রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান। আকস্মিক এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুন লাগে।
আগুনে প্রাণ গেল শুভ্রর
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তাঁদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আফরিন আখতার জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।
২৭ মিনিটে নিয়ন্ত্রণে আগুন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।












