প্রাপ্তবয়স্ক হওয়ার আগমুহূর্তে কিংবা কৈশোর পেরোনোর পরপরই অনেক তরুণ-তরুণী সম্পর্কে জড়িয়ে পড়েন বয়সে অনেক বড় কারও সঙ্গে। কারও কাছে সেই সম্পর্ক ভালোবাসার অভিজ্ঞতা, কারও জীবনে তা দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত। আবার কোনো কোনো ক্ষেত্রে বয়সের ব্যবধান থাকলেও দুজনের মধ্যে থাকে পারস্পরিক বোঝাপড়া ও সমান অংশগ্রহণ। ফলে প্রশ্ন উঠছে, বয়সের পার্থক্য কি একাই কোনো সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করে, নাকি এর সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে থাকে ক্ষমতা, অভিজ্ঞতা ও সম্মতির বিষয়টি?
যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের সঙ্গে বয়সে অনেক বড় ব্যক্তিদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাসেল ব্র্যান্ড ও ডেভিড ওয়ালিয়ামসকে ঘিরে বিতর্কের পর ১৬ ও ১৭ বছর বয়সীদের সম্ভাব্য শোষণ থেকে সুরক্ষা দিতে নতুন আইনের দাবি উঠেছে। দেশটিতে বর্তমানে সম্মতির আইনগত বয়স ১৬ বছর। তবে সমালোচকদের মতে, আইনগত সম্মতি দেওয়ার বয়স পার হলেই একজন কিশোর বা কিশোরী যে মানসিকভাবে সব ধরনের সম্পর্কের ক্ষমতার ভারসাম্য বুঝতে সক্ষম, তা নিশ্চিত নয়।
ভালোবাসার নামে আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার অভিজ্ঞতা
১৮ বছর বয়সে ৩৬ বছর বয়সী এক ব্যায়াম প্রশিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এক নারী। কৈশোরে দীর্ঘদিন অসুস্থতা ও বিচ্ছিন্নতার মধ্যে কাটানোর পর ওই প্রশিক্ষকের ব্যক্তিত্ব ও মনোযোগ তাঁর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। বয়সে দ্বিগুণ একজন পুরুষের আগ্রহ তাঁকে নিজেকে পরিণত ও বিশেষ কেউ বলে ভাবতে শিখিয়েছিল।
কিন্তু সম্পর্কের ভেতরে ছিল প্রশংসার সঙ্গে নিয়মিত সমালোচনা। পোশাক, চেহারা ও শরীরের খুঁত নিয়ে মন্তব্য করে ওই ব্যক্তি তাঁর আত্মবিশ্বাস দুর্বল করতেন। পরে তিনি জানতে পারেন, পুরুষটির আগে থেকেই একজন বয়স্ক সঙ্গী ছিলেন, যাঁর সঙ্গে তিনি একই বাড়িতে থাকতেন। বিষয়টি জানার পর সম্পর্ক ভেঙে পড়লেও দীর্ঘদিন ওই তরুণী মানসিকভাবে তা থেকে বের হতে পারেননি।
তাঁর উপলব্ধি, তখন আশপাশের কেউ সম্পর্কটির ক্ষমতার অসমতা বুঝিয়ে বলেনি। আইনগতভাবে তিনি প্রাপ্তবয়স্ক হলেও জীবনের অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের দিক থেকে তখনো ছিলেন অনভিজ্ঞ।
অল্প বয়সে সম্পর্ক, নিয়ন্ত্রণ ও মানসিক চাপ
আরেক নারী ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে যাওয়ার পর ২৪ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান। পারিবারিক অস্থিরতা ও সহায়তার অভাবের মধ্যে ওই ব্যক্তির মনোযোগ তাঁর কাছে আশ্রয়ের মতো মনে হয়েছিল। কিন্তু সম্পর্কটি ধীরে ধীরে নিয়ন্ত্রণমূলক হয়ে ওঠে।
ওই ব্যক্তি তাঁর সময় ও মনোযোগ দাবি করতেন, অন্য পুরুষের সঙ্গে কথা বললে আপত্তি জানাতেন এবং সম্পর্ক ছেড়ে গেলে আত্মহত্যার হুমকি দিতেন। সম্পর্ক শেষ হওয়ার পরও তাঁকে অনুসরণ করেছিলেন। পরে ওই নারী উপলব্ধি করেন, তখন নিজেকে অসহায় মনে না হলেও বাস্তবে তিনি ছিলেন অল্পবয়সী ও ঝুঁকিপূর্ণ অবস্থায়।
তবে তাঁর জীবনের আরেক অভিজ্ঞতা ছিল ভিন্ন। ১৯ বছর বয়সে ৩০ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় তিনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ মনে করেছিলেন। ওই সম্পর্কের মধ্যে পারস্পরিক সমতা ও নিজের মতো থাকার স্বাধীনতা ছিল বলে তাঁর বক্তব্য।
সব সম্পর্ক কি একইভাবে বিচার করা যায়?
তিনটি অভিজ্ঞতার মধ্যে তৃতীয়টি এসেছে একজন পুরুষের কাছ থেকে। তাঁর বয়স যখন ১৮, তখন ৪০ বছরের বেশি বয়সী এক নারী কৌতুকশিল্পীর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। দুজনের মধ্যে স্বল্পস্থায়ী সম্পর্ক হয়েছিল। তাঁর দাবি, সেখানে কোনো চাপ, প্রতারণা বা মানসিক ক্ষতি ছিল না; দুজনই নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে সচেতন ছিলেন।
এই অভিজ্ঞতা থেকে তাঁর বক্তব্য, বয়সের ব্যবধান থাকলেই প্রতিটি সম্পর্ককে শোষণমূলক বলা যায় না। তবে তিনি এটিও স্বীকার করেন, বয়স ও অভিজ্ঞতার পার্থক্য কখনো ক্ষমতার অসমতা তৈরি করতে পারে এবং অল্পবয়সীরা সব সময় তা শনাক্ত করতে পারে না।
আইনের পাশাপাশি সচেতনতার প্রশ্ন
এই অভিজ্ঞতাগুলো দেখায়, বয়সের ব্যবধানের সম্পর্কের বাস্তবতা একরকম নয়। কোথাও থাকে নিয়ন্ত্রণ, মানসিক চাপ ও আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার প্রবণতা; কোথাও আবার দুজনের সম্মতি ও পারস্পরিক বোঝাপড়া কাজ করে।
তাই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি কঠিন প্রশ্ন: কেবল বয়সের ভিত্তিতে আইন তৈরি করলে কি শোষণ ঠেকানো সম্ভব, নাকি সম্পর্কের মধ্যে ক্ষমতার অপব্যবহার, মানসিক চাপ ও সম্মতির প্রকৃত অর্থও বিবেচনায় নিতে হবে? কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার এই সংবেদনশীল সময়ে সম্পর্কের ঝুঁকি বোঝা এবং তরুণদের সুরক্ষার বিষয়টি যে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তা স্পষ্ট করে।












