ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চার দেশের শীর্ষ বৈঠক, প্রথমবার সদস্যদেশের বাইরে বসছে কোয়াড সম্মেলন
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামী ১৭ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসতে যাচ্ছে কোয়াডের শীর্ষ সম্মেলন। ২০২৪ সালের পর এটিই হবে চার দেশের নেতাদের প্রথম শীর্ষ বৈঠক। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অংশ নেবেন।
আসিয়ান সম্মেলনের পাশাপাশি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোয়াডের ইতিহাসে এবারই প্রথম কোনো সদস্যদেশের বাইরে সম্মেলন আয়োজন করা হচ্ছে। ফলে ম্যানিলার বৈঠকটি চার দেশের কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে।
জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা
সম্মেলনের আলোচ্যসূচিতে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহব্যবস্থা এবং জ্বালানি পরিবহনের বাণিজ্যিক সমুদ্রপথের নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টিও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
ইরান ও ইউক্রেনকে ঘিরে সংঘাতের কারণে বিভিন্ন সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি, ওমান সাগর ও কৃষ্ণসাগরে সংঘাতের ঘটনায় ভারতীয় নাবিকদের প্রাণহানির বিষয়টি নয়াদিল্লির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব অঞ্চলে জাহাজে হামলার ঘটনায় অন্তত ৩০ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সম্মেলনে কোয়াডভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে একটি কোয়াড বিজনেস ফোরাম গঠনের প্রস্তাবও সামনে আসতে পারে।
সম্মেলনের বাইরে ট্রাম্পের চীন সফরও আলোচনায়
ম্যানিলায় কোয়াড সম্মেলনের পর ১৯ নভেম্বর চীনের শেনজেনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন। বৈশ্বিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার কথা রয়েছে।
ফলে কয়েক দিনের ব্যবধানে ম্যানিলা ও শেনজেনে অনুষ্ঠিতব্য বৈঠকগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কূটনীতি ও বৈশ্বিক নিরাপত্তা আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ভারত কেন নিজ দেশে সম্মেলন করতে পারেনি
কোয়াডের বর্তমান কাঠামো পুনরুজ্জীবিত হয় ২০১৭ সালে। পরে ২০২১ সালে করোনা মহামারির সময় সহযোগিতার পরিধি বাড়িয়ে রাষ্ট্র ও সরকারপ্রধান পর্যায়ের বৈঠক শুরু হয়।
তবে এরপর থেকে ভারত এখনো নিজ ভূখণ্ডে কোয়াডের কোনো শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। মূলত মার্কিন প্রেসিডেন্টের সময়সূচি ও সফরসংক্রান্ত জটিলতার কারণে নয়াদিল্লির পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
ভারত এবার সম্মেলনের সভাপতিত্ব করছে। তবে নয়াদিল্লি নিজ রাজধানীতে একটি শীর্ষ সম্মেলন আয়োজন না করে সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করতে আগ্রহী নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী বছর ভারতে সম্মেলন আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
ম্যানিলার বৈঠকে আনুষ্ঠানিকভাবে কোন দেশ আয়োজকের ভূমিকা পালন করবে, সে বিষয়ে এখনো স্পষ্ট ঘোষণা আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ম্যানিলায় কোয়াডের কার্যক্রম সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।












