খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা হত্যার ষড়যন্ত্রের অভিযোগসংক্রান্ত মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সমন্ত গোয়েলকে সমন পাঠানোর নতুন পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালত গত ৯ নভেম্বর পান্নুনকে ভারতীয় আদালতের মাধ্যমে তাঁদের কাছে সমন পৌঁছানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন। তবে এই আদেশের অর্থ এই নয় যে ভারত সরকার বা সংশ্লিষ্ট দুই কর্মকর্তা অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বিষয়টি এখন মূলত সমন পৌঁছানোর আইনি প্রক্রিয়া এবং ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তাসংক্রান্ত প্রশ্নের সঙ্গে জড়িয়ে গেছে। — সারাক্ষণ রিপোর্ট
কী অভিযোগে মামলা করেছেন পান্নুন?
ভারতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত পান্নুন যুক্তরাষ্ট্রে একটি দেওয়ানি মামলা করেছেন। তাঁর অভিযোগ, তাঁকে হত্যার ষড়যন্ত্রে ভারতের কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। মামলায় আজিত দোভাল ও সমন্ত গোয়েলের নাম রয়েছে।
২০২৩ সালের জুনে পান্নুনকে হত্যার একটি পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার অনুসন্ধানের সঙ্গে মামলাটির সম্পর্ক রয়েছে। তবে পান্নুনের করা দেওয়ানি মামলাটি ওই তদন্তের অংশ নয়; এটি পৃথক আইনি কার্যক্রম।
বিদেশি আদালতের সমন ভারতে কীভাবে পৌঁছায়?
বিদেশি আদালতের বিচারিক নথি অন্য দেশে পৌঁছানোর জন্য ১৯৬৫ সালের ‘হেগ কনভেনশন’ নামে পরিচিত একটি আন্তর্জাতিক চুক্তি রয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্র—দুই দেশই এই চুক্তির সদস্য।
চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোকে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ নির্ধারণ করতে হয়, যারা বিদেশি আদালতের সমন ও অন্যান্য বিচারিক নথি গ্রহণ এবং বিতরণের দায়িত্ব পালন করে। ভারতে এই দায়িত্ব আইন ও বিচার মন্ত্রণালয়ের।
চুক্তিতে কূটনৈতিক ও কনস্যুলার চ্যানেল, ডাকযোগে নথি পাঠানো এবং দুই দেশের বিচারিক কর্তৃপক্ষের মধ্যে সরাসরি যোগাযোগের মতো একাধিক পদ্ধতির সুযোগ রাখা হয়েছে।
তবে ভারত চুক্তিতে যুক্ত হওয়ার সময় কয়েকটি বিকল্প পদ্ধতির বিষয়ে আপত্তি জানিয়েছিল। বিশেষ করে কূটনৈতিক বা কনস্যুলার কর্মকর্তাদের মাধ্যমে সমন পাঠানোর ক্ষেত্রে ভারতের শর্ত হলো, নথি যে দেশ থেকে এসেছে, প্রাপককে সেই দেশের নাগরিক হতে হবে। অর্থাৎ মার্কিন কূটনীতিকেরা ভারতে অবস্থানরত কোনো ভারতীয় নাগরিকের কাছে সরাসরি মার্কিন আদালতের সমন পৌঁছে দিতে পারবেন না।
কোন কারণে সমন গ্রহণে আপত্তি জানাতে পারে ভারত?
