১৯৭৬ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল হলিউডের অন্যতম স্মরণীয় চলচ্চিত্র ‘রকি’। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৫০ বছর। অর্ধশতাব্দী পরও ছবিটি দর্শকের মনে বেঁচে আছে এক অদম্য বক্সারের গল্প হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে তৈরি হওয়া জনপ্রিয় ধারণার বাইরে গিয়ে ছবিটি আবার দেখলে বোঝা যায়, ‘রকি’ আসলে শুধু বক্সিং, জয় কিংবা স্বপ্নপূরণের গল্প নয়। এটি আমেরিকার সাধারণ মানুষের দারিদ্র্য, আত্মমর্যাদা, ভালোবাসা এবং জীবনে একটি সুযোগ পাওয়ার আকাঙ্ক্ষার গভীর মানবিক আখ্যান।
সিলভেস্টার স্ট্যালোন অভিনীত এই চলচ্চিত্রকে অনেকেই একজন বক্সারের অসম্ভবকে সম্ভব করার গল্প হিসেবে মনে রেখেছেন। পরবর্তী সময়ে নির্মিত একের পর এক সিক্যুয়েল এবং স্ট্যালোনের অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে। কিন্তু মূল ‘রকি’ অনেক বেশি সংযত, বাস্তবধর্মী এবং আবেগপূর্ণ।
স্বপ্নের পেছনে স্ট্যালোনের নিজের লড়াই
‘রকি’র সাফল্যের পেছনে রয়েছে স্ট্যালোনের নিজের জীবনের সংগ্রামের গল্প। নিউইয়র্কে তরুণ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। অর্থকষ্টে দিন কাটিয়েছেন। জীবিকার প্রয়োজনে কখনো খাবারের দোকানে মাছ কেটেছেন, কখনো চিড়িয়াখানায় সিংহের খাঁচা পরিষ্কার করেছেন, আবার কখনো সিনেমা হলে কর্মচারী হিসেবে কাজ করেছেন।
নিজের থাকার অনুপযোগী ছোট ঘরে বসে সিনেমার সংলাপ শুনে অভিনয়ের অনুশীলন করতেন তিনি।
স্ট্যালোনের স্মৃতিকথা ‘দ্য স্টেপস’-এ উঠে এসেছে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা। মাত্র তিন দিনে ‘রকি’র চিত্রনাট্য লেখার দাবি করেছেন তিনি। তখন তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা, আর নিজের হাতে অর্থ বলতে প্রায় কিছুই ছিল না।
চিত্রনাট্যটি বিক্রির জন্য বড় অঙ্কের প্রস্তাব পেয়েও তিনি রাজি হননি। তাঁর শর্ত ছিল, প্রধান চরিত্রে তাঁকেই অভিনয় করতে হবে। প্রযোজকেরা অন্য কোনো প্রতিষ্ঠিত অভিনেতাকে দিয়ে ছবিটি নির্মাণ করতে চাইলেও স্ট্যালোন নিজের অবস্থানে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তাঁর জেদই ইতিহাস তৈরি করে।
ছবিটির বাজেট ছিল খুবই সীমিত। শেষ দৃশ্যের বক্সিং প্রতিযোগিতায় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অনেক গৃহহীন মানুষ ও মানসিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী। অথচ সেই ছবিই পরে সেরা চলচ্চিত্রের অস্কার জিতে নেয়।
বক্সিং নয়, আত্মমর্যাদার লড়াই
‘রকি’কে সাধারণত বক্সিং চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হলেও এর মূল বক্তব্য অনেক গভীর। ছবিতে রকিকে মাত্র দুটি বক্সিং লড়াইয়ে দেখা যায়। একটি শুরুতে, অন্যটি শেষের দিকে। দুটিই রক্তাক্ত ও নির্মম।
রকি নিজেও একসময় বলে, বক্সার হতে চাইলে নির্বোধ হতে হয়। অর্থাৎ, ছবিটি বক্সিংকে গৌরবময় পেশা হিসেবে উপস্থাপন করে না।
রকির প্রকৃত স্বপ্ন বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নয়। সে শুধু নিজের কাছে প্রমাণ করতে চায়, সে পাড়ার আরেকজন ব্যর্থ মানুষ নয়। জীবনে অন্তত একবার নিজের সামর্থ্য দেখানোর সুযোগ চায় সে। পাশাপাশি ভালোবাসতে চায় অ্যাড্রিয়ানকে—যে অত্যন্ত লাজুক এবং নিজের অনুভূতি প্রকাশে দ্বিধাগ্রস্ত।
ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তাই শেষ লড়াইয়ের ফলাফল নয়। বিশ্বচ্যাম্পিয়ন অ্যাপোলো ক্রিডের কাছে প্রচণ্ড মার খেয়েও রকি যখন উঠে দাঁড়ায়, তখনই তার প্রকৃত বিজয় ঘটে। নিজের প্রশিক্ষক যখন তাকে পড়ে থাকতে বলে, তখনও সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে।
