পরিবার নিয়ে সপ্তাহান্তের ছুটিতে বাড়ির বাইরে ছিলেন যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক। রাতে বাড়ির নিরাপত্তা অ্যালার্ম বেজে উঠলেও ফোনের বিরক্তি-নিরোধ ব্যবস্থা চালু থাকায় তিনি কিছুই জানতে পারেননি। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিরাপত্তা প্রতিষ্ঠানের একের পর এক বার্তা এবং প্রতিবেশীদের উদ্বিগ্ন ফোন পেয়ে জানতে পারেন, তাঁর বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা হয়েছে। এরপর শুরু হয় চার মাসের এক রহস্য অনুসন্ধান। এতে জড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বাড়ির নিরাপত্তা ক্যামেরা, ভাড়ায় গাড়ি নেওয়ার অ্যাপ এবং কিশোরদের একটি বিপজ্জনক অনলাইন চ্যালেঞ্জ।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। সাংবাদিক জুলি জারগনের বাড়িতে হামলার ঘটনাটি নিয়ে তাঁর লেখা প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বাড়ি ফাঁকা থাকার খবর জানল কে?
ঘটনার রাতে সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্বে ছিলেন। রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত তাঁর ফোনে বিরক্তি-নিরোধ ব্যবস্থা চালু থাকায় নিরাপত্তা প্রতিষ্ঠানের সতর্কবার্তাও নজরে আসেনি।
বাড়ির অ্যালার্ম বেজে ওঠার পর নিরাপত্তা প্রতিষ্ঠান পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে। একই সময়ে আরেকটি সূত্র থেকেও পুলিশ তথ্য পায়। বাড়ির কাছাকাছি জনমানবহীন অন্ধকার সড়কে দুই মুখঢাকা ব্যক্তিকে দেখে এক ভাড়ায় গাড়ি চালক তাঁদের নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ওই দুই ব্যক্তির জন্যই গাড়ি ডাকা হয়েছিল।
পরিবারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে—তাঁরা বাড়িতে নেই, এই তথ্য হামলাকারীরা জানল কীভাবে?
সাংবাদিক নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির কোনো ছবি প্রকাশ করেননি। তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টও ব্যক্তিগত ছিল। তবে কিশোরী মেয়ের স্ন্যাপচ্যাট ব্যবহার নিয়ে তাঁর মনে সন্দেহ তৈরি হয়। মেয়ের অবস্থান শনাক্ত করার সুবিধা চালু না থাকলেও বন্ধুদের মাধ্যমে ছুটির খবর বা ছবি অন্যদের কাছে পৌঁছে যেতে পারে।
দরজায় লাথি, রেখে গেছে জুতার ছাপ
বাড়িতে ফিরে তাঁরা দেখেন, পেছনের দরজাটি প্রচণ্ড আঘাতে ভেঙে গেছে। কাঠের চৌকাঠের বড় অংশ ফেটে যাওয়ায় দরজাটি আর তালাবদ্ধ করার উপযোগী ছিল না। পুলিশ সাময়িক নিরাপত্তার জন্য দরজার সামনে একটি সোফা ঠেকিয়ে রেখেছিল।
পরে তদন্তকারীরা জানান, হামলাকারীরা সম্ভবত পেছন ফিরে জোরে লাথি মারার একটি কৌশল ব্যবহার করেছিল। এ ধরনের আঘাত সরাসরি সামনে থেকে লাথি মারার চেয়ে বেশি শক্তিশালী হতে পারে। দরজার বাইরের দিকে নিচের দিকে মুখ করা জুতার ছাপও পাওয়া যায়, যা তদন্তকারীদের ধারণাকে সমর্থন করে।
পুলিশের ধারণা, অ্যালার্মের বিকট শব্দে হামলাকারীরা ভয় পেয়ে পালিয়ে যায়। বাড়িতে ঢোকার বা কোনো জিনিসপত্র চুরি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তবে দরজার ক্ষতি ছিল ব্যাপক।
টিকটকের বিপজ্জনক চ্যালেঞ্জের সূত্র
ঘটনার পর প্রতিবেশীদের কাছ থেকে সাংবাদিক জানতে পারেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় কিশোরদের মধ্যে ছড়িয়ে পড়েছে একটি বিপজ্জনক টিকটক চ্যালেঞ্জ। এতে দলবদ্ধভাবে বাড়ির দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করা হয় এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
