প্রোস্টেট ক্যানসার শনাক্তে পুরুষদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী চিকিৎসা সংস্থা আমেরিকান ক্যানসার সোসাইটি (এসিএস)। নতুন নির্দেশনা অনুযায়ী, গড় ঝুঁকিতে থাকা পুরুষদের ৫০ বছর বয়স থেকে প্রতি দুই বছর অন্তর প্রোস্টেট ক্যানসারের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, কৃষ্ণাঙ্গ পুরুষ এবং যাদের পরিবারের নিকটাত্মীয়ের মধ্যে এই রোগের ইতিহাস রয়েছে, তাদের ৪৫ বছর বয়স থেকেই প্রতিবছর পরীক্ষা করার সুপারিশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসা সাময়িকী সিএ: এ ক্যানসার জার্নাল ফর ক্লিনিশিয়ানস-এ প্রকাশিত নতুন নির্দেশনায় প্রোস্টেট ক্যানসার শনাক্তে আগের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও এবার নির্দিষ্ট বয়সসীমা অনুযায়ী নিয়মিত পরীক্ষার সরাসরি সুপারিশ করা হয়েছে।
বয়স অনুযায়ী কার কখন পরীক্ষা প্রয়োজন
নতুন নির্দেশনায় পুরুষদের ঝুঁকির মাত্রা ও বয়স বিবেচনায় পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
- সাধারণ ঝুঁকিতে থাকা পুরুষ: ৫০ থেকে ৬৯ বছর বয়স পর্যন্ত প্রতি দুই বছর অন্তর পরীক্ষা।
- উচ্চ ঝুঁকিতে থাকা পুরুষ: কৃষ্ণাঙ্গ পুরুষ এবং যাদের বাবা, ভাই বা সন্তানের মধ্যে ৬৫ বছর বয়সের আগে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, তাদের ৪৫ থেকে ৬৯ বছর বয়স পর্যন্ত প্রতিবছর পরীক্ষা।
- ৭০ থেকে ৭৪ বছর বয়স: চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ব্যক্তিগত ঝুঁকি ও শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত।
- ৭৫ বছর বা তার বেশি: নিয়মিত পরীক্ষার সুপারিশ করা হয়নি।
পরীক্ষায় প্রোস্টেট-নির্দিষ্ট অ্যান্টিজেন বা পিএসএ পরীক্ষা ব্যবহারের কথা বলা হয়েছে। এটি একটি রক্ত পরীক্ষা, যার মাধ্যমে রক্তে পিএসএ নামের প্রোটিনের মাত্রা পরিমাপ করা হয়।
পিএসএ পরীক্ষায় কী জানা যায়
প্রোস্টেট গ্রন্থি থেকে পিএসএ প্রোটিন তৈরি হয়। রক্তে এর মাত্রা বেড়ে গেলে প্রোস্টেট ক্যানসারের আশঙ্কা তৈরি হতে পারে। তবে পিএসএ বেশি হলেই ক্যানসার হয়েছে, এমন নয়। বয়স বাড়ার সঙ্গে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া কিংবা সংক্রমণের কারণেও এই মাত্রা বাড়তে পারে।
নতুন নির্দেশনায় ৬৯ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে প্রতি মিলিলিটার রক্তে ৩ ন্যানোগ্রাম বা তার বেশি পিএসএকে অস্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়েছে। ৭০ থেকে ৭৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই সীমা ৬ দশমিক ৫ ন্যানোগ্রাম।
তবে প্রথম পরীক্ষায় অস্বাভাবিক ফল এলেই পরবর্তী পরীক্ষা বা চিকিৎসা শুরু করার পরামর্শ দেওয়া হয়নি। বরং প্রথম পরীক্ষার দুই সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে আবার পিএসএ পরীক্ষা করার কথা বলা হয়েছে। পুনরায় পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা যেতে পারে।
কেন বদলাল পরীক্ষার নির্দেশনা
আমেরিকান ক্যানসার সোসাইটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. উইলিয়াম ডাহুটের মতে, গত এক দশকে প্রোস্টেট ক্যানসার পরীক্ষার উপকারিতা সম্পর্কে গবেষণায় আরও শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে।
বিশেষ করে ইউরোপে পরিচালিত দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, প্রতি দুই বছর অন্তর পিএসএ পরীক্ষা করানো পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারে মৃত্যুর ঝুঁকি কমেছে।
গত বছর নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি ইউরোপীয় গবেষণায় দেখা যায়, যেসব পুরুষকে নিয়মিত পিএসএ পরীক্ষা করানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের প্রোস্টেট ক্যানসারে মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় ১৩ শতাংশ কম ছিল।