স্ট্যালোন তাঁর স্মৃতিকথায় ছবিটিকে সাধারণ মানুষের মর্যাদা ও সম্মান খোঁজার একটি প্রেমের গল্প হিসেবে বর্ণনা করেছেন।
আমেরিকার দারিদ্র্য ও উপেক্ষিত মানুষের গল্প
‘রকি’র আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকার নিম্নবিত্ত জীবনের বাস্তব চিত্র। ছবির পটভূমি ফিলাডেলফিয়া। শহরটির শ্রমজীবী ও দরিদ্র মানুষের জীবন স্ট্যালোনের পরিচিত ছিল। তাই ছবিটি বেভারলি হিলসে নির্মাণের প্রস্তাবে তিনি আপত্তি জানিয়েছিলেন।
রকির জীর্ণ চামড়ার জ্যাকেটটিও ছিল স্ট্যালোনের নিজের। জীবনের এক পর্যায়ে তিনিও কাঁচা ডিম খেয়ে দিন কাটিয়েছেন।
ছবির ছোট ছোট দৃশ্যেও চরিত্রগুলোর মানবিক দিক ফুটে উঠেছে। একসময় রকি একজন প্রভাবশালী বক্সিং আয়োজকের সচিবের কাছে নিজের পরিচয়পত্র দেয়। পরে আবার সেটি ফেরত চায়। যেন সামান্য একটি পরিচয়পত্রও তার কাছে মূল্যবান।
শেষদিকে অ্যাড্রিয়ান যখন রিংয়ের মধ্যে রকিকে জড়িয়ে ধরতে ছুটে আসে, তখন তার মাথা থেকে টুপি পড়ে যায়। ছবির প্রায় শেষ সংলাপে রকি জানতে চায়, তার টুপি কোথায়। এই সামান্য প্রশ্নের মধ্যেও অ্যাড্রিয়ানের প্রতি রকির যত্ন ও ভালোবাসা প্রকাশ পায়।
তবে রকির চরিত্রও নিখুঁত নয়। ঋণ আদায়কারীর হয়ে কাজ করতে গিয়ে সে প্রায় এক ব্যক্তির ওপর ভয়াবহ হামলা চালিয়ে বসে। কখনো অসম্মানিত বোধ করে প্রশিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে। অ্যাড্রিয়ানের প্রতিও তার আচরণ কখনো কখনো উদ্বেগ তৈরি করে। ফলে তার পরিবর্তনের গল্পটি একমুখী নয়; তার ভেতরে ভালো ও মন্দের টানাপোড়েন রয়েছে।
রকির আড়ালে আরেকটি বেদনাদায়ক গল্প
ছবিটির ভেতরে আরও একটি বিষণ্ন গল্প রয়েছে। সেটি অ্যাড্রিয়ানের ভাই পলির।
মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানার হিমঘরে কাজ করে পলি। জীবনের হতাশা থেকে নিজেকে দূরে রাখতে মদ্যপানে আশ্রয় নেয়। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত পলি একসময় ক্ষোভ প্রকাশ করে বলে, আর মাংস বহন করতে পারছে না সে।
তারও স্বপ্ন রয়েছে। কখনো জনসংযোগ, কখনো বিপণন, কখনো বক্সিং নিয়ে নিজের দক্ষতার কথা বলে সে। জীবনে এগিয়ে যাওয়ার নানা পথ খোঁজে। কিন্তু তার স্বপ্নগুলো বাস্তবায়নের কোনো কার্যকর সুযোগ আসে না।
অ্যাপোলো ক্রিডের কারণে রকি যখন বড় মঞ্চে লড়াইয়ের সুযোগ পায়, তখন সে সেই সুযোগ কাজে লাগায়। কিন্তু ছবিটি একই সঙ্গে মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা কখনোই নিজেদের প্রমাণ করার সুযোগ পান না।
৫০ বছর পরও কেন প্রাসঙ্গিক ‘রকি’
‘রকি’কে ঘিরে তৈরি হয়েছে নানা কিংবদন্তি। এর জনপ্রিয় সিক্যুয়েলগুলোতে রকিকে কখনো মিস্টার টি, কখনো সোভিয়েত বক্সারের বিরুদ্ধে লড়তে দেখা গেছে। এসব ছবি দর্শকের কাছে চরিত্রটিকে আরও শক্তিশালী অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু মূল চলচ্চিত্রের সৌন্দর্য তার বিপরীত জায়গায়—এখানে জয় নিশ্চিত নয়, স্বপ্ন পূরণও অবধারিত নয়।
ছবিটি রূপকথার মতো হলেও জানে যে বাস্তব জীবন কোনো রূপকথা নয়।
একটি দৃশ্যে একজন প্রভাবশালী ব্যক্তি রকিকে প্রশ্ন করেন, সে কি বিশ্বাস করে আমেরিকা সুযোগের দেশ? মুখে আঘাতের চিহ্ন, হাতে আঙুলবিহীন দস্তানা পরা রকি কিছুক্ষণ থেমে উত্তর দেয়, ‘হ্যাঁ’।
এই ছোট্ট উত্তরেই ধরা পড়ে ‘রকি’র মূল দর্শন। দারিদ্র্য, ব্যর্থতা ও সামাজিক উপেক্ষার মধ্যেও মানুষ সুযোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণ না হলেও নিজের মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হারায় না।
অর্ধশতাব্দী পর ‘রকি’কে নতুন করে দেখার তাৎপর্য এখানেই। ছবিটি আগের স্মৃতির চেয়েও ভালো, কারণ এর প্রকৃত শক্তি মুষ্টির আঘাতে নয়—একজন সাধারণ মানুষের মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসে।