দক্ষিণ ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ বিভাগ এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তাও দিয়েছিল। একই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার আরভিন শহরেও ধারাবাহিকভাবে দরজায় হামলার ঘটনার পর পুলিশ সতর্কতা জারি করে।
সাংবাদিকের সন্দেহ আরও জোরালো হয়, যখন তিনি মেয়ের কাছে জানতে পারেন, কয়েকজন কিশোর সম্প্রতি তাঁদের বাড়িতে এসে ঘণ্টা বাজিয়ে পালিয়ে যাওয়ার পুরোনো দুষ্টুমিতে অংশ নিয়েছিল। মেয়ের কাছ থেকে একটি নাম শোনার পর তদন্তকারীদের প্রতিক্রিয়াও তাঁর নজরে পড়ে।
তদন্তকারীদের সম্মতিতে মেয়ে স্ন্যাপচ্যাটে পরিচিতদের কাছে তথ্য জানতে চায়। কয়েক দিনের মধ্যেই বিভিন্ন সূত্র থেকে কিছু তথ্য আসতে শুরু করে। পাশাপাশি সাংবাদিক নেক্সটডোরে প্রতিবেশীদের কাছে তাঁদের বাড়ির আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ জানান।
পুলিশও আশপাশের বাড়িগুলোতে গিয়ে ক্যামেরার ভিডিও সংগ্রহ করে। এক প্রতিবেশীর গ্যারেজে লাগানো আলোযুক্ত নিরাপত্তা ক্যামেরায় দুই কিশোরকে বাড়ির সামনে দিয়ে হেঁটে রাস্তা পার হতে দেখা যায়। অ্যালার্ম বাজার ঠিক আগেই তারা সেখানে ছিল।
চার মাস পর তদন্তে অগ্রগতি
ঘটনার চার মাস পর প্রধান তদন্তকারী কর্মকর্তা জানান, তদন্তে পর্যাপ্ত ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ পাওয়া গেছে। পুলিশ মামলাটি স্থানীয় সরকারি কৌঁসুলির কার্যালয়ে পাঠিয়েছে। একজন কিশোরের বিরুদ্ধে গুরুতর সম্পত্তি ধ্বংসের অভিযোগ এবং অন্যজনের বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে।
ঘটনাটি পরিবারটির ওপর মানসিক প্রভাবও ফেলেছে। ছোট ছেলে কিছুদিন রাতে ভয় পেত। বড় ছেলে বাড়ির দরজা-জানালা তালাবদ্ধ রাখার বিষয়ে আগের চেয়ে বেশি সতর্ক হয়ে ওঠে। আর ক্ষতিগ্রস্ত দরজা মেরামতের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩০০ ডলারের বেশি।
বাড়ির নিরাপত্তায় কী করবেন?
এ ধরনের ঘটনা এড়াতে কয়েকটি সতর্কতা জরুরি। ছুটিতে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের ছবি প্রকাশ না করাই ভালো। বাড়ি ফেরার পর সেসব ছবি প্রকাশ করা যেতে পারে। সন্তানদেরও নিজেদের অবস্থান বা পরিবারের বাইরে থাকার তথ্য প্রকাশ না করার বিষয়ে সচেতন করতে হবে।
বাড়ির প্রবেশপথে দরজার ক্যামেরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দেয়ালে স্থাপন করা চলাচল শনাক্তকারী ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। বাড়ির চারপাশের কোন কোন জায়গা ক্যামেরার আওতার বাইরে রয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।
এ ছাড়া বাড়ির পাশের ফটক তালাবদ্ধ রাখা, বিশেষ করে ছুটিতে যাওয়ার আগে অতিরিক্ত তালা ব্যবহার করা, অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে কার্যকর হতে পারে।
ডিজিটাল প্রযুক্তি দৈনন্দিন জীবনকে সহজ করলেও ব্যক্তিগত তথ্যের অসতর্ক ব্যবহার কখনো কখনো নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। একটি ছুটির ছবি, সন্তানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা অবস্থান শনাক্তের তথ্য—সবই বাড়ি ফাঁকা থাকার খবর অন্যের কাছে পৌঁছে দিতে পারে। তাই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির পাশাপাশি ব্যক্তিগত তথ্য ব্যবহারে সচেতনতাও জরুরি।












