ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। দিনভর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও ভাঙচুরের আশঙ্কায় ৭০টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক দফায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এই দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর নগরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
৭০ কারখানায় ছুটি ঘোষণা
দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর থেকে শ্রমিকদের একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় মালিকপক্ষ ৭০টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর তালিকায় রয়েছে—হোপলোন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২, জারমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক্স, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স, সেটান-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড, টিপিও গার্মেন্টস, স্পিরিট গার্মেন্টস, সিভিউ গার্মেন্টস, পার্কভিউ গার্মেন্টস, টি জে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, লাকি স্টার গার্মেন্টস, এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, এইচ বি এস গার্মেন্টস, রয়েল ফুটওয়্যার, এসকে ট্রীম গার্মেন্টস, রিপন গার্মেন্টস, এ ই সি অ্যাপারেলস লিমিটেড, জি এবং ফ্যাশন লিমিটেড, কে এ ডিজাইন, নিউ আর জি, তোসুকা অ্যাপারেলস লিমিটেড, কটন ক্লোথিন বিডি লিমিটেড, মার্চস্টিস গার্মেন্টস, আজম ফুট, ইকো টেক্স লিমিটেড, মাসকো পিকাসু গার্মেন্টস, এন্টাস ডিজাইন লিমিটেড, কনচেপ্ট নিটিং লিমিটেড, মিম ফ্যাশন লিমিটেড, বারাকা ফ্যাশন লিমিটেড, বিল্লা ট্রেড লিমিটেড, ডি.এইচ গ্লোবাল লিমিটেড, নিট বাজার লিমিটেড, তামিসনা অ্যাপারেলস লিমিটেড, প্যানাজিয়া ফ্যাশনওয়্যার লিমিটেড, ফকিরা গার্মেন্টস, আরএমজি গার্মেন্টস, মন্ডল ইন্টিমেন্টস গার্মেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, এসরোটেক্স গার্মেন্টস, এমএইচসি গার্মেন্টস এবং মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানা।
দুই মহাসড়কে অবরোধ, পুলিশের টিয়ারশেল
বিক্ষোভ ছড়িয়ে পড়ে গাজীপুরের আরও কয়েকটি এলাকায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ী, শিরিরচালা ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। বিকাল ৩টার দিকে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় নতুন করে অবরোধ শুরু হলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিকাল পৌনে ৫টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।