এ ছাড়া বর্তমানে এমআরআই, বায়োমার্কার ও জিনগত পরীক্ষার মতো প্রযুক্তি ব্যবহারের সুযোগ বেড়েছে। ফলে পিএসএ পরীক্ষায় অস্বাভাবিক ফল পাওয়া গেলেই সবার বায়োপসি করার প্রয়োজন হয় না। কোন রোগীর ক্যানসারের ঝুঁকি বেশি, তা আরও ভালোভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে।
দেরিতে শনাক্ত হচ্ছে ক্যানসার
যুক্তরাষ্ট্রে পুরুষদের ক্যানসারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ প্রোস্টেট ক্যানসার। প্রথম অবস্থানে রয়েছে ফুসফুসের ক্যানসার।
আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রোস্টেট ক্যানসার শনাক্তের হার প্রতিবছর গড়ে প্রায় ৩ শতাংশ বেড়েছে। একই সময়ে রোগটির অগ্রসর পর্যায়ে শনাক্ত হওয়ার ঘটনাও বেড়েছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, প্রতি আটজন পুরুষের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হতে পারেন।
চিকিৎসকদের মতে, প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত হলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত হলে রোগীদের পাঁচ বছর বা তার বেশি সময় বেঁচে থাকার হার ৯৯ শতাংশের বেশি।
কৃষ্ণাঙ্গ পুরুষদের ঝুঁকি বেশি
নতুন নির্দেশনায় কৃষ্ণাঙ্গ পুরুষদের জন্য তুলনামূলক কম বয়সে পরীক্ষা শুরু করার সুপারিশ করা হয়েছে। কারণ, তাদের মধ্যে প্রোস্টেট ক্যানসার তুলনামূলক কম বয়সে দেখা দিতে পারে এবং রোগটি অনেক ক্ষেত্রে বেশি আক্রমণাত্মক হয়।
ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসক ডা. নীরজ আগরওয়ালের উদ্ধৃত তথ্য অনুযায়ী, কৃষ্ণাঙ্গ পুরুষদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার আজীবন ঝুঁকি প্রতি ছয়জনে একজন। তাদের মৃত্যুঝুঁকিও অন্য পুরুষদের তুলনায় দুই থেকে চার গুণ বেশি।
তবে আগরওয়ালের মতে, কৃষ্ণাঙ্গ পুরুষদের ৪৫ বছরের পরিবর্তে ৪০ বছর বয়স থেকেই পরীক্ষা শুরু করার বিষয়টি বিবেচনা করা উচিত। প্রোস্টেট ক্যানসার ফাউন্ডেশন এবং আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের নির্দেশনাতেও এই জনগোষ্ঠীর জন্য ৪০ বছর বয়সের কাছাকাছি পরীক্ষা শুরুর পরামর্শ রয়েছে।
পরীক্ষার সুবিধার পাশাপাশি সতর্কতাও জরুরি
পিএসএ পরীক্ষার মাধ্যমে ক্যানসার দ্রুত শনাক্ত করা সম্ভব হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। পরীক্ষায় অস্বাভাবিক ফল এলেই ক্যানসার নিশ্চিত হয় না। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বায়োপসি, উদ্বেগ এবং চিকিৎসার ঝুঁকি তৈরি হতে পারে।
বিশেষ করে ধীরগতিতে বেড়ে ওঠা কিছু ক্যানসার রোগীর জীবনের জন্য কখনোই বড় হুমকি হয়ে উঠতে পারে না। কিন্তু সেগুলো শনাক্ত হওয়ার পর অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বা রেডিয়েশন চিকিৎসা নেওয়ার ঝুঁকি থাকে।
এ কারণে নতুন নির্দেশনায় পরীক্ষার সুবিধা, সীমাবদ্ধতা ও সম্ভাব্য ক্ষতি সম্পর্কে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়েছে।
আমেরিকান ক্যানসার সোসাইটির এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা নির্দেশনার সঙ্গে পুরোপুরি এক নয়। দেশটির ইউএস প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্কফোর্স এখনো ৫৫ থেকে ৬৯ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর গুরুত্ব দেয়।
বিশেষজ্ঞদের মতে, নতুন নির্দেশনার বড় চ্যালেঞ্জ শুধু পরীক্ষা বাড়ানো নয়, বরং অস্বাভাবিক ফল পাওয়ার পর এমআরআই, বিশেষজ্ঞ চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা। কারণ, পরীক্ষা করানোর সুযোগ থাকলেও পরবর্তী চিকিৎসার ব্যয় অনেক রোগীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।