হেগ কনভেনশনের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে সেই দেশ বিদেশি আদালতের সমন পৌঁছে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে শুধু এই কারণে অনুরোধ বাতিল করা যায় না যে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইনে মামলার অভিযোগ বা দাবির স্বীকৃতি নেই।
ভারতের আইন ও বিচার মন্ত্রণালয় কোনো অনুরোধ প্রত্যাখ্যান করলে তার কারণ জানাতে হবে। আর অনুরোধ গ্রহণ করলে নির্ধারিত নিয়মে সমন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তা সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে সনদ দিতে হবে।
২০০৯ সালে ভারত সরকার একটি প্রজ্ঞাপন জারি করে বিদেশি আদালতের সমন ভারতীয় আদালতের মাধ্যমে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া কার্যকর করে। এর ফলে হেগ কনভেনশনের সদস্য দেশগুলোর আদালত থেকে আসা সমন ভারতের দেওয়ানি আদালতে পাঠানো সম্ভব।
পান্নুনের আবেদনে মার্কিন আদালতের সিদ্ধান্ত
মামলাটির বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা তাঁর আদেশে উল্লেখ করেন, আজিত দোভাল যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁকে ব্যক্তিগতভাবে সমন দেওয়ার তিনটি চেষ্টা নিরাপত্তাকর্মীরা বাধা দিয়ে আটকে দেন। দোভাল, সমন্ত গোয়েল এবং ‘র’-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের কাছে ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে সমন পৌঁছানোর চেষ্টাও সফল হয়নি।
এরপর বিকল্প পদ্ধতিতে সমন পাঠানোর আবেদন করেন পান্নুন। সিদ্ধান্ত দেওয়ার আগে বিচারক যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের মতামত নেন। তবে এ বিষয়ে তারা কোনো নির্দিষ্ট অবস্থান নেয়নি বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
বিচারক হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদের ওপর গুরুত্ব দেন। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশে প্রচলিত আইন যদি চুক্তিতে সরাসরি উল্লেখ নেই এমন পদ্ধতিতেও সমন পৌঁছানোর সুযোগ দেয়, তাহলে সেই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
ভারতের দেওয়ানি কার্যবিধির ২৯(গ) ধারার সঙ্গে ২০০৯ সালের সরকারি প্রজ্ঞাপন মিলিয়ে বিচারক মনে করেন, হেগ কনভেনশনের সদস্য দেশের আদালত থেকে আসা সমন ভারতীয় আদালতের মাধ্যমে পৌঁছানোর সুযোগ রয়েছে।
এই যুক্তিতে দিল্লির পাতিয়ালা হাউস, দ্বারকা ও তিস হাজারি জেলা আদালতের মাধ্যমে দোভাল ও গোয়েলের কাছে সমন পাঠানোর অনুমতি দেওয়া হয়। সংশ্লিষ্ট দুই কর্মকর্তা যেসব এলাকায় বসবাস করেন বলে ধারণা করা হচ্ছে, সেসব এলাকার বিচারিক এখতিয়ার বিবেচনায় আদালতগুলো নির্ধারণ করা হয়েছে।
ভারত আগে সমন পৌঁছানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছিল—এই যুক্তিতে হেগ কনভেনশন আর প্রযোজ্য নয়, পান্নুনের এমন দাবি অবশ্য বিচারক গ্রহণ করেননি। তবে ভারত সরকার বা কোনো ভারতীয় আদালত বিপরীত অবস্থান জানালে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রেখেছেন তিনি।
আদেশের পরও ভারতের হাতে কী সুযোগ রয়েছে?
সমন পাঠানোর অনুমতি পাওয়া মানেই তা কার্যকরভাবে পৌঁছে যাবে, এমন নিশ্চয়তা নেই। ভারতের আইন ও বিচার মন্ত্রণালয় চুক্তি ও দেশীয় আইনের আলোকে অনুরোধটি পর্যালোচনা করতে পারবে। সার্বভৌমত্ব বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যুক্তি থাকলে অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে।
ভারত অতীতেও হেগ কনভেনশনের আওতায় সমন পৌঁছানোর ক্ষেত্রে কূটনৈতিক দায়মুক্তির যুক্তি ব্যবহার করেছে। ফলে এই মামলাতেও আইনি ও কূটনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পান্নুনের মামলাকে ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই পরিচালিত হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের আদালতের ৯ নভেম্বরের আদেশটি কেবল সমন পৌঁছানোর পদ্ধতি নিয়ে। এতে ভারতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, আজিত দোভাল বা সমন্ত গোয়েলের দায়ও নির্ধারিত হয়নি। এখন দেখার বিষয়, ভারতীয় কর্তৃপক্ষ কী অবস্থান নেয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী সমন পৌঁছানোর প্রক্রিয়া কত দূর এগোয়।












