রামায়ণের চিরায়ত আবেদনকে কতটা সফলভাবে বিশ্ব চলচ্চিত্রের ভাষায় রূপ দিতে পারেন নির্মাতারা।












